Mojito Recipes

গরমের দিনে প্রাণ জুড়োবে বেদানার মোহিতো! সোডা ছাড়া ফলের রস দিয়েই বানিয়ে ফেলুন রকমারি পানীয়

গরমের দিনে রোদে তেতেপুড়ে ফিরে ঠান্ডা পানীয় খেতেই মন চায়। আর তা যদি হয় মোহিতো, তা হলে তো কথাই নেই। তবে এখন প্রায় সকলেই স্বাস্থ্যসচেতন। তাই সোডা ছাড়াই বানিয়ে ফেলুন রকমারি ফলের রস দিয়ে তৈরি স্বাস্থ্যকর ‘ফ্রুট মোহিতো’।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২০ এপ্রিল ২০২৬ ১৪:১২
Healthy Fruit-Based Mojito Recipes for Summer

বাড়িতেই বানান ফলের রসের মোহিতো, গরমে শরীর ঠান্ডা রাখবে। ছবি: ফ্রিপিক।

বৈশাখের গরমে প্রাণ ওষ্ঠাগত। বাইরে বেরোলেই চড়া রোদ যে শরীর থেকে সব জল শুষে নিচ্ছে। এমন সময়ে তেতেপুড়ে ফিরে ঠান্ডা পানীয়ে চুমুক দিতেই মন চায়। তবে বাঙালি আজকাল স্বাস্থ্যসচেতন। গরম লাগছে বলেই নরম পানীয় বা সোডার বদল কিনে ফেলে না। বরং ঘরে তৈরি পানীয়ে গলা ভেজাতেই বেশি পছন্দ করে। তবে গরমের দিনে একঘেয়ে নুন-লেবুর শরবত বা দোকান থেকে কেনা প্যাকেটজাত শরবত না খেয়ে, বরং ঘরেই বানিয়ে নেওয়া যায় রেস্তরাঁর মতো মোহিতো। অতিথি এলে বা বন্ধুদের আড্ডায় মোহিতো পরিবেশন করতে পারেন অনায়াসেই। রন্ধনশিল্পী কুনাল কপূর শিখিয়েছেন, ফ্রিজ়ের ঠান্ডা জলে পাতিলেবুর রস মিশিয়ে শরবত করে দেওয়ার বদলে টাটকা ফলের রস দিয়েই নানা রকম মোহিতো বানানো যায়। রইল তেমনই কিছু প্রণালী।

Advertisement

বেদানার মোহিতো

উপকরণ: ১ কাপ বেদানার রস, একমুঠো পুদিনা পাতা, ১ চামচ লেবুর রস, বিটনুন, মধু (প্রয়োজনে) এবং প্রচুর বরফকুচি।

বেদানার মোহিতো।

বেদানার মোহিতো। ছবি: ফ্রিপিক।

প্রণালী: গ্লাসে পুদিনা পাতা ও লেবুর টুকরো নিয়ে হালকা করে থেঁতলে নিন। এ বার তাতে বিটনুন ও মধু মেশান। গ্লাসটি বরফকুচি দিয়ে ভরে দিন। শেষে উপর থেকে তাজা বেদানার রস ঢেলে ভাল করে মিশিয়ে পরিবেশন করুন।

তরমুজ ও লেবুর মোহিতো

উপকরণ: ২ কাপ তরমুজের রস (ছেঁকে নেওয়া), পুদিনা পাতা, লেবুর রস ও বরফ।

তরমুজ ও লেবুর মোহিতো।

তরমুজ ও লেবুর মোহিতো। ছবি: ফ্রিপিক।

প্রণালী: গ্লাসে পুদিনা পাতা থেঁতলে নিয়ে তাতে বরফ দিয়ে দিতে হবে। এ বার তরমুজের রস এবং সামান্য লেবুর রস মিশিয়ে নিন। তরমুজ এমনিতেই মিষ্টি, তাই আলাদা করে চিনি না দিলেও চলবে। কোনও রকম সিরাপ মেশানোরও প্রয়োজন নেই।

ডাবের মোহিতো

উপকরণ: ১ গ্লাস ডাবের জল, লেবুর টুকরো অর্ধেক করে কেটে নেওয়া, পুদিনা পাতা এবং সামান্য মধু।

ডাবের মোহিতো।

ডাবের মোহিতো। ছবি: ফ্রিপিক।

প্রণালী: ডাবের জলের মোহিতো খুবই স্বাস্থ্যকর। খেতেও ভাল। বাড়িতে অতিথিরা এলে শুধু ডাবের জল গ্লাসে না দিয়ে বরং মোহিতো বানিয়ে দিতে পারেন। পদ্ধতি সহজ। গ্লাসে লেবু ও পুদিনা থেঁতলে নিয়ে তাতে ডাবের জল ও বরফ মিশিয়ে পরিবেশন করুন। গ্লাসের কিনারায় সামান্য বিটনুন মাখিয়ে তাতে গোল করে কেটে নেওয়া লেবুর টুকরো আটকে দিতে পারেন।

কাঁচা আমের মোহিতো

উপকরণ: কাঁচা আমের টুকরো সেদ্ধ করে নেওয়া, ভাজা জিরেগুঁড়ো, চাটমশলা, পুদিনা পাতা, ঠান্ডা জল ও সামান্য গুড়।

কাঁচা আমের মোহিতো।

কাঁচা আমের মোহিতো। ছবি: ফ্রিপিক।

প্রণালী: সেদ্ধ আম ভাল করে চটকে নিতে হবে। তার সঙ্গে ভাজা জিরেগুঁড়ো, চাটমশলা, গুড় ও পুদিনা দিয়ে ভাল করে মেখে নিন। একটি লম্বা গ্লাসে মাখা আম রেখে গ্লাসের বাকিটা ঠান্ডা জল দিয়ে ভর্তি করুন। এতে বরফকুচি মেশান। চামচ দিয়ে ভাল করে নেড়ে উপরে পুদিনা পাতা ও লেবুর টুকরো দিয়ে সাজিয়ে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন।

Advertisement
আরও পড়ুন