Weight Loss Risk

দ্রুত ওজন কমছে বলে উল্লসিত? দুর্বলতা দোসর হলেই বিপদ! ঝুঁকি এড়াতে কী করা দরকার

স্বল্প পরিশ্রমেই দ্রুত ওজন কমছে। খুশি হচ্ছেন? অসুস্থতার ঝুঁকি বাড়ছে না তো?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৮ মে ২০২৬ ১৭:১০
দ্রুত ওজন কমা বিপদের কারণও হতে পারে।

দ্রুত ওজন কমা বিপদের কারণও হতে পারে। ছবি:সংগৃহীত।

মেদ ঝরানোর লক্ষ্যে সচেষ্ট হওয়ার পর যখন সাফল্য আসে কে না খুশি হন! ওজন যদি দ্রুত কমে, তা হলে তো আনন্দের অন্ত থাকে না। তবে ওজন কমলেই যে খুশি হওয়ার কারণ রয়েছে, তা নয়, বলছেন কর্নেল ইউনিভার্সিটির আয়ু নিয়ে চর্চাকারী ভ্যাসিলি ইলিওপোলাস। কারণ, ওজন যদি দ্রুত কমে, তৈরি হতে পারে ঝুঁকিও।

Advertisement

পুষ্টিবিদ থেকে ফিটনেস প্রশিক্ষকেরা বার বার বলছেন, ওজন কমানোর পন্থা হওয়ার দরকার বিজ্ঞানসম্মত। অল্প সময়ে অনেকটা ওজন কমানোর লক্ষ্যমাত্রা নিলে ক্ষতি হতে পারে শরীরের।

কী সেই ক্ষতি?

সারকোপেনিয়া: ওজন কমানোর উদ্দেশ্য বাড়তি মেদ ঝরানো, পেশি মজবুত করা। তবে দ্রুত মেদ ঝরানোর লক্ষ্যমাত্রায় ক্ষয় হতে পারে পেশিরও। যা কখনই কাম্য নয়।

হাড়ের ক্ষয়: সঠিক নিয়ম না মেনে ওজন কমানোর কৌশল অনুসরণ করলে খামতি খাকতে পারে পুষ্টিতে। তার ফলেই দুর্বল হয়ে পড়তে পারে হাড়, ক্ষয়েও যেতে পারে।

বিপাকহারের গতি কমে যাওয়া: পেশিক্ষয় হতে থাকলে প্রভাব পড়তে বাধ্য বিপাকহারেও। বিপাকহার ঠিক না থাকলে ওজন বশে রাখা কঠিন। বিপাকহার কমে গেলে পরবর্তীতে ওজন কমানো কঠিন হয়ে পড়তে পারে।

প্রয়োজনীয় খনিজের ঘাটতি: আয়রন, বি১২, ভিটামিন ডি, ম্যাগনেশিয়াম, জ়িঙ্ক স্বল্প মাত্রায় প্রয়োজন হলেও, শরীরের জন্য জরুরি। খনিজের ঘাটতি হলে শারীরবৃত্তীয় কাজেও প্রভাব পড়বে। দুর্বল হয়ে যেতে পারে শরীর।

ওজন কমার সময় পুষ্টির ঘাটতি থাকলে ক্লান্তি হবে দোসর, কমে যাবে বিপাকহারও। ভঙ্গুর হয়ে যেতে পারে হাড়ও। ফিটনেস প্রশিক্ষকদের পরামর্শ, ওজন কমানোয় তাড়াহুড়ো করলেই বিপদ। বরং মেদ ঝরুক ধীর গতিতে।

ওজন কমানোর সময় মাথায় রাখা প্রয়োজন

খাদ্যতালিকায় যথেষ্ট প্রোটিন রাখা প্রয়োজন। বিশেষত শরীরচর্চা করলে প্রোটিনের মাত্রা সুনির্দিষ্ট করতে হবে, না হলেই ক্ষয় হতে পারে পেশির।

রেজ়িস্ট্যান্স ট্রেনিং: পেশি মজবুত করতে সাহায্য করে এই ধরনের শরীরচর্চা। কসরতে জুড়তে হবে এইগুলিও।

বিপাকহার: খাওয়া কমে গেলে বিপাকহার কমতে পারে। ফলে বিপাকহারের গতি ঠিক থাকছে কি না, তা নজরে রাখা প্রয়োজন।

ওজন কমলেও, শরীরে কোনও ভিটামিন বা খনিজের ঘাটতি হচ্ছে কি বোঝা প্রয়োজন। পুষ্টিবিদেরা বার বার বলেন, ওজন কমানো মানে কম খাওয়া বা না খাওয়া নয়, বরং ক্যালোরি মেপে পুষ্টির ভারসাম্য মেনে খাওয়া জরুরি। সঠিক পন্থায় মেদ ঝরলে, শরীরে কোনও ভাবেই ক্লান্তি আসবে না বরং ঝরঝরে বোধ হবে। কিন্তু যদি উল্টোটা হয়, বুঝতে হবে, গলদ রয়েছে গোড়াতেই।

Advertisement
আরও পড়ুন