Viral Video

ইডেনে আইপিএল দেখতে এসে ছদ্ম হাতাহাতিতে মাতল যুগল! ‘মিশন অ্যাটেনশন’ তকমা দিল নেটাগরিকেরা

স্টেডিয়ামের প্যাভিলিয়নে দাঁড়িয়ে খেলা দেখছিলেন এক যুগল। হঠাৎ করেই তাঁদের মধ্যে লেগে তুমুল ঝগড়া। ক্ষণিকেই সেই ঝগড়া বদলে গেল মজার লড়াইয়েও।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৩ এপ্রিল ২০২৬ ১২:২৮
couple fighting

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

দেশ জুড়ে এখন আইপিএলের ঝড়। চলতি বছর ২৮ মার্চ থেকে শুরু হয়েছে আইপিএল। চলবে ৩১ মে পর্যন্ত। আইপিএলের ম্যাচ চলাকালীন মাঠে চার-ছয়ের বর্ষণ দেখা যাচ্ছে, তেমনই দর্শকের আসনেও চোখে পড়ছে নানা কীর্তি। তেমনই এক ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়। স্টেডিয়ামের প্যাভিলিয়নে দাঁড়িয়ে খেলা দেখছিলেন এক যুগল। হঠাৎ করেই তাঁদের মধ্যে লেগে গেল তুমুল ঝগড়া। ক্ষণিকেই সেই ঝগড়া বদলে গেল মজার লড়াইয়েও। সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ভিডিয়ো অনুসারে, ৯ এপ্রিল কলকাতায় ইডেন গার্ডেনস স্টেডিয়ামে কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে লখনউ সুপার জায়েন্টসের খেলা চলাকালীন এই দৃশ্য ক্যামেরাবন্দি করা হয়েছে।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, প্যাভিলিয়নে দাঁড়িয়ে মন দিয়ে খেলা দেখছেন এক তরুণ এবং তরুণী। কিন্তু হঠাৎই তাঁদের মধ্যে কথা কাটাকাটি শুরু হল। একে অপরের দিকে তর্জনী তুলে চলল ঝগড়া। কথা কাটাকাটি এ বার ঘুরে গেল হাতাহাতির দিকে। তরুণী প্রথমে কনুই দিয়ে তরুণের পেটে একটা গুতো দিলেন। পর ক্ষণেই তরুণও তরুণীর মাথার পিছনে বসালেন এক চাটি। এর পর তরুণ আঙুল তুলে কথা বলার চেষ্টা করলে তরুণীও মজার ছলে আঙুল ধরে মচকে দিলেন। এ ভাবে ঝামেলা চলতে লাগল। তার মাঝেই মাঠে তাঁদের পছন্দের দল চার বা ছয় মেরে বসেন। তরুণ আনন্দে আত্মহারা হয়ে দু’হাত তুলে লাফাতে লাগলেন। অন্য দিকে তরুণী প্যাভিলিয়ন থেকে বেরিয়ে চলে গেলেন। কিছু ক্ষণ পর এসে তরুণকেও নিয়ে গেলেন। তার পর তরুণী একাই এসে প্যাভিলিয়নে দাঁড়িয়ে খেলা দেখতে লাগলেন। মজার এই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়।

‘ঘর কে কলেশ’ নামের এক্স হ্যান্ডল থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি ভাইরালও হয়েছে। ইতিমধ্যে ৩ লক্ষেরও বেশি বার ভিডিয়োটি দেখে ফেলা হয়েছে। প্রায় সাত হাজারের কাছাকাছি নেটাগরিক ভিডিয়োটিতে প্রতিক্রিয়া জানিয়েছেন। ভিন্ন ধরনের মন্তব্যে ভরে উঠেছে মন্তব্যবাক্স। নেটাগরিকদের একাংশ যুগলের ঝগড়াকে নাটকের তকমা দিয়েছেন। তাঁদের মতে, তরুণ-তরুণী সবটাই প্রচারের আলোয় আসার জন্য করেছেন। অনেকে যুগলের ঝামেলাকে ‘মিশন অ্যাটেনশন’-এর তকমা দিয়েছেন।

Advertisement
আরও পড়ুন