New Update Of Rahul's Death

ধারাবাহিকেও ছিল জলে ডুবে নায়কের মৃত্যু? সেই দৃশ্যের শুটেই কি সমুদ্রে নেমেছিলেন রাহুল?

রাহুলের মৃত্যুরহস্য নিয়ে নিরন্তর কাটাছেঁড়া চলছেই। প্রতি দিনই উঠে আসছে নানা প্রশ্ন, তথ্য, গুঞ্জন। বুধবার তেমনই এক গুঞ্জনে শোরগোল টেলিপাড়ায়।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ০১ এপ্রিল ২০২৬ ২১:৩৯
চিত্রনাট্যেই লেখা ছিল জলে ডুবে মৃত্যু হবে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের?

চিত্রনাট্যেই লেখা ছিল জলে ডুবে মৃত্যু হবে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের? ছবি: সংগৃহীত।

রবিবার, ২৯ মার্চ প্রয়াত অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। খবর, তালসারিতে ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের আউটডোর শুটিং করতে গিয়ে সমুদ্রে তলিয়ে যান তিনি।

Advertisement

হিসাব বলছে, রাহুলের মৃত্যুর তিন দিন পার। তার পরেও অভিনেতার মৃত্যুরহস্য নিয়ে কাটাছেঁড়া চলছেই। প্রতি দিনই উঠে আসছে নানা প্রশ্ন, তথ্য, গুঞ্জন। বুধবার তেমনই এক গুঞ্জনে শোরগোল টেলিপাড়ায়। শোনা যাচ্ছে, ধারাবাহিকের চিত্রনাট্য মেনেই নাকি রবিবার শুটিং হয়েছে। মধুচন্দ্রিমায় গিয়ে জলে ডুবে মৃত্যু হবে নায়ক ‘উজান’ ওরফে রাহুলের। ধারাবাহিকে নাকি এমনই দৃশ্য দেখানো হবে— পূর্বপরিকল্পিত ছিল। সেই অনুযায়ীই গভীর জলে শুটিং করছিলেন ধারাবাহিকের নায়ক-নায়িকা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় এবং শ্বেতা মিশ্র। মাত্র একজন নুলিয়া নাকি উপস্থিত ছিলেন শুটিংস্থলে। নিরাপত্তার আর কোনও ব্যবস্থাই ছিল না সেখানে। এমনকি স্থানীয় থানা থেকেও সমুদ্রে শুটিংয়ের জন্য অনুমতি নেওয়া হয়নি।

এই তথ্য ছড়িয়েছে নাকি ধারাবাহিকের প্রযোজনা সংস্থা ‘ম্যাজিক মোমেন্টস’-এর অন্দর থেকেই!

গুঞ্জনের সত্যাসত্য যাচাই করতে আনন্দবাজার ডট কম যোগাযোগের চেষ্টা করেছিল ধারাবাহিকের কাহিনি এবং চিত্রনাট্যকার লীনা গঙ্গোপাধ্যায়ের সঙ্গে। ফোনে তাঁকে পাওয়া যায়নি। লীনাকে হোয়াটঅ্যাপে বার্তাও পাঠানো হয়। খবর প্রকাশের আগে পর্যন্ত তাঁর তরফ থেকে কোনও জবাব মেলেনি। যদিও শুরু থেকেই তিনি বলে এসেছেন, তাঁর লেখা চিত্রনাট্যে গভীর জলে নেমে শুট করার কোনও দৃশ্য লেখা ছিল না। ধারাবাহিকের পরিচালক শুভাশিস মণ্ডল জানান, রাহুলই নাকি জলে নেমে কিছু দৃশ্য শুটিংয়ের অনুরোধ জানিয়েছিলেন। যদিও মাসখানেক আগে রাহুল এক সাক্ষাৎকারে আনন্দবাজার ডট কমকে বলেছিলেন, “লীনাদির গল্পে আমাদের কিচ্ছু করতে হয় না। শুধু চরিত্রকে জীবন্ত করা ছাড়া। বাকিটা দিদিই সাজিয়ে দেন।” সদ্যপ্রয়াত নায়ক শুধুই কাহিনি-চিত্রনাট্যকারকেই অনুসরণ করেন।

রাহুল জলে নেমে শুটিংয়ের অনুরোধ জানিয়েছিলেন, এই বক্তব্য প্রযোজনা সংস্থার তরফ থেকে জানানোর পাশাপাশি উঠে এসেছিল আরও একটি তথ্য। এক ভিডিয়ো ঝলকে মানসিক ভাবে বিপর্যস্ত ধারাবাহিকের নায়িকা ‘কুইন’ ওরফে শ্বেতা জানিয়েছিলেন, তিনি এবং রাহুল উভয়েই জলের গভীরে গিয়ে শুটিং করছিলেন। তিনিও জলে পড়ে যান। উপস্থিত বাকিদের সহযোগিতায় জল থেকে উঠে আসেন। কেবল উঠতে পারেননি রাহুল!

বুধবার কেন এই ধরনের গুঞ্জনে তোলপাড় টেলিপাড়া? তার নেপথ্যেও নাকি প্রযোজনা সংস্থার একাধিক ধারাবাহিকের গল্প। টেলিপাড়া মনে করাচ্ছে ‘ধুলোকণা’-সহ একাধিক ধারাবাহিকে নায়কের মৃত্যু হয়। বিধবা হয় নায়িকা। তার জীবনে আবার ফিরে আসে পুরনো প্রেম। ধারাবাহিক ‘ভোলে বাবা পার করেগা’তেও নাকি সেই গল্পই দেখানোর কথা ভাবা হয়েছিল। কারণ, ধারাবাহিকে নায়িকা ‘কুইন’-এর পূর্বপ্রেম ছিল। বাড়ির অমতে তার সঙ্গে বিয়ে হয়নি নায়িকার। বদলে সম্বন্ধ করে সাতপাকে বাঁধা পড়ে চিকিৎসক উজানের সঙ্গে। ফলে, নায়ক-নায়িকার মনের মিল ছিল না। নায়িকার পুরনো প্রেমকে ফেরাতেই নায়ক জলে ডুবে মারা যাবে, এ ভাবেই নাকি লেখা হয়েছিল চিত্রনাট্য।

তাই তালসারির আউটডোর শুটিংয়ে ‘কুইন’-এর প্রাক্তন প্রেমিককেও শুটে অংশ নিতে দেখা গিয়েছে। এই চরিত্রে অভিনয় করছেন সিদ্ধার্থ সেন।

পাশাপাশি, টেলিপাড়ায় এ কথাও শোনা গিয়েছে, লীনার খুব প্রিয় ছিলেন রাহুল। তিনি নিজেও বুঝতে পারেননি, এ ভাবে হারিয়ে যাবেন তাঁর প্রিয় অভিনেতা। রাহুলের মৃত্যুর তিন দিন পরে এক বিবৃতিতে প্রযোজনা সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, নিরপেক্ষ তদন্তের স্বার্থে তিনি মহিলা কমিশনের চেয়ারপার্সন পদ থেকে ইস্তফা দিতে চান।

Advertisement
আরও পড়ুন