ছবি: সংগৃহীত।
ওজন কম কিন্তু একটি ভুঁড়ি আছে। কেউ হয়তো অনেক কষ্টে কয়েক কেজি কমালেন কিন্তু প্যান্ট বা ট্রাউজার্সের কোমর রয়ে গেল সেই একই। ইদানীং সমাজমাধ্যম প্রভাবীরা অনেকেই ক্রাঞ্চ এক্সারসাইজ় করার পরামর্শ দিচ্ছেন মেদহীন পেটের সুঠাম পেশি পাওয়ার জন্য। তাঁরা বলছেন, ওই বিশেষ ধরনের শারীরচর্চা পেটের উপরের অংশের পেশিকে শক্তিশালী ও সুগঠিত করতেও সাহায্য করে। এমনকি বহু তারকাকেও করতে দেখা যাচ্ছে ওই ব্যায়াম।
এই শারীরচর্চার সবচেয়ে বড় সুবিধা হল এটি করতে কোনও যন্ত্র বা বাড়তি সাহায্যের দরকার নেই। শুধু স্বাচ্ছন্দ্য অনুযায়ী খানিকটা জায়গা পেতে হবে। তা হলেই করা যাবে ব্যায়াম।
কী ভাবে করতে হয়?
ওই ব্যায়ামটি করার জন্য মাটিতে পিঠ ঠেকিয়ে শুয়ে পড়তে হবে। তার পরে হাঁটু দু’টি ভাঁজ করে পা রাখতে হবে মাটিতে। হাত দুটি মাথার পিছনে বা বুকের উপরে রাখতে হবে। তারপর শুধু কাঁধ ও পিঠের উপরের অংশকে মাটির থেকে সামান্য উপরে তুলতে হবে। শ্বাস-প্রশ্বাস স্বাভাবিক রেখে সে ভাবে কিছু ক্ষণ থেকে আবার ফিরতে হবে আগের অবস্থায়।
এটি কি পেটের মেদ ঝরানোর জন্য সবচেয়ে কার্যকর?
প্রচলিত ধারণা হল ক্রাঞ্চ করলে পেটের চর্বি দ্রুত গলে যায়, তবে চিকিৎসাবিজ্ঞান ও ফিটনেস তত্ত্ব তা বলছে না। তাতে বলা হচ্ছে, যদি স্পট রিডাকশন বা পেটের নির্দিষ্ট অংশের মেদ ঝরানো লক্ষ্য হয়, তবে শুধু ক্রাঞ্চ এক্সারসাইজ়ে কাজ হবে না। তা ছাড়া ক্রাঞ্চ একটি নির্দিষ্ট জায়গায় স্থির থেকে করা হয়, তাই এতে খুব বেশি ক্যালোরি খরচ হয় না। মেদ ঝরানোর জন্য বেশি ক্যালোরি খরচ করা জরুরি।
ক্রাঞ্চ আসলে কিসে সাহায্য করে?
ক্রাঞ্চ মূলত পেটের ভিতরের পেশিগুলোকে শক্ত ও টোনড করে। অর্থাৎ, এটি সিক্স-প্যাক বা অ্যাবস তৈরি করতে সাহায্য করবে, কিন্তু পেটের উপরে জমে থাকা চর্বির স্তরটিকে গলাতে পারবে না।