Weight Gain

গরমে পেট ঠান্ডা রাখতে রোজ ছাতুর শরবত খাচ্ছেন? ওজন বৃদ্ধির আশঙ্কা বাড়ছে কি?

ছাতু শরীরে শক্তি জোগায়, প্রতিরোধক্ষমতা বৃদ্ধি করে। হাড় শক্তিশালী করে তুলতেও ছাতুর শরবত অত্যন্ত কার্যকর। গরমে রোজের ডায়েটে ছাতু রাখলে কি ওজন বেড়ে যেতে পারে?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২২ মে ২০২৬ ১৩:২৭
রোজ ছাতু খেলে কি ওজন বাড়ে?

রোজ ছাতু খেলে কি ওজন বাড়ে? ছবি: সংগৃহীত।

বাড়ছে ভ্যাপসা গরম। হাঁসফাঁস অবস্থা চারদিকে। রোদে পুড়ে ঘরে ফেরার পর যদি এক গ্লাস ঠান্ডা ছাতুর শরবত কেউ হাতে তুলে দেয়, প্রাণ জুড়িয়ে যাবে! গ্রীষ্মের সময় ছাতুর শরবতে ভরসা রাখতে পারলে কিন্তু মন্দ হয় না। খেয়ে আরামও পাবেন, সঙ্গে রয়েছে একাধিক গুণাবলি। তবে ছাতু খেলে কি ওজন বেড়ে যায়, এই প্রশ্ন অনেকের মনেই থাকে।

Advertisement

ছাতু শরীরে শক্তি জোগায়, প্রতিরোধক্ষমতা বৃদ্ধি করে। হাড় শক্তিশালী করে তুলতেও ছাতুর শরবত অত্যন্ত কার্যকর। ছাতু এমনিতে ওজন কমানোর পক্ষে সহায়ক। অনেক পুষ্টিবিদই ওজন কমানোর ডায়েটে ছাতুর শরবত রাখার পরামর্শ দিয়ে থাকেন। ছাতু দীর্ঘক্ষণ পেট ভর্তি রাখতে সাহায্য করে। ফলে ঘন ঘন খাবার খাওয়ার প্রবণতা অনেকটাই কমে যায়। তাই ডায়েটে ছাতু রাখতে পারলে ভাল। পুষ্টিবিদ শ্রেয়া চক্রবর্তী বলেন, ‘‘ছোলার ছাতুতে প্রোটিন আর ফাইবার ভরপুর মাত্রায় থাকে। ছাতু যদি জলে গুলে খেয়ে নেওয়া যায়, তা হলে পেট অনেক ক্ষণ ভরিয়ে রাখে, ওজন ঝরাতেও এই পানীয় সহায়ক। তবে ছাতু যদি বেশি করে গুড় বা চিনি দিয়ে মেখে খান, সে ক্ষেত্রে কিন্তু ওজন বাড়বে। ওজন ঝরানোর ডায়েটে ছাতু রাখা যেতেই পারে, তবে আপনার শরীর অনুযায়ী কতটা ছাতু সারা দিনে খাওয়া যেতে পারে, তা পুষ্টিবিদের কাছ থেকে জেনে নেওয়াই ভাল।’’

ওজন ঝরানো ছাড়া আর কী কী কাজে আসে ছাতু?

১) ফাইবারসমৃদ্ধ ছাতু হজমশক্তি বাড়াতে সাহায্য করে।

২) প্রবল তাপে শরীরে জলের ঘাটতি দেখা দেয়। সেই সময়ে ছাতুর শরবত দারুণ উপকারী। তা ছাড়া অনেকে উপোসের পর ছাতুর শরবত খান। এতেও ডিহাইড্রেশনের মতো সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়।

৩) ছাতুর গ্লাইসেমিক ইনডেক্স-এর (জিআই) মাত্রা কম। অর্থাৎ, রক্তে শর্করার মাত্রা হঠাৎ করে বৃদ্ধি পাওয়া আটকাতে পারে ছাতু। তাই ডায়াবিটিসে আক্রান্তদের জন্য বা যাঁরা রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে চান, তাঁদের জন্য উপযুক্ত পানীয় ছাতুর শরবত। তবে এ ক্ষেত্রেও শরবত বানানোর সময় চিনি বা গুড় দেওয়া চলবে না।

৪) ছাতুর পুষ্টিকর উপাদানগুলি রোগপ্রতিরোধ ক্ষমতার জন্য প্রয়োজনীয় ভিটামিন এবং খনিজ পদার্থ সরবরাহ করে, যা শরীরকে সংক্রমণ এবং রোগ থেকে রক্ষা করতে সাহায্য করে।

৫) ছাতুর ফাইবার কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে। এর ফলে হৃদ্‌রোগের ঝুঁকি কমে।

চিনি, গুড় ছাড়াই কী ভাবে সুস্বাদু হবে ছাতুর শরবত?

ঠান্ডা জলে খুব ভাল করে ছাতু গুলে নিন। এ বার তাতে একে একে ভাজা জিরের গুঁড়ো, বিটনুন, লেবুর রস আর পুদিনা পাতার কুচি মিশিয়ে দিন। এ ভাবে ছাতুর শরবত বানাতে চিনি না দিয়েও খেতে কিন্তু বেশ লাগবে। দুধ, ড্রাই ফ্রুটস্, ঘি এই সব মিশিয়ে ছাতু খেলে কিন্তু ওজন বাড়বেই।

Advertisement
আরও পড়ুন