Thalapathy Vijay

বিচ্ছেদ নয়, স্ত্রীর সঙ্গে মীমাংসার পথে হাঁটছেন ‘তলপতি’ বিজয়? সব সমস্যা ভুলে জোড়া লাগছে তাঁদের সম্পর্ক?

শোনা যাচ্ছে, দম্পতির মধ্যে দূরত্ব কমানোর চেষ্টা চলছে এবং তাঁরা সব মিটমাট করে সম্পর্ক জোড়া লাগানোর পথে হাঁটতে পারেন। যদিও ১৫ জুন তাঁদের বিবাহবিচ্ছেদের মামলার শুনানি হওয়ার কথা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৪ জুন ২০২৬ ২০:৩৮
সম্পর্ক জোড়া লাগছে বিজয় ও তাঁর স্ত্রীর?

সম্পর্ক জোড়া লাগছে বিজয় ও তাঁর স্ত্রীর? ছবি: সংগৃহীত।

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হয়েছেন ‘তলপতি’ বিজয়। তবে বিধানসভা নির্বাচনের বেশ কয়েক মাস আগে থেকেই খবরের শিরোনামে তিনি। শোনা গিয়েছিল, বিবাহবিচ্ছেদের পথে হাঁটছেন তিনি ও তাঁর স্ত্রী সঙ্গীতা সোরনালিঙ্গম। বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগে বিবাহবিচ্ছেদের মামলা দায়ের করেছেন সঙ্গীতা, এমনও শোনা গিয়েছিল। এর মধ্যে অভিনেত্রী তৃষা কৃষ্ণনের সঙ্গেও গুঞ্জন ছড়ায় বিজয়ের। কিন্তু খবর ছড়িয়েছে, স্ত্রীর সঙ্গেই নাকি মীমাংসার পথে হাঁটছেন বিজয়।

Advertisement

শোনা যাচ্ছে, দম্পতির মধ্যে দূরত্ব কমানোর চেষ্টা চলছে এবং তাঁরা সব মিটমাট করে সম্পর্ক জোড়া লাগানোর পথে হাঁটতে পারেন। যদিও ১৫ জুন তাঁদের বিবাহবিচ্ছেদের মামলার শুনানি হওয়ার কথা। একাধিক সূত্রের তরফে সংবাদমাধ্যমকে জানানো হয়েছে, বিজয় ও সঙ্গীতার মধ্যে সমস্যা মিটিয়ে নেওয়ার জন্য আলোচনা চলছে। যদিও দু’পক্ষের কেউই এ বিষয়ে আনুষ্ঠানিক ভাবে কিছু জানাননি।

এ-ও শোনা যাচ্ছে যে, বিজয়ের মা শোভা চন্দ্রশেখর দু’পক্ষের মধ্যে যোগাযোগ করিয়ে সমস্যা মেটানোর চেষ্টা করছেন। তবে এই দাবিগুলির কোনও নিশ্চিত প্রমাণ এখনও প্রকাশ্যে আসেনি।

একটা সময়ে সঙ্গীতাকে বেশ কিছু গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে দেখা যায়নি। বিজয় ও সঙ্গীতার দাম্পত্যজীবনের সমস্যা নিয়ে গুঞ্জন শুরু হয় তখনই। এর মধ্যে ছিল বিজয়ের রাজনৈতিক প্রচারও। জানা গিয়েছে, চলতি বছরের শুরুতেই নাকি তাঁরা বিবাহবিচ্ছেদের আবেদন করেছিলেন। আবেদনে দু’জনের মধ্যে মতপার্থক্যের কথা উল্লেখ করা হয়েছে। তবে বিজয় বা সঙ্গীতা কেউই প্রকাশ্যে এই মামলা নিয়ে কোনও কথা বলেননি।

বিবাহবিচ্ছেদের মামলায় ১৫ জুন গুরুত্বপূর্ণ শুনানি হওয়ার কথা। জানা যাচ্ছে, সম্প্রতি দু’পক্ষের মধ্যে হওয়া আলোচনার ধরন বদলেছে। আগে যেখানে বিরোধের বিষয় ছিল, এখন সেখানে সমাধানের পথ খোঁজা হচ্ছে। এর থেকেই আদালতের বাইরে সমঝোতার জল্পনা তৈরি হয়েছে। তবে এই মামলার ভবিষ্যৎ নিয়ে এখনও কোনও পক্ষ থেকে আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।

উল্লেখ্য, বিজয়ের স্ত্রী সঙ্গীতা লন্ডনে বসবাসকারী শ্রীলঙ্কার তামিল পরিবারের মেয়ে। ১৯৯৯ সালের অগস্ট মাসে তিনি বিজয়কে বিয়ে করেছিলেন। তিনি বরাবরই প্রচারের আলো থেকে দূরে থেকেছেন। বিজয় ও সঙ্গীতার দুই সন্তান রয়েছে—জেসন সঞ্জয় এবং দিব্যা সাশা।

এই মুহূর্তে তাঁদের আবার এক হওয়ার খবরে উচ্ছ্বসিত অনুরাগীরা। বিজয় বা সঙ্গীতার আনুষ্ঠানিক বক্তব্যের অপেক্ষায় রয়েছেন তাঁরা। ১৫ জুনের আদালতের শুনানির পরই পরিষ্কার হতে পারে, তাঁরা বিবাহবিচ্ছেদের পথে এগোবেন না কি সম্পর্ক আবার ঠিক করার সিদ্ধান্ত নেবেন।

Advertisement
আরও পড়ুন