ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
সরু রাস্তা। তবে সরু হলেও সেই রাস্তা যথেষ্ট ব্যস্ত। দাঁড়িয়ে রয়েছে লরি, টোটো। ছুটে যাচ্ছে বাইক। রাস্তার আশপাশে অবস্থিত বাড়িঘরের লোকজনও রাস্তায় ইতি-উতি জটলা করে দাঁড়িয়ে রয়েছেন। তবে কমবেশি সকলেরই চোখ আটকে রয়েছে রাস্তার মাঝে দাঁড়িয়ে থাকা এক তরুণ-তরুণীর দিকে। তাঁদের দু’জনের কেউই নিজেদের হুঁশে নেই বললেই চলে। তরুণ রাস্তার দিকে মুখ করে ঝুঁকে দাঁড়িয়ে রয়েছেন। আর তরুণী আপ্রাণ চেষ্টা করে চলেছেন সোজা হয়ে দাঁড়িয়ে থাকার। সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ভিডিয়ো অনুসারে ঘটনাটি ঘটেছে পঞ্জাবের লুধিয়ানায়।
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, রাস্তার মাঝখানে দাঁড়িয়ে রয়েছেন দুই তরুণ-তরুণী। তাঁদের পাশ থেকে চলে যাচ্ছে বাইক। কিন্তু সে দিকে তাঁদের হুঁশ নেই। কারণ তাঁরা আশপাশে কী হচ্ছে সে নিয়ে মাথা ঘামানোর মতো অবস্থাতেই নেই। তরুণ চেয়েও সোজা হয়ে দাঁড়াতে পারছেন না। শিরদাঁড়া সোজা করার ক্ষমতাও হারিয়ে ফেলেছেন তিনি। কোমর বাঁকিয়ে, মাথা নীচু করে রাস্তার প্রায় মিলিয়ে যাচ্ছেন সেই তরুণ। অন্য দিকে, তরুণীকে দেখেও ভীষণ অপ্রকৃতিস্থ লাগছে। চুলগুলো উস্কোখুস্কো, গায়ে পরা জামাও খুলে আসছে। সেই অবস্থাতেই তরুণী এঁকে-বেঁকে এক-দু’পা ফেলে তরুণের কাছে এগিয়ে গেলেন। তার পর ধীরে ধীরে হাঁটু ভাঁজ করে রাস্তার দিকে তাকিয়ে দাঁড়িয়ে থাকলেন। কিন্তু দু’জনকে দেখেই মনে হচ্ছে তাঁরা কেউ দাঁড়ানোর অবস্থাতেই নেই। তরুণী আর নিজেকে সামলে রাখতে পারলেন না। হাঁটু ভাঁজ করে রাস্তার মাঝখানেই বসে পড়লেন তিনি। তখনই তাঁর সম্বিত ফিরল। তিনি দেখতে পেলেন যে সামনে এক জন মোবাইলের ক্যামেরায় তাঁদের ফ্রেমবন্দি করছেন। তৎক্ষণাৎ তরুণী তরুণের মাথায় মেরে তাঁকে ডাকতে লাগলেন। তার পর চুল টেনে তরুণের মাথা তুলে সেই ব্যক্তিকে দেখালেন। এর পর টালমাটাল পায়ে তরুণ-তরুণী ক্যামেরা হাতে থাকা ব্যক্তির দিকে এগোতে শুরু করলেন। ভিডিয়োটি সেখানেই শেষ হয়ে যায়। সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়।
‘নিউ ভারত স্পিকস’ নামের এক্স হ্যান্ডল থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি ভাইরালও হয়েছে। ইতিমধ্যে ৩৮ হাজারের কাছাকাছি বার ভিডিয়োটি দেখে ফেলা হয়েছে। প্রচুর নেটাগরিক ভিডিয়োটিতে প্রতিক্রিয়া জানিয়েছেন। বেশির ভাগ নেটাগরিক তরুণ-তরুণীর এই অবস্থার জন্য মাদকের নেশাকে দায়ী করেছেন। তাঁদের এই অবস্থা নিয়ে চিন্তার প্রকাশ করেছেন নেটাগরিকেরা।
মহারাষ্ট্রেরও এ রূপ একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। সেই ভিডিয়োরও সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। সেখানেও অদ্ভুত ভাবে সেই একই ভঙ্গিমায় কোমর ভাঁজ করে, রাস্তার পানে চেয়ে এক তরুণকে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে। সেই ভিডিয়োও শোরগোল ফেলেছে সমাজমাধ্যমে। এখানেও নেটাগরিকেরা নেপথ্যকারণ হিসাবে মাদকের নেশাকেই দায়ী করছেন। ভাইরাল এই দুই ভিডিয়ো মাদকতত্ত্বকে আরও জোরালো করছে।