চোখে একটু কাজল টানলেই তার গভীরতা বেড়ে যায়। কিন্তু সেই মায়াবী রূপের আড়ালে লুকিয়ে থাকে বিপদও। মাসকারা, কাজল, আইলাইনার, আইশ্যাডো... সাজসরঞ্জামের ভুল ব্যবহারে চোখের ক্ষতি হতে পারে। সাজের সঙ্গে তাই সচেতনতা জরুরি।
সমস্যার কারণ
কসমেটিকস এখন অধিকাংশই স্মাজ ফ্রি, ওয়াটারপ্রুফ। ফলে একবার পরলে দিনে বারো-চোদ্দো ঘণ্টা তাতে কেটে যায়। কিন্তু নিয়মিত দীর্ঘ সময় ধরে এগুলির ব্যবহার এবং দিনের শেষে তা ঠিক মতো পরিষ্কার না করলে, কিছু পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে। কাজল, আইলাইনার ইত্যাদি কেনার আগে টেস্টারও ব্যবহার করি। তা থেকেও চোখে সমস্যা হতে পারে।
কী কী ক্ষতি হতে পারে?
চক্ষুরোগ বিশেষজ্ঞ ডা. মৃণ্ময় দাস বলছেন, “আমাদের চোখের পাতার গোড়ায় থাকা তৈলগ্রন্থিগুলি চোখকে আর্দ্র রাখে। নিয়মিত প্রসাধনী ব্যবহার, ঠিকমতো তা পরিষ্কার না করা ইত্যাদি কারণে সেই তৈলগ্রন্থিগুলো বন্ধ হয়ে যায়। এর ফলে ড্রাই আইজ়, স্টাই, ক্যালাজ়িয়ন, ব্লেফারাইটিস, চোখের পাতার প্রদাহের মতো সমস্যা হতে পারে।” মূলত ব্যাক্টিরিয়াল সংক্রমণ, অ্যালার্জির সম্ভাবনা বেশি থাকে। এর ফলে চুলকানি ও জ্বালাভাব হতে পারে। কাজল বা লাইনারের সূক্ষ্ম কণাগুলি থেকে কর্নিয়ায় ক্ষতও হতে পারে।
সাবধান থাকতে
ভাল মানের ক্লিনিক্যালি অনুমোদিত পণ্য ব্যবহার করুন চোখে। নির্দিষ্ট কোনও ব্র্যান্ডের পণ্যে অ্যালার্জি হতে পারে। সে ক্ষেত্রে ব্র্যান্ড বদলাতে হবে। সমস্যায় আরাম পেতে কোল্ড কম্প্রেস করতে পারেন। অ্যালার্জি হলে চিকিৎসকের পরামর্শ নিয়ে অ্যান্টি-অ্যালার্জিক কোনও ওষুধ বা ড্রপ ব্যবহার করা যায়। মেয়াদোত্তীর্ণ মেকআপ চোখে ব্যবহার করবেন না। ব্রাশ বা অ্যাপ্লিকেটর পরিষ্কার রাখা জরুরি, তাতে যেন জীবাণু না জমে। অন্যের সাজসরঞ্জাম ব্যবহার না করাই ভাল। এগুলো থেকে সংক্রমণ ছড়ায়। রূপটান শিল্পী বা পার্লারগুলি একই আইলাইনার, কাজল সকলের জন্য ব্যবহার করে। সাবধান থাকতে নিজের জিনিস সঙ্গে নিয়ে যান।
প্রয়োজন মিটে গেলে বা সমস্যা হলে দ্রুত মেকআপ মুছে ফেলুন। রাতে অবশ্যই মেকআপ তুলে চোখ পরিষ্কার করে নিন। ঠান্ডা জলের আলতো ঝাপটা দেবেন। নিয়মিত চোখে প্রসাধনী ব্যবহারের অভ্যেস থাকলে মাঝেমধ্যে আইড্রপ ব্যবহার করতে পারেন।
বাচ্চাদের জন্য
ছোট বাচ্চাদের ঘরে তৈরি কাজল পরানোয় আপত্তি রয়েছে চিকিৎসকদের। বড়দের তুলনায় বাচ্চাদের চোখ বেশি সংবেদনশীল। ঘরে তৈরি কাজল আদতে কার্বন। তাতে ধোঁয়া বা অপরিষ্কার উপাদান থাকতে পারে। তা শিশুর চোখের ক্ষতি করে।
মেকআপ থেকে হওয়া সমস্যাকে অবজ্ঞা করলে চোখের স্থায়ী ক্ষতি, দৃষ্টিহীনতার মতো ঘটনাও ঘটতে পারে। শরীরের অন্যান্য অংশের তুলনায় চোখ বেশি সংবেদনশীল। তাই তার স্বাস্থ্যের সঙ্গে কোনও আপস না করে, বরং একটু সাবধান হওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা।