Morning Food Habits

খালি পেটে যদি খান ৩ খাবার, চিকিৎসকের কাছে যেতে হবে না বার বার

হালকা খাবার খেয়ে তার কিছু ক্ষণ পর যদি ভাল করে খান, তা হলে শরীরের বিপাক হার ভাল হবে। সেক্ষেত্রে কোন খাবারগুলি খালি পেটে অনায়াসে খাওয়া যায়?

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২৪ ২০:১৬
খালি পেটে কিছু খাবার না খাওয়াই শ্রেয়।

খালি পেটে কিছু খাবার না খাওয়াই শ্রেয়। ছবি: সংগৃহীত।

সকালের দিকে ইচ্ছা হলেই সব খাবার খাওয়া যায় না। সারা রাত পেট খালি থাকার পর এমন কিছু খাবার খাওয়া খেতে হয়, যা সারা দিন ফিট থাকতে সাহায্য করে। তার মানেই যে সকালের জলখাবারে ভারী কোনও খাবার রাখতে হবে, তা নয়। বরং হালকা খাবার খেয়ে তার কিছু ক্ষণ পর যদি ভাল করে খান, তা হলে বিপাকহার ভাল হবে। সে ক্ষেত্রে কোন খাবারগুলি খালি পেটে অনায়াসে খাওয়া যায়?

Advertisement

আমলকি

আমলকি এমন একটি ফল, যাতে সবচেয়ে বেশি ভিটামিন সি রয়েছে। খালি পেটে যদি আমলকির রস খেতে পারেন চুল, ত্বক সবই ভাল থাকবে। তার পাশাপাশি হৃদ্‌যন্ত্র সুস্থ থাকবে এবং লিভারও ঠিক মতো কাজ করবে। এমনিতে আমলকি খুব টক হওয়ায় অনেকে সিদ্ধ করে ভাতে মেখে খান। কিন্তু তাতে সব পুষ্টিগুণ চলে যায়। তার চেয়ে কাঁচা খাওয়াই ভাল। খালি পেটে খেতে পারলে আরও উপকারী।

কাঁচা পেঁপে

কাঁচা পেঁপে রস করে খাওয়ার যেমন গুণ রয়েছে, তেমনই পাকা পেঁপে খাওয়ারও অনেক সুফল রয়েছে। ঘুম থেকে উঠে যদি খালি পেটে পেঁপে খেতে পারেন তা হলে কোলেস্টেরল নিয়ন্ত্রণে সাহায্য করবে। পেঁপের ক্যালোরি অনেকটাই কম। তাই যাঁরা ওজন কমাতে চান, এ দিকে কোনও মিষ্টি ফল খাওয়ার লোভ সামলাতে পারেন না, তাঁরা পেঁপে খান। এতে খাবার হজম হবে তাড়াতাড়ি।

খেজুর

কাঠবাদামের মতোই খেজুরও যদি সারা রাত ভিজিয়ে রেখে সকালে খালি পেটে খেতে পারেন তা হলে অনেক বেশি উপকার পাবেন। খেজুরে প্রচুর ফাইবার রয়েছে। কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা কমায় এবং হজমশক্তি বাড়ায়। বিশেষ করে বর্ষায় যারা মাঝেমাঝেই ডায়ারিয়া বা বদহজমের সমস্যায় ভুগছেন, তারা রোজ নিয়ম করে খেজুর খেলে উপকার পাবেন।

Advertisement
আরও পড়ুন