সলমন খান কি ফারহান আখতার-রণবীর সিংহয়ের দ্বন্দ্ব মেটাতে পারবেন? ছবি: সংগৃহীত।
‘ডন ৩’-র ভবিষ্যৎ নিয়ে যখন জল্পনা তুঙ্গে, তখনই বলিউডে নয়া গুঞ্জন। শোনা যাচ্ছে, ফরহান আখতার-রণবীর সিংহের মধ্যে মধ্যস্থতা করতে চলেছেন খোদ সলমন খান! কেন হঠাৎ নিজে যেচে এই পদক্ষেপ করতে চলেছেন ‘ভাইজান’? রটনা, সলমনের বাবা সেলিম খানের পছন্দের মানুষ ফরহান। একই ভাবে ভাইজান পছন্দ করেন রণবীরকে। সব মিলিয়েই দ্বন্দ্ব মেটাতে উদ্যোগী তিনি!
বিষয়টি বুঝতে হলে অতীত ফিরে দেখতে হবে। একদা সেলিম খান আর জাভেদ আখতার ছিলেন হরিহর আত্মা। ‘শোলে’-সহ অনেক কালজয়ী ছবির চিত্রনাট্যকার এই জুটি। ব্যক্তিগত কারণে সেই বন্ধুত্বে ফাটল ধরেছিল। তখন পরস্পরের মুখও দেখতেন না তাঁরা। কোভিড তাঁদের ফের মিলিয়েছে। ওই সময়ে জাভেদের দুই সন্তান ফরহান এবং জ়োয়া এক ওটিটি প্ল্যাটফর্মের জন্য ডকুমেন্টারি মিনি সিরিজ় ‘অ্যাংরি ইয়ং মেন’ বানিয়েছিলেন। সিরিজ়টি তৈরি হয়েছিল সেলিম-জাভেদের জীবন, বন্ধুত্ব, বিচ্ছেদ নিয়ে। তথ্যচিত্রটি প্রযোজনা করে ফরহান-জ়োয়া এবং সলমনের প্রযোজনা সংস্থা। সেই সূত্রে দুই পরিবার ফের কাছাকাছি।
তখনই সেলিম নাকি উপলব্ধি করেন, তাঁর বন্ধুর সন্তানেরা যথেষ্ট সৎ এবং পরিশ্রমী। খুব অল্প সময়ে তাঁরা সেলিমের স্নেহের পাত্র হয়ে ওঠেন। প্রযোজনার সূত্রে ঘনিষ্ঠ হন সলমন-ফরহান। এর পাশাপাশি সলমন বিশেষ স্নেহ করেন রণবীরকেও। ‘ধুরন্ধর’-এর সাফল্য কী ভাবে নায়ককে প্রতি মুহূর্তে ‘সমস্যা’র মুখোমুখি করছে, তা-ও নজরে আছে ভাইজানের। সম্প্রতি, ‘ডন ৩’ থেকে নিজেকে সরিয়ে নেওয়ার কারণে রণবীরকে ‘নিষিদ্ধ’ ঘোষণা করেছে ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ। এ দিকে ইন্ডাস্ট্রির কেউ কোনও সমস্যার মুখে পড়লে সব সময়েই তাঁদের পাশে সলমন থাকেন।
গুঞ্জন, সব মিলিয়েই ফরহান-রণবীর দ্বন্দ্ব মেটাতে আগ্রহী ‘তেরে নাম’-খ্যাত নায়ক। প্রসঙ্গত, চিত্রনাট্য, সংলাপ এবং অ্যাকশন দৃশ্য অপছন্দের কারণেই নাকি ‘ডন ৩’ থেকে নিজেকে সরিয়ে নেন রণবীর। অন্য দিকে, ফরহানও তাঁর ‘ডন’ ফ্র্যাঞ্চাইজ়ির ঐতিহ্য ভাঙতে রাজি নন। এ দিকে সলমনের মত, ইন্ডাস্ট্রির মানুষদের মধ্যে যত মতপার্থক্যই থাকুক না কেন, তা নিজেদের মধ্যেই মিটিয়ে নেওয়া উচিত। তাঁর আরও যুক্তি, বলিউড একটি পরিবার। পারিবারিক সমস্যা জনসমক্ষে না আসাই কাম্য। কিন্তু, তাতেও কি দ্বন্দ্ব আদৌ মিটবে? উত্তরের অপেক্ষায় অনুরাগীরাও।