Drumstick Pickle

আচারেই মিলবে পুষ্টিগুণ! স্বাদ বদলও হবে, সজনেডাঁটার আচার তৈরির পন্থা শেখালেন রন্ধনশিল্পী

ঝোল, ঝালে ডাঁটা খাওয়ার চল নতুন নয়। তবে সজনেডাঁটা দিয়ে যে আচার হতে পারে, তা হয়তো সকলে জানেন না। এমনই এক আচার তৈরির পন্থা শেখালেন রন্ধনশিল্পী পঙ্কজ ভাদোরিয়া।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৯ এপ্রিল ২০২৬ ২০:২৮
রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে আচারে!

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে আচারে! ছবি: এআই সহায়তায় প্রণীত।

ভারতের নানা প্রান্তেই খাবারের সঙ্গে আচার খাওয়ার চল রয়েছে, তা সে ভাতের পাতে হোক বা পরোটার সঙ্গে।গরম মানেই লেবু, লঙ্কা, আমের আচার। তবে স্বাদ বদলের জন্য বদলে ফেলতে পারেন উপকরণ। সজনেডাঁটার উপকারিতার জন্যই তার কদর। ঝোল, ঝালে ডাঁটা খাওয়ার চলও নতুন নয়। তবে সজনেডাঁটা দিয়ে যে আচার হতে পারে, তা হয়তো সকলে জানেন না। এমনই এক আচার তৈরির পন্থা শেখালেন রন্ধনশিল্পী পঙ্কজ ভাদোরিয়া।

Advertisement
সজনেডাঁটার আচার তৈরি শেখালেন রন্ধনশিল্পী পঙ্কজ ভাদোরিয়া।

সজনেডাঁটার আচার তৈরি শেখালেন রন্ধনশিল্পী পঙ্কজ ভাদোরিয়া। ছবি: ইনস্টাগ্রাম

প্রোটিন, ফ্যাট, পটাশিয়াম, ক্যালশিয়াম, আয়রন, কপার এবং ফসফরাসের মতো উপাদান রয়েছে সজনে ডাঁটায়। এতে রয়েছে ভিটামিন এ, সি এবং বি। পাশাপশি, ক্যালশিয়াম, পটাশিয়াম এবং আয়রনের গুণে সমৃদ্ধ এই সব্জি হাড় ভাল রাখতে এবং বিপাকহার উন্নত করতেও সাহায্য করে। ডাঁটায় রয়েছে ভিটামিন সি এবং অ্যান্টি-অক্সিড্যান্ট।

প্রথমেই সজনে ডাঁটা টুকরো কেটে ধুয়ে ৫-৬ মিনিট নুন জলে সেদ্ধ করে নিতে হবে। তার পরে তৈরি করতে হবে মশলা। ৫০০ গ্রাম সজনেডাঁটা নিলে তাতে ২ টেবিল চামচ জিরে, মৌরি দিন। ১/৪ কাপ গোটা ধনে, সর্ষে দিন। যোগ করুন ১ টেবিল চামচ কালো জিরে। সমস্ত উপকরণ শুকনো কড়ায় হালকা নাড়াচাড়া করে গুঁড়িয়ে নিন।

এবার জল ঝরিয়ে নেওয়া ডাঁটায় মিশিয়ে নিন নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, মশলা, আর একটু বেশি পরিমাণে গরম করা সর্ষের তেল। সমস্ত উপকরণ ভাল করে মিশিয়ে কাচের পাত্রে ভরে রেখে অন্তত তিন দিন রোদে রাখতে হবে। তেল-মশলা, ডাঁটা মজে যাওয়ার পরে সেটি খান।

Advertisement
আরও পড়ুন