৫ পানীয় খেলে সাপ্লিমেন্ট খাওয়ার প্রয়োজন নেই। ছবি: ফ্রিপিক।
ক্যালশিয়ামের ঘাটতি বয়সকালেই হয়। তবে এখন ত্রিশ পেরোলেই মহিলাদের ক্যালশিয়ামের অভাব হতে থাকে। এর কারণই হল অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস। ক্যালশিয়াম এমন এক খনিজ যার ঘাটতি হলে দুর্বল হয়ে যায় হাড়। নড়বড়ে হয়ে পড়ে দাঁত। হাড় মজবুত রাখার জন্য ক্যালশিয়াম অত্যন্ত জরুরি। খনিজটির অভাব হলে শুধু হাড় ভঙ্গুর হয় না, শরীর দুর্বল লাগে, ক্লান্তি আসে, পায়ে টান ধরার মতো উপসর্গও দেখা দিতে পারে।
ক্যালশিয়ামের ঘাটতি হলেই অনেকে সাপ্লিমেন্ট খাওয়া শুরু করে দেন। এতে হিতে বিপরীতই হয়। দুধ বা ছানা খেলে ক্যালশিয়ামের অভাব পূরণ হয় ঠিকই। তবে যাঁদের দুধে অ্যালার্জি, তাঁরা ওষুধ না খেয়ে বরং কিছু পানীয়ে ভরসা রাখতে পারেন। এমন পানীয় যা ক্যালশিয়াম ও পটাশিয়াম সমৃদ্ধ, শরীরে পুষ্টির অভাবও পূরণ করতে পারবে।
ক্যালশিয়াম সমৃদ্ধ পানীয়
কাঠবাদাম ও মাশরুমের পানীয়
১০টি কাঠবাদাম, ২টি শুকনো মাশরুম, এক কাপ কাঠবাদামের দুধ, ১ চামচ চিয়া বীজ, এক চিমটে দারচিনি ও ১ চামচ মধু নিতে হবে। সমস্ত উপকরণ একসঙ্গে মিশিয়ে ব্লেন্ড করতে হবে। মিহি মিশ্রণ তৈরি হওয়ার পরে তা ছেঁকে নিয়ে উপরে পুদিনা পাতা ছড়িয়ে খেতে হবে।
পালংশাক ও কলার স্মুদি
একটি পাকা কলা ভাল করে চটকে নিতে হবে। এর সঙ্গে পালংশাক কুচি, ১ কাপ টক দই, ১ চামচ তিসির বীজ ভাল করে ব্লেন্ড করে নিতে হবে। এর সঙ্গে আধ চামচের মতো ভ্যানিলা এসেন্স মিশিয়ে নিতে হবে।
রাগি ও খেজুরের স্মুদি
২ চামচ রাগির আটা, ১ কাপ ঈষদুষ্ণ দুধ ও ২টি খেজুর ভাল করে বেটে নিতে হবে। এর সঙ্গে আধ চামচের মতো দারচিনির গুঁড়ো মেশাতে হবে। খুব ঘন করে তৈরি করতে হবে এই স্মুদি। রোজ সকালে জলখাবারের সঙ্গে খেলে ভিটামিন ও ফাইবার ঢুকবে শরীরে। পুষ্টির অভাব হবে না।
কাঠবাদাম ও ডুমুরের স্মুদি
১০টি ভেজানো কাঠবাদাম, ১টি শুকনো ডুমুর, ১ কাপ গরুর দুধ বা কাঠবাদামের দুধ, ১ চা চামচ চিয়া বীজ, আধ চামচ দারচিনি, ১ চামচ মধু মিশিয়ে নিতে হবে। এই স্মুদি ক্যালশিয়াম ও পটাশিয়ামের ঘাটতি পূরণ করবে।