Suniel Shetty's Fitness Secrets

৬৪-তেও ‘অন্না’ ম্যাজিক, কোন মন্ত্রে ফিট থাকেন সুনীল শেট্টী? পরামর্শ দিলেন তরুণ প্রজন্মকেও

ষাটে যখন হাড়ের দুর্বলতা, হার্টের রোগ ধরা দেয়, তখন সুনীল শেট্টীর সুঠাম গড়ন তরুণদের কাছে ঈর্ষণীয় হয়ে ওঠে। সুস্থ থাকতে সহজ রুটিন অভিনেতার। তিনি বলছেন, এই রুটিন যে কেউ মানতে পারেন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৮ এপ্রিল ২০২৬ ১৩:৫২
সুস্থ থাকার জন্য কোন মন্ত্রে বিশ্বাসী অভিনেতা সুনীল শেট্টি?

সুস্থ থাকার জন্য কোন মন্ত্রে বিশ্বাসী অভিনেতা সুনীল শেট্টি? ছবি: সংগৃহীত।

অসুস্থ থাকার চেয়ে সুস্থ থাকা কম ব্যয়সাপেক্ষ। কারণ, সুস্থ থাকার জন্য খাওয়া-দাওয়ায় যতটা খরচ, তার দ্বিগুণ অর্থ বেরিয়ে যেতে পারে অসুস্থ হলে। এই কথাই মনে করিয়ে ফিটনেস নিয়ে তাঁর ভাবনাচিন্তা অনুরাগীদের কাছে তুলে ধরলেন অভিনেতা সুনীল শেট্টি। ষাট পেরিয়েছেন বছর চারেক হল। তবে নির্মেদ, শক্তপোক্ত শরীর তাঁর।

Advertisement

ষাটোর্ধ্ব হলেই যখন কোমরের ব্যথা, বাড়তি মেদ, হৃদ্‌রোগ, ডায়াবিটিসের মতো অসুখ সঙ্গী হয়ে ওঠে, তখন সুনীল কী ভাবে এত ফিট? অভিনেতা জানাচ্ছেন, তাঁর ফিটনেস মন্ত্র লুকিয়ে খাবারে। ফিট থাকতে গালভরা নামের বিদেশি কেতার খাবার খেতে তিনি অভ্যস্ত নন মোটেই। তিনি পছন্দ করেন মায়ের হাতের খাবার বা ঘরের খাবার। তাঁর কথায়, মা বা স্ত্রী ভালবেসে যেটাই বানিয়ে দেন, সেটাই খাওয়া যায়। আর এই ঘরের খাবার খেয়েই তৃপ্তি বোধ করেন তিনি।

ইদানীং তরুণ প্রজন্ম কথায় কথায় খাবার অর্ডার করে খায়। ঘরের খাবার তাঁদের পছন্দ নয়। অ্যাপ-নির্ভর খাদ্যাভ্যাসই বদলাতে বলছেন সুনীল। সুস্থ থাকতে সাধারণ ঘরোয়া খাবার বেছে নেওয়ার পরামর্শ অভিনেতার। সুস্থ থাকতে সহজ-সাদামাঠা জীবনযাত্রাই বেছে নিতে বলছেন তিনি। তাঁর পরামর্শ সপ্তাহে চার দিন খেলাধুলো করার। আর বাইরের খাওয়া কমিয়ে ঘরে তৈরি খাবারে জোর দেওয়ার।

অভিনেতার কথায়, ‘‘আমার কাছে ফিট থাকা, সুঠাম শরীর পাওয়া কোনও রকেট সায়েন্স নয়, বরং সেই পন্থা সহজ। সকলেই অনুসরণ করতে পারেন।" অতীতেও রাখঢাক না করেই তাঁর ডায়েটের কথা জানিয়েছিলেন অভিনেতা। শরীরচর্চায় বিশ্বাসী তিনি, দিনভর মেপে খাওয়াতেও। এই বয়সেও প্রত্যেকটি দিন রুটিন মেনে চলেন সুনীল। মিষ্টি বা পছন্দের খাবার পুরোপুরি বাদ দেওয়া নয়, তবে পরিমিত খাওয়াতেই বিশ্বাসী তিনি। নিয়মিত মাছ-মাংস থাকে তাঁর খাবার পাতে। প্রায় ১৫০-২০০ গ্রাম মাছ-মাংস খেতে হয় তাঁকে। মোট ১৬০০-১৭০০ ক্যালোরি মেপে খান সুনীল।

Advertisement
আরও পড়ুন