Is Sneha Returning Television

খলনায়িকার চরিত্রে অভিনয়ের ডাক পেয়েছিলেন, তার পরেও ‘চিরদিনই তুমি যে আমার’-এ নেই স্নেহা!

স্নেহাও রাজি ছিলেন অভিনয়ে। তার পরেও কী কারণে তাঁকে দেখা গেল না ধারাবাহিকে?

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ০২ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:৪৫
স্নেহা চট্টোপাধ্যায়।

স্নেহা চট্টোপাধ্যায়। ছবি: ফেসবুক।

স্নেহা চট্টোপাধ্যায় কি ছোটপর্দা থেকে সাময়িক বিরতি নিলেন? ধারাবাহিক ‘চিরদিনই তুমি যে আমার’-এ খলনায়িকার চরিত্রে অভিনয়ের কথা ছিল তাঁর। তবু নেই তিনি। কেন? প্রশ্নের জবাবে আনন্দবাজার ডট কম-এর কাছে কী বললেন অভিনেত্রী?

Advertisement

জনপ্রিয় ধারাবাহিকে কেন দেখা গেল না তাঁকে? সে বিষয়ে স্নেহার দাবি, ছোটখাটো কিছু সমস্যা দেখা দিয়েছিল। সেই কারণেই কাজের ডাক পেয়েও অভিনয় করা হল না তাঁর। “সময় নিয়ে সমস্যাই বড়। আমার সময়ের সঙ্গে প্রযোজনা সংস্থার সময় মিলছিল না। ফলে, লুক সেটেই হাজিরা দিতে পারিনি।” কিছু দিন আগে শেষ হয়েছে তাঁর আগের ধারাবাহিক ‘রাণী ভবানী’। “সেখানে আমার অভিনীত চরিত্রটি বেশ পছন্দসই ছিল। সেই রেশ থেকে বেরনোরও তো সময় চাই! আমরা চাইলেই সঙ্গে সঙ্গে একটি চরিত্র থেকে বেরিয়ে অন্য একটি চরিত্রে প্রবেশ করতে পারি না। আমাদের একটু সময় লাগে।”

তবে আবার খলনায়িকা চরিত্রে ডাক পেয়েছিলেন বলে রাজি হননি। এমনটাও যে নয়, সে কথা জানাতে ভোলেননি স্নেহা। তাঁর কথায়, “অভিনেতাদের কাছে যে কোনও চরিত্রই গুরুত্বপূর্ণ। কারণ, অভিনয় আমাদের পেশা। তাই ভাল-মন্দ যেমনই চরিত্র দেওয়া হোক, আমি মন দিয়ে অভিনয় করার চেষ্টা করি।” অভিনেতাদের পেশাজীবন প্রতি মুহূর্তে অনিশ্চিত। যে কোনও সময় যে কোনও কাজ হাতছাড়া হয়ে যায় বন্ধ হয়ে যায় ধারাবাহিক। সেখানে কাজের সুযোগ পেয়েও হারালেন অভিনেত্রী। একটু কি আফসোস হচ্ছে? প্রচুর লড়াই করে এগিয়ে চলা স্নেহা নিজের উপরে ভরসা হারাতে রাজি নন। তাই তিনি মনে করেন, “এত তাড়াতাড়ি ভেঙে পড়ার কিছু নেই। বিশ্বাস, আবার কাজ পাব।” একটু থেমে যোগ করেছেন, “ছোটপর্দা তাঁকে জনপ্রিয়তা, পরিচিতি দিয়েছে। তাই ছোটপর্দা ছেড়ে যাব কোথায়?”

Advertisement
আরও পড়ুন