Greek Yogurt Health Benefits

পুজোর আগে রোগা হবেন? ডায়েটে সাধারণ দইয়ের বদলে গ্রিক ইয়োগার্ট রাখলে কি দ্রুত ওজন ঝরবে?

ইদানীং তরুণ-তরুণীদের মধ্যে গ্রিক ইয়োগার্টের চাহিদা বেড়েছে। বলিপাড়ার অভিনেতা-অভিনেত্রীরাও এখন ডায়েটে সাধারণ দইয়ের বদলে পাতে গ্রিক ইয়োগার্ট রাখছেন। অনেকেই ওজন ঝরানোর জন্য সাধারণ দইয়ের বদলে গ্রিক ইয়োগার্ট খেতে শুরু করেছেন। তবে কি গ্রিক ইয়োগার্ট সত্যিই ওজন ঝরাতে সাহায্য করে?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২২ অগস্ট ২০২৫ ১৩:৪৪
গ্রিক ইয়োগার্ট কি সাধারণ দইয়ের তুলনায় বেশি স্বাস্থ্যকর?

গ্রিক ইয়োগার্ট কি সাধারণ দইয়ের তুলনায় বেশি স্বাস্থ্যকর? ছবি: সংগৃহীত।

গ্রীষ্মের দিনে খাদ্যতালিকায় দই রাখার পরামর্শ দেন পুষ্টিবিদেরা। এ সময়ে শরীর সুস্থ রাখতে দইয়ের কোনও জুড়ি নেই। প্রোবায়োটিক হিসাবে কাজ করে দই। তবে ইদানীং তরুণ-তরুণীদের মধ্যে গ্রিক ইয়োগার্টের চাহিদা বেড়েছে। বলিপাড়ার অভিনেতা-অভিনেত্রীরাও এখন ডায়েটে সাধারণ দইয়ের বদলে গ্রিক ইয়োগার্ট রাখছেন। অনেকেই ওজন ঝরানোর জন্য সাধারণ দইয়ের বদলে গ্রিক ইয়োগার্ট খেতে শুরু করেছেন। তবে কি গ্রিক ইয়োগার্ট সত্যিই ওজন ঝরাতে সাহায্য করে?

Advertisement

পুষ্টিবিদদের মতে, ওজন ঝরানোর ডায়েটে গ্রিক ইয়োগার্ট রাখা যেতেই পারে। গ্রিক ইয়োগার্ট তৈরির সময় নানা প্রক্রিয়ায় ওয়ে ছেঁকে নেওয়া হয়। সাধারণ দইয়ে ওয়ে প্রোটিনের মাত্রা বেশি থাকে। ওয়ে হল ল্যাকটোজ় আর দুধের মধ্যে থাকা প্রাকৃতিক শর্করা। এতে উপকারী ব্যাক্টেরিয়ার পরিমাণও বেশি থাকে। তা ছাড়া, সাধারণ দইয়ের থেকে গ্রিক ইয়োগার্ট অনেক বেশি ঘন হয়। গ্রিক ইয়োগার্টে প্রোটিনের মাত্রা বেশি থাকে। এক কাপ এই ইয়োগার্ট খেলে পেট অনেক ক্ষণ ভর্তি থাকে, ফলে ক্যালোরিযুক্ত খাবারের প্রতি ঝোঁক কমে। বিপাকহার বৃদ্ধি করতেও কাজে আসে গ্রিক ইয়োগার্ট। এটি হজমশক্তি বৃদ্ধি করে। অতিরিক্ত তেলমশলাদার খাবার হজম করতে বেশ কিছুটা সাহায্য করে। এর পাশাপাশি, এটি কর্টিসল হরমোনের ক্ষরণ কমিয়ে দেয়। এই হরমোন বেশি মাত্রায় ক্ষরিত হলে স্থূলতার ঝুঁকি থাকে। সব মিলিয়ে ওজন ঝরানোর ডায়েটে গ্রিক ইয়োগার্ট রাখাই যায়।

তবে কি ওজন ঝরানোর ডায়েটে দইয়ের বদলে গ্রিক ইয়োগার্ট রাখা বেশি স্বাস্থ্যকর?

পুষ্টিবিদদের মতে, দইয়ের তুলনায় গ্রিক ইয়োগার্ট খাওয়া বেশি স্বাস্থ্যকর। পুষ্টিবিদ পম্পিতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘আমি আমার রোগীদের সাধারণ দই খাওয়ারই পরামর্শ দিই। গ্রিক ইয়োগার্ট দইয়ের তুলনায় অনেকটাই দামি হয়। রোগীদের উপর আর্থিক চাপ বাড়ানোর পক্ষপাতী আমি নই। সাধারণ দইও ডায়েটে রাখলে ওজন নিয়ন্ত্রণে রাখা সম্ভব। গরমে সাধারণ দই নিয়ম করে খেলেই হবে। তবে নিঃসন্দেহে গ্রিক ইয়োগার্টের পুষ্টিগুণ বেশি। বিশেষ করে যাঁরা নিয়মিত জিমে যান, তাঁদের পেশিশক্তি বৃদ্ধি ও পেশির গঠন ও মেরামতির জন্য গ্রিক ইয়োগার্ট বেশি উপকারী।’’

যাঁরা ল্যাকটোজ় যুক্ত খাবার খেতে পারেন না, তাঁদের জন্যও কি গ্রিক ইয়োগার্ট উপকারী?

যাঁদের ল্যাকটোজ় সহ্য হয় না, তাঁদের গ্রিক ইয়োগার্ট না খাওয়াই ভাল। পুষ্টিবিদ পম্পিতা বন্দোপাধ্যায় বললেন, ‘‘অনেকের কাঁচা দুধ খেলে সমস্যা হয়, কিন্তু দইয়ে সমস্যা হয় না। দইয়ে সমস্যা না হলে গ্রিক ইয়োগার্টও খাওয়া যেতে পারে।’’

Advertisement
আরও পড়ুন