‘ব্রাশের মতো’ অন্ত্র পরিষ্কার করে পেটের স্বাস্থ্য ভাল রাখবে তিন বীজ, কী ভাবে কাজ করবে?

বীজের গুণেই পরিষ্কার হবে পেট। ভাল থাকবে স্বাস্থ্য। কী ভাবে কাজ করবে বীজগুলি?

Advertisement
শেষ আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:০৮

তিসি, চিয়া, তুলসীর বীজ—দৈনন্দিন খাদ্যতালিকায় জুড়ছেন অনেকেই। সামগ্রিক ভাবে শরীর ভাল রাখতে কাজ করে বীজগুলি। তবে পেট পরিষ্কারে, পেটফাঁপা, বদহজমের সমস্যা কমাতেও এগুলি কাজ করে। এমসে প্রশিক্ষিত চিকিৎসক সৌরভ শেট্টির কথায়, ‘‘পেট পরিষ্কারে বীজ কাজ করবে কিছুটা ব্রাশের মতোই।’’

Advertisement

চিয়াবীজ

সলিউবল ফাইবারে পরিপূর্ণ থাকে চিয়া। বীজটি জলে ভেজানো হলে জল টেনে ফাইবার নরম হয়ে যায়, জেলের মতো পদার্থে পরিণত হয়। ভেজানো চিয়াবীজ খেলে, রক্তে শর্করা শোষণের মাত্রা কমে যায়। কোনও খাবার খাওয়ার পরে দ্রুত শর্করার মাত্রা বেড়ে যাওয়া স্বাস্থ্যকর নয়, বিশেষত ডায়াবেটিকদের জন্য তা আরও বেশি ক্ষতিকর। চিয়াবীজ সেই কাজেই বাধা দেয়। পেটের ভিতরে অসংখ্য অনুজীব থাকে। তাদের মধ্যে বেশ কিছু থাকে যারা উপকারী। চিয়ার জেল তাদের খাদ্য হয়ে ওঠে। তা ছাড়া, ফাইবারে পূর্ণ পিচ্ছিল জেল পেট পরিষ্কারে সাহায্য করে, কোষ্ঠ নরম রাখে।

কী ভাবে খাবেন?

১ টেবিল চামচ চিয়াবীজ কাঠবাদামের দুধ বা ইয়োগার্ট কিংবা টক দইয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখে খেতে পারেন।

তিসি বীজ

ছোট্ট শক্ত দানার মতো বীজটি কম শক্তিশালী নয়। এতে থাকে ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিড এএলএ(আলফা লিনোনিক অ্যাসিড), যা শক্তিশালী অ্যান্টি-অক্সিড্যান্ট। এটি শরীরে তৈরি হওয়া অক্সিডেটিভ স্ট্রেস কমাতে সাহায্য করে।

তিসির বীজ হরমোনের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে।

পেটফাঁপা বা বদ হজমের সমস্যাও কমায়।

কোলেস্টেরল বশে রাখতেও সহায়ক।

কী ভাবে খাবেন

১ টেবিল চামচ গুঁড়ো তিসি বীজ টকদই বা স্মুদিতে মিশিয়ে খাওয়া ভাল।

তুলসীর বীজ

হিন্দিতে একে বলা হয় সবজা। পেট ঠান্ডা রাখতে শরবতে তুলসীর বীজের ব্যবহার একেবারেই নতুন নয়। এটি হজমে সহায়ক। ফাইবারে পূর্ণ বীজটি কোষ্ঠ পরিষ্কারেও সাহায্য করে।

কী ভাবে খাবেন

পাতিলেবু-পুদিনার শরবতে মিশিয়ে কিংবা টক দইয়ে বা দুধে মিশিয়ে এটি খাওয়া যায়।

Advertisement
আরও পড়ুন