Sweet Craving

খাওয়ার আগে না পরে, কখন মিষ্টি খেলে ভাল? কী ভাবে খেলে ক্ষতি হবে না

খাওয়ার আগে মিষ্টি খাওয়া ভাল, না পরে? মিষ্টিবিলাসীরা এর উত্তর দিতে পারবেন না। তবে চিকিৎসকেরা জানাচ্ছেন, মিষ্টি কখন ও কী পরিমাণে খেলে ক্ষতি হবে না, তার একটা হিসেব আছে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৮ জুন ২০২৬ ১৬:৩৫
Dessert Before or after Dinner, Endocrinologist Reveals the Ultimate Hack for Sweet Cravings

মিষ্টি কখন খাবেন ও কতটা, জেনে নিন হিসেব। ফাইল চিত্র।

দুপুরের ভূরিভোজের পরে একটা মিষ্টি খেলে মন্দ হয় না। রাতের খাওয়ার পরে সে ইচ্ছাটা আরও বাড়ে। শোয়ার আগে খুচরো খিদে মেটাতে এক-আধটা মিষ্টি খেতেই মন চায়। বেশি ক্ষণ রাত জাগলে সে ইচ্ছেটা আরও চাগাড় দিয়ে ওঠে। বাঙালি মিষ্টি-প্রেমিক। উৎসব-অনুষ্ঠান হোক বা না হোক, খাওয়ার পাতে মিষ্টি থাকবেই। এখন অবশ্য ডায়াবিটিস-কোলেস্টেরলের ধাক্কায় বাঙালিও ‘নো সুগার’ ডায়েট শুরু করেছে। তবে মনে মনে মিষ্টি খাওয়ার ইচ্ছা রয়ে গিয়েছে ষোলোআনা। চিকিৎসকেরা বলছেন, মিষ্টি খান তাতে ক্ষতি নেই, তবে সময় ধরে ও পরিমাণ বুঝে খেতে হবে। ঠিক কখন ও কতটা মিষ্টি খেলে ইচ্ছাপূরণ হবে এবং শরীরের ক্ষতিও হবে না, সে হিসেবটা বুঝে নিতে হবে।

Advertisement

যখন-তখন মিষ্টি খাওয়ার তীব্র ইচ্ছা কমাবেন কী উপায়ে?

খাওয়াদাওয়ার পরে শেষ পাতে মিষ্টি থাকবে এই ভাবনা নিয়েই খাওয়া শুরু করেন অনেকে। তাই খাবার যতই সুস্বাদু হোক না কেন, শেষের মিষ্টিটা না হলে ঠিক জমে না। এই ভাবনা পুরোপুরিই নিয়ন্ত্রণ করে মস্তিষ্ক। তাই এই ভাবনা থেকে বেরিয়ে আসতে হবে। খাওয়ার শুরুতেই মিষ্টি খানিকটা খেয়ে নিন, সবটা নয়। এতে মস্তিষ্ক সঙ্কেত পাবে যে ইচ্ছাপূরণ হয়ে গিয়েছে। তাই খাওয়ার পর বার বার মিষ্টি খাওয়ার ইচ্ছা হবে না।

ডায়েট থেকে মিষ্টি একেবারে বাদ দিয়ে দেবেন না। এতে মিষ্টির প্রতি প্রেম আরও বাড়বে। রোজের খাওয়ার সঙ্গেই মিষ্টি রাখুন সামান্য পরিমাণে। এতে ইচ্ছা মিটবে এবং ধীরে ধীরে মিষ্টি খাওয়ার অদম্য বাসনা কমে যাবে।

জল খেতে হবে পর্যাপ্ত পরিমাণে। চিকিৎসকেরা বলছেন, শরীর জলশূন্য হয়ে পড়লে মস্তিষ্কে ভুল সঙ্কেত পৌঁছোয়। মস্তিষ্ক জল পিপাসাকে অনেক সময়েই মিষ্টি খাওয়ার ইচ্ছা ভেবে ভুল করে। তাই মিষ্টির ‘ক্রেভিং’ শুরু হলে এক গ্লাস জল খেয়ে ১০-১৫ মিনিট অপেক্ষা করুন। এতে ইচ্ছা কমে যাবে অনেকটাই।

মিষ্টি খেতে ইচ্ছা হলে তাজা ফল বা এক টুকরো ডার্ক চকোলেট খেয়ে নিন। এতেও লাভ হতে পারে কিছুটা।

খাওয়ার আগে না পরে খাবেন?

মিষ্টি খাওয়ার তীব্র ইচ্ছা কমাতে খাওয়ার আগে সামান্য পরিমাণে মিষ্টি খেতে বলছেন চিকিৎসকেরা। তবে সতর্কবার্তাও রয়েছে। খালি পেটে খুব বেশি চিনি বা মধু দেওয়া মিষ্টি খেলে রক্তে শর্করা বেড়ে যাবে। যাঁদের ডায়াবিটিস, প্রি-ডায়াবিটিস, স্থূলত্ব বা মেটাবলিক সিন্ড্রোম আছে তাঁদের খালি পেটে মিষ্টি একেবারেই চলবে না। বরং দু’টি ‘মিল’-এর মাঝে সামান্য পরিমাণে খেতে পারেন।

রাতে খাওয়ার পরে মিষ্টি নৈব নৈব চ। রাতে অতিরিক্ত শর্করা হজম করার মতো ক্ষমতা পাকস্থলীর থাকে না। তাই বেশি রাতে মিষ্টি খেলে হিতে বিপরীতই হবে।

কী ধরনের মিষ্টি খাচ্ছেন, তা-ও গুরুত্বপূর্ণ। খাওয়ার আগে খুব বেশি রসালো মিষ্টি খেয়ে ফেললে হবে না। সাধ পূরণের জন্য এক টুকরো ডার্ক চকোলেট অথবা ক্ষীর বা গুড় ও তিল দিয়ে তৈরি লাড্ডু খেতে পারেন। চিনি ছাড়া টক দইয়ের সঙ্গে আপেল, বেদানা বা পছন্দের ফল মিশিয়ে খেতে পারেন। ড্রাই ফ্রুটসের সঙ্গে গুড় মিশিয়ে খেলেও মিষ্টি খাওয়ার ইচ্ছা কমবে। ড্রাই ফ্রুটস শরীরের জন্যও ভাল।

Advertisement
আরও পড়ুন