Viral Video

জঙ্গলে যানজট! জিপের ভিড়ে নিজের জমিতেই হাঁটার জায়গা পেল না বাঘমামা, পর্যটকদের অভব্যতার ভিডিয়োয় নিন্দার ঝড়

সকলের নজর আটকে রইল জিপগুলির মাঝে পড়ে থাকা রাস্তার ফাঁকা জায়গা দিয়ে হেঁটে আসা বাঘটির দিকে। হিংস্র চতুষ্পদটি নিজেই নিজের জমিতে নিশ্চিন্তে ঘুরে বেড়ানোর সুযোগ পাচ্ছে না। উল্টে উৎসাহী পর্যটকদের চিৎকারে সে বিরক্ত হচ্ছে, সামান্য ভয়ও পাচ্ছে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৮ এপ্রিল ২০২৬ ১২:৪৪
tiger

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

জঙ্গলের মাঝে সরু রাস্তা। সেই রাস্তা দিয়েই সারি ধরে দাঁড়িয়ে রয়েছে একের পর এক সাফারি জিপ। রাস্তার উভয় পাশে একই অবস্থা। নড়াচড়ার জায়গা নেই বললেই চলে। তবে সকলের নজর আটকে রইল জিপগুলির মাঝে পড়ে থাকা রাস্তার ফাঁকা জায়গা দিয়ে হেঁটে আসা একটি বাঘের দিকে। হিংস্র চতুষ্পদটি নিজেই নিজের জমিতে নিশ্চিন্তে ঘুরে বেড়ানোর সুযোগ পাচ্ছে না। উল্টে উৎসাহী পর্যটকদের চিৎকারে সে বিরক্ত হচ্ছে, সামান্য ভয়ও পাচ্ছে। রাজস্থানের রণথম্ভোর জাতীয় উদ্যানের সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, রণথম্ভোর উদ্যানের সরু রাস্তায় দাঁড়িয়ে রয়েছে একের পর এক জিপ। প্রতিটি জিপেই পর্যটকদের ভিড়। কারও হাতে দামি লেন্সের ক্যামেরা, কেউ মোবাইলের ক্যামেরাতেই মন ভরাচ্ছেন। চারিপাশে ঘন সবুজ জঙ্গল। সেই জঙ্গল থেকে বেরিয়ে এসেছে রণথম্ভোরের অন্যতম প্রধান আকর্ষণ, একটি বাঘ। তাকে দেখে পর্যটকদের উৎসাহ যে আরও বৃদ্ধি পেল তা বলাই বাহুল্য। কিন্তু বাঘটি আটকে গেল জিপের জ্যামে। পছন্দের শান্ত পরিবেশে মানুষজনের এত কোলাহল শুনে বাঘটি খানিক হকচকিয়েও গেল। জিপ এগিয়ে-পিছিয়ে বাঘটিকে এগোনোর রাস্তা করে দিলেও তার মুখ থেকে বিরক্তির ছাপ সরল না। উল্টে জিপের আওয়াজ বাঘটিকে বেশ কয়েক বার চমকে দিল। সে পিছন ফিরে তাকাল। আবার এগিয়ে চলল। কিন্তু পর্যটকেরা বাঘটির অস্বস্তিকে পাত্তা দিল না। তাঁরা উচ্চৈস্বরে এত কাছ থেকে বাঘের দেখা পাওয়ার উল্লাস প্রকাশ করতে লাগল। শেষে বাঘমামাই নিজেকে সেখান থেকে সরিয়ে নিল। মেঠো রাস্তা ছেড়ে জঙ্গলের দিকে বাঁক নিয়ে গহীন অরণ্যে চলে গেল। সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়।

‘মন্টি_দ্যট্রাভেলর’ নামের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি ভাইরালও হয়েছে। ইতিমধ্যে দেড় হাজারের কাছাকাছি মানুষ ভিডিয়োটিতে প্রতিক্রিয়া জানিয়েছেন। পোস্টের মন্তব্যবাক্সে নেটাগরিকেরা পর্যটকদের বিরুদ্ধে ক্ষোভপ্রকাশ করেছেন। এক জন নেটাগরিক মন্তব্য করেছেন, “বাঘটি নিজের ঘরেই যানজট সহ্য করছে।” অন্য এক নেটাগরিক মন্তব্য করেছে, “সামান্য ছবি তোলার জন্য কোনও প্রাণীকে এ ভাবে হয়রান করা অনুচিত।”

Advertisement
আরও পড়ুন