Exercise tips at 70

৭০ বছরে জিমে গিয়ে কসরত করছেন ভিকি কৌশলের বাবা, ওই বয়সে এমন শরীরচর্চা কি নিরপদ?

ক্যানসার জয় করেছেন। এক সময়ে বলিউডের অ্যাকশন ডিরেক্টর ছিলেন। এখন ৭০ বছর বয়সেও তাঁর ফিটনেস দেখার মতো। ভিকি কৌশলের বাবা শ্যাম কৌশল জিমে গিয়ে শরীরচর্চা করেন নিয়মিত। এ বয়সে এমন শারীরিক কসরত কি নিরাপদ?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৯ এপ্রিল ২০২৬ ১৭:৪০
Action Director Sham Kaushals Inspiring Gym Transformation at 70

প্রবীণদের কী কী ব্যায়াম করা নিরাপদ? ফাইল চিত্র।

ক্যানসার জয় করে ফিরেছেন। এর পর থেকেই শারীরিক কসরতে বেশি মন দিয়েছেন অভিনেতা ভিকি কৌশলের বাবা শ্যাম কৌশল। এক সময়ে বলিউডের অ্যাকশন দৃশ্যের পরিচালক ছিলেন। তাঁর ফিটনেস বরাবরই দেখার মতো। শারীরিক অসুস্থতা শরীর ও মনে থাবা বসালেও হার মানেননি তিনি। ভিকি সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন, নিয়মিত জিমে গিয়ে রেজ়িস্ট্যান্স ট্রেনিং করেন তাঁর বাবা। কসরত করে ওজনও কমাচ্ছেন তিনি। কিন্তু কথা হল, ৭০ বছর বয়সি শ্যাম কৌশল যে ধরনের শরীরচর্চা করছেন, তা কি ওই বয়সিরা করতে পারেন? বার্ধক্যে পৌঁছে ব্যায়াম করতে হলে, কোনগুলি করা নিরাপদ?

Advertisement

রেজ়িস্ট্যান্স ব্যায়াম যা ভিকির বাবা করছেন, তা যে কোনও বয়সেই করা যায়। এতে সব সময়ে ভারী ওজন তোলার প্রয়োজন হয় না। পেট হাত ও পায়ের অতিরিক্ত মেদ কমাতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে রেজিস্ট্যান্স ব্যান্ড। এটি দিয়ে বহু রকমের শারীরিক কসরত করা যায়। প্রবীণদের জন্য এই ধরনের ব্যায়াম নিরাপদ। তবে করতে হবে শরীর বুঝে।

ব্যায়াম করছেন শ্যাম কৌশল।

ব্যায়াম করছেন শ্যাম কৌশল। ছবি: সংগৃহীত।

কী কী ব্যায়াম করা যেতে পারে?

ইলাস্টিক ব্যান্ড রোয়িং

একটি রেজ়িস্ট্যান্স ব্যান্ড শক্ত কিছু সঙ্গে আটকে দু’হাত দিয়ে পিছন দিকে টানতে হবে। এটি পিঠ, কাঁধ ও হাতের পেশি মজবুত করে। নিয়মিত করলে ফুসফুসের ব্যায়ামও হয়। বয়সকালে শরীরের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করবে এই ব্যায়াম।

ব্যান্ড পুল অ্যাপার্ট

বুক, ট্রাইসেপ ও পিঠের উপরের দিকের পেশিকে সুগঠিত করতে সাহায্য করে। দুই পায়ের মাঝে ব্যবধান রেখে দাঁড়াতে হবে। দু’হাত দিয়ে ব্যান্ডটি ধরে এমন ভাবে টানতে হবে, যাতে পিঠের পেশির সঙ্কোচন ও প্রসারণ হয়। এ ভাবে ৮ থেকে ১০ বার ব্যায়ামটি করতে হবে।

স্পিড কার্ল

দু’পাশে দু’হাতে হাতল দু’টি টেনে ধরে রাখতে হবে। এ বার কনুই থেকে হাত দু’টি ভাঁজ করে ব্যান্ডটি টেনে এক বার কাঁধ অবধি নিয়ে নিয়ে আসতে হবে ও আবার আগের জায়গায় ফিরে যেতে হবে। যত দ্রুত সম্ভব ২০-৩০ বার করে করতে হবে এই ব্যায়াম।

Advertisement
আরও পড়ুন