Sadhguru on potato

আলু খেলে না কি আলস্য আসে, দাবি করেছেন সদ্‌গুরু! এমন দাবি কতটা যুক্তিপূর্ণ?

অতিরিক্ত আলু খেলে শরীরের কর্মক্ষমতা কমে যেতে পারে। ব্যাঘাত ঘটতে পারে মনঃসংযোগেও। সদ্‌গুরুর এই দাবি কতটা সত্যি? তার নেপথ্যে আদপে কোনও বৈজ্ঞানিক যুক্তি রয়েছে কি?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৪ জুন ২০২৬ ১৯:২৪

ছবি: সংগৃহীত।

আলু ছাড়া বাঙালির হেঁশেল ভাবাই যায় না। আলুর দম থেকে শুরু করে বিরিয়ানির আলু—সব কিছুতেই এর অবাধ যাতায়াত। সম্প্রতি সদ্‌গুরু আলুর মতো কন্দজাতীয় সবজি নিয়ে একটি মন্তব্য করেছেন, যা নিয়ে আলুপ্রেমীরা পড়েছেন চিন্তায়। শুরু হয়েছে বিতর্কও।

Advertisement

আধ্যাত্মিক গুরুর মতে, অতিরিক্ত আলু খেলে শরীরের কর্মক্ষমতা কমে যেতে পারে। ব্যাঘাত ঘটতে পারে মনঃসংযোগেও। তাঁর সেই দাবি কতটা সত্যি? তার নেপথ্যে আদপে কোনও বৈজ্ঞানিক যুক্তি রয়েছে কি?

সদ্‌গুরু ঠিক কী বলছেন?

একটি ইনস্টাগ্রাম রিল-এ সদ্‌গুরুকে বলতে শোনা যাচ্ছে, ‘‘অতিরিক্ত আলু বা কন্দজাতীয় খাবার খেলে নাভির নীচে গ্যাস তৈরি হয়। ফলে শরীর ও মনের প্রাণশক্তি কমে যায়।’’ তাঁর মত, যাঁরা ধ্যান করেন কিংবা শিক্ষার্থী বা যাঁদের দীর্ঘ ক্ষণ মনোযোগ ধরে রাখতে হয়, তাঁরা আলু এড়িয়ে চললেই ভাল।

চিকিৎসাবিজ্ঞান কী বলছে?

গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডক্টর শুভম বাৎস্য বলছেন, সদ্‌গুরুর বক্তব্যের একটি সরল ব্যাখ্যা হতে পারে এক ধরনের হজমের সমস্যা। যেহেতু আলুতে প্রচুর পরিমাণে স্টার্চ বা শ্বেতসার থাকে, তাই অতিরিক্ত আলু খেলে অনেকেরই তা পুরোপুরি হজম হতে চায় না। তখন হজম না হওয়া স্টার্চ অন্ত্রে গিয়ে ফার্মেন্টেশন বা জারণ প্রক্রিয়ার মাধ্যমে গ্যাস বা পেট ফাঁপার মতো সমস্যা তৈরি করে। বিশেষ করে আলু যদি অতিরিক্ত ভাজা হয় বা প্রক্রিয়াজাত হয়, যেমন ফ্রেঞ্চ ফ্রাই বা চিপ্‌স ইত্যাদি, তবে তা থেকে সমস্যা হতে পারে। সবার ক্ষেত্রে না হলেও কারও কারও ক্ষেত্রে হতেই পারে।

চিকিৎসাবিজ্ঞানে ‘গাট-ব্রেন কানেকশন’ বলে একটি কথা আছে। যার মূল বক্তব্য হল, পেটের সঙ্গে মস্তিষ্কেরও গভীর সম্পর্ক রয়েছে। পেটে অনবরত অস্বস্তি হলে তা থেকে মানসিক চাপ ও খিটখিটে মেজাজ তৈরি হতে পারে। তাছাড়া শরীর যদি অনবরত গ্যাস ও পেটের অস্বস্তির সঙ্গে লড়াই করতে থাকে, তবে শরীরের শক্তি বা এনার্জি সেই অস্বস্তি কমাতেই খরচ হয় বেশি। ফলে স্বাভাবিক ভাবেই ক্লান্তি নামে দ্রুত। যা পরোক্ষে পড়াশোনা বা কাজের মনোযোগ নষ্ট করতে পারে।

তবে কি আলু খাওয়া বন্ধ করা উচিত?

হজমশক্তি প্রত্যেকের আলাদা, তাই তার প্রভাবও ব্যক্তিবিশেষে আলাদা আলাদা হবে। তবে, আলু সরাসরি বুদ্ধি বা মনোযোগ কমায় না। অতিরিক্ত বা অস্বাস্থ্যকর উপায়ে খেলে যে কোনও খাবারই সমস্যা তৈরি করতে পারে। আলুও তার ব্যতিক্রম নয়। যা থেকে আসলে মনোযোগের সমস্যা হতে পারে, তা হল শারীরিক অস্বস্তি। তাই একই সমস্যা অন্য অস্বাস্থ্যকর খাবার খেলেও হতে পারে।

Advertisement
আরও পড়ুন