jute mills opening

শ্রম দফতরের উদ্যোগে আরও তিনটি জুট মিল খুলছে রাজ্যে, কাজে ফিরবেন প্রায় সাড়ে সাত হাজার শ্রমিক

মঙ্গলবার নবমহাকরণে শ্রম দফতরের অনুষ্ঠিত বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠকে ব্যারাকপুর অঞ্চলের বন্ধ থাকা বরানগর জুট মিল, জগদ্দল জুট ইন্ডাস্ট্রিজ এবং এমকো জুট মিলের মালিকপক্ষ ও শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা যোগ দেন।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ০১ জুলাই ২০২৬ ০০:৫১
Three more jute mills are opening in the state; 7,500 workers will return to work

শ্রম দফতরে জুট মিল মালিক, ইউনিয়ন এবং আধিকারিকদের সঙ্গে শ্রম দফতরের মন্ত্রী অর্জুন সিংহ। মঙ্গলবার নিউ সেক্রেটারিরয়েট বিল্ডিংয়ে । —নিজস্ব চিত্র।

রাজ্যে বন্ধ থাকা আরও তিনটি জুট মিল আগামী দুই থেকে তিন দিনের মধ্যেই খুলে যাওয়ার সিদ্ধান্ত হয়েছে। শ্রমমন্ত্রী অর্জুন সিংহের উপস্থিতিতে মঙ্গলবার নবমহাকরণে শ্রম দফতরের অনুষ্ঠিত বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠকে ব্যারাকপুর অঞ্চলের বন্ধ থাকা বরানগর জুট মিল, জগদ্দল জুট ইন্ডাস্ট্রিজ এবং এমকো জুট মিলের মালিকপক্ষ ও শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা যোগ দেন।

Advertisement

শ্রম দফতর সূত্রে জানা গিয়েছে, এই তিনটি মিল চালু হলে প্রায় সাড়ে সাত হাজার শ্রমিক পুনরায় কাজে ফিরতে পারবেন। দীর্ঘ দিন বন্ধ থাকার ফলে কর্মহীন হয়ে পড়া বহু শ্রমিক ও তাঁদের পরিবারের কাছে এই সিদ্ধান্ত স্বস্তির বার্তা নিয়ে এসেছে। শ্রমমন্ত্রী অর্জুন জানান, পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী আগামী ১০ জুলাইয়ের মধ্যে রাজ্যের বন্ধ থাকা সমস্ত জুট মিল পুনরায় চালু করার লক্ষ্যে সরকার কাজ করছে। শ্রম কমিশনারেটের উদ্যোগে মালিকপক্ষ ও শ্রমিক সংগঠনের সঙ্গে ধারাবাহিক আলোচনার ফলেই একের পর এক মিল খুলতে শুরু করেছে বলে তিনি উল্লেখ করেন। সরকারের দাবি, শিল্প পুনরুজ্জীবনের এই উদ্যোগে একদিকে যেমন শ্রমিকদের কর্মসংস্থান নিশ্চিত হবে, অন্য দিকে জুট শিল্পও নতুন গতি পাবে।

বৈঠকে উপস্থিত ছিলেন বিশেষ শ্রম কমিশনার আশিস সরকার, অতিরিক্ত শ্রম কমিশনার রজত পাল, ব্যারাকপুরের ডেপুটি শ্রম কমিশনার মনোজ সাহা এবং সহকারী শ্রম কমিশনার হৃত্বিক মুখোপাধ্যায়। দীর্ঘ আলোচনার পর সিদ্ধান্ত হয়, মিল কর্তৃপক্ষ বুধবার আনুষ্ঠানিক নোটিস জারি করবেন। প্রথম পর্যায়ে মিলগুলিতে রক্ষণাবেক্ষণের কাজ শুরু হবে। এরপর ধাপে ধাপে উৎপাদন প্রক্রিয়া চালু করা হবে।

Advertisement
আরও পড়ুন