TRP Rating

নির্বাচনের আবহে প্রথম স্থান হারাল ‘পরিণীতা’, টিআরপি-তেও পালাবদল? শীর্ষে কোন কাহিনি?

এক মাস আগেও চিত্রটা ছিল অন্যরকম। শীর্ষে থাকা ধারাবাহিকের ঝুলিতে অন্তত সাত-এর ঘরে নম্বর দেখা যেত। কিন্তু, এই এক মাসে সেই নম্বর ক্রমাগত কমছে।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ০৭ মে ২০২৬ ১৫:৩০
টিআরপি-তে প্রথম স্থান হারাল ‘পরিণীতা’!

টিআরপি-তে প্রথম স্থান হারাল ‘পরিণীতা’! ছবি: সংগৃহীত।

৪ মে প্রকাশিত হয়েছে বিধানসভা নির্বাচনের ফল। তার পর থেকে বিভিন্ন মহলে বিভিন্ন মত। রাজনীতিতে পালাবদলের আবহে রীতিমতো ধস স্টুডিয়োপাড়ায়। ছোটপর্দায় প্রায় সব ধারাবাহিকের নম্বর একধাক্কায় কমে গিয়েছে অনেকটা। এমনিই গত কয়েক সপ্তাহ ধরে টেলিপাড়ার প্রায় সব ধারাবাহিকেরই নম্বরের গ্রাফ নিম্নমুখী। এই সপ্তাহে প্রথম স্থানে থাকা ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৫.১।

Advertisement

এক মাস আগেও চিত্রটা ছিল অন্যরকম। শীর্ষে থাকা ধারাবাহিকের ঝুলিতে অন্তত সাত-এর ঘরে নম্বর দেখা যেত। কিন্তু, এই এক মাসে সেই নম্বর ক্রমাগত কমছে। এই সপ্তাহে প্রথম স্থান পেয়েছে ‘তারে ধরি ধরি মনে করি’। তাদের প্রাপ্ত নম্বর ৫.১। এত দিন ধরে প্রথমে থাকা অনেক ধারাবাহিকই এ বার প্রথমের দিকে নেই। বরং এই টালমাটাল অবস্থায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে ‘ও মোর দরদিয়া’। এই ধারাবাহিকের নাম এত দিন দেখা যেত পঞ্চমে বা চতুর্থ স্থানে। এই সপ্তাহে তারা রয়েছে দ্বিতীয় স্থানে। পেয়েছে ৪.৬। অর্থাৎ প্রথম ও দ্বিতীয় স্থানে থাকা ধারাবাহিক দু’টির প্রাপ্ত নম্বরেও বেশ অনেকটাই ফারাক।

এ বার তৃতীয় স্থানে নেমে গিয়েছে ‘পরিণীতা’। নির্বাচনের আবহে পারুল-রায়ানের জনপ্রিয়তাও বিশেষ লাভ করতে পারেনি! নম্বর কমেছে অনেকটাই। তাদের প্রাপ্ত নম্বর ৪.৫। প্রতিযোগিতায় নেই ‘পরশুরাম আজকের নায়ক’ও। চতুর্থ স্থানে উঠে এসেছে ‘কুসুম’। নায়ক-নায়িকার প্রেম যে অনুরাগীদের ভাল লাগছে, নম্বর দেখেই তা আন্দাজ করা যায়। এই সপ্তাহে তারা পেয়েছে ৪.৪। ‘রাঙামতি তীরন্দাজ’ এই সপ্তাহে রয়েছে পঞ্চম স্থানে। তাদের প্রাপ্ত নম্বর ৪.২। যদিও বিশেষ পর্বের জন্য এই সপ্তাহে অনেকগুলো ধারাবাহিকের কাহিনি মিলিয়ে একসঙ্গে সম্প্রচার করা হয়েছিল। যার মধ্যে ছিল ‘ঘূর্ণি’, ‘প্রফেসর বিদ্যা ব্যানার্জি’-সহ বেশ কিছু ধারাবাহিক।

Advertisement
আরও পড়ুন