Pregnancy Care

মিষ্টি খেলেই বাড়বে ডায়াবিটিসের ঝুঁকি, সেই লোভ কী ভাবে সামাল দেবেন হবু মায়েরা?

মিষ্টি খেলে জেস্টেশনাল ডায়াবিটিসের ঝুঁকি বাড়তে পারে। তার প্রভাবে গর্ভস্থ ভ্রূণটির কিন্তু ক্ষতিও হতে পারে। তাই মিষ্টি, চকোলেট, আইসক্রিম কিংবা মিষ্টি পানীয় খাওয়ার বিষয়েও সতর্ক থাকা প্রয়োজন। এই সময়ে কয়েকটি বিষয় মেনে চললেই এই প্রবণতা রুখে দেওয়া যায়।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৫ নভেম্বর ২০২৪ ১৯:১২
অন্তঃসত্ত্বা অবস্থায় বার বার মিষ্টি খাওয়ার ইচ্ছে কী ভাবে সামাল দেবেন?

অন্তঃসত্ত্বা অবস্থায় বার বার মিষ্টি খাওয়ার ইচ্ছে কী ভাবে সামাল দেবেন? ছবি: সংগৃহীত।

অন্তঃসত্ত্বা অবস্থায় কী খাবেন আর কী খাবেন না, সেই নিয়ে নানা রকম বিধিনিষেধ থাকে। এই অবস্থায় মহিলাদের বিভিন্ন ধরনের মুখরোচক খাবার খেতে ইচ্ছে করে। কারও চিজ় স্লাইস খেতে ইচ্ছে করে, তো কেউ আবার এই সময় তেঁতুল দেখলে নিজেকে সামলাতে পারেন না। কারও আবার মিষ্টির প্রতি আসক্তি জন্মায়। চিকিৎসকেরা বলছেন, আসলে এই সময়ে হবু মায়েরা শারীরিক এবং মানসিক দিকে থেকে নানা পরিবর্তনের মধ্যে দিয়ে যান। তাই হঠাৎ এমন সব খাবার খাওয়ার ইচ্ছে হওয়া স্বাভাবিক। কিন্তু যখন তখন মিষ্টি খেলে তো রক্তে শর্করা বাড়তে থাকে। তার প্রভাবে গর্ভস্থ ভ্রূণটির কিন্তু ক্ষতিও হতে পারে। তাই মিষ্টি, চকোলেট, আইসক্রিম কিংবা মিষ্টি পানীয় খাওয়ার বিষয়েও সতর্ক থাকা প্রয়োজন। এই সময়ে কয়েকটি বিষয় মেনে চললেই এই প্রবণতা রুখে দেওয়া যায়।

Advertisement

১) প্রোটিন, ভিটামিন এবং বিভিন্ন খনিজের গুণে সমৃদ্ধ দানাশস্য, ফল, সব্জির মধ্যে প্রাকৃতিক শর্করা থাকে। নিয়মিত এই খাবারগুলি খেলে রক্তে শর্করা বেড়ে যাওয়ার ভয় থাকে না।

২) পুষ্টিবিদেরা বলছেন যখন ভীষণ মিষ্টি খেতে ইচ্ছে করবে, সেই সময়ে জল খেতে পারেন। জল কিন্তু অনিচ্ছাকৃত এই মিষ্টি খাওয়ার ইচ্ছেকে বশে রাখতে সাহায্য করে।

৩) পরিমিত পরিমাণে খাবার খান। কিন্তু বারে বারে খান। এই হল ভাল থাকার মন্ত্র। অন্তঃসত্ত্বা অবস্থায় এই নিয়ম মেনে চললে রক্তে শর্করা বেড়ে যাওয়ার ভয় নেই।

৪) একেবারে মিষ্টি না খেলে কিন্তু এই সময়ে মনখারাপও হতে পারে। ডায়াবিটিস না থাকলে কিংবা ওজন নিয়ন্ত্রণে থাকলে মিষ্টি খাবার খান, কিন্তু পরিমিত পরিমাণে। তবে তার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে ভুলবেন না। প্রয়োজনে বাড়িতে খেজুর কুচি করে রেখে দিন। মিষ্টি খেতে ইচ্ছে করলে একটু খেজুর কুচি মুখে দিতে পারেন।

৫) সকাল থেকে রাত পর্যন্ত তিন বার ভাল মতো খাবার খান। অর্থাৎ ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ডিনার করুন। সঙ্গে তিন বার অল্প অল্প করে মুখরোচক অথচ স্বাস্থ্যকর খাবার খাওয়ার অভ্যাস করুন। রক্তে শর্করা বেড়ে যাওয়ার রুখে দিতে এই যথেষ্ট।

Advertisement
আরও পড়ুন