ইডলি না দোসা, ওজন কমানোর জন্য দুইয়ের মধ্যে কোনটি খাওয়া ভাল? ছবি:সংগৃহীত।
দক্ষিণ ভারতীয় খাবার ইডলি, দোসা কবেই দক্ষিণের সীমানা ছাড়িয়ে ভারতের নানা প্রান্তে, নানা রাজ্যের পছন্দের খাবার হয়ে গিয়েছে। ইডলি বা দোসা, কোনওটাই ছাঁকা তেলে ভাজা নয়। ইডলি এবং দোসা, চাল এবং বিউলির ডাল ভিজিয়ে বেটে, মজিয়ে তা দিয়েই রান্না হয়। ফলে স্বাস্থ্যকর খাবারের তালিকায় অনায়াসেই ফেলা যায় এই দুই পদকে। কিন্তু যদি লক্ষ্য হয় ওজন ঝরানো, তবে কোনটি বেছে নেবেন, ইডলি না কি দোসা?
ইডলি আর দোসায় তফাত কোথায়
ইডলি হয় ছোট গোলাকার, ফোলা, নরম। যেহেতু এটি চাল-ডাল বাটার মিশ্রণ মজিয়ে নেওয়ার পর তৈরি হয়, সে কারণে এটি পেটের পক্ষেও ভাল। সহজপাচ্য। ইডলির সঙ্গে দেওয়া হয় সম্বর, নারকেলের চাটনি। সব্জি মিশ্রিত সম্বর ডালে মেলে প্রোটিন, ভিটামিন এবং খনিজ। নারকেলের চাটনি স্বাস্থ্যকর ফ্যাটের উৎস। ইডলির মিশ্রণ তৈরিতে যেহেতু চালের ব্যবহার হয়, এতে মেলে কার্বোহাইড্রেট। যা শক্তি জোগাতে সাহায্য করে।
দোসা হয় পাতলা, মুচমুচে। উপকরণ একই। দোসা সাধারণত রকমারি পুর দিয়ে সম্বর, চাটনি সহযোগে খাওয়া হয়। দোসার পুর যেমন আলুর হতে পারে, তেমনই পেঁয়াজ, চিজ় বা সব্জিরও হতে পারে। বাদাম থেকে রকমারি সব্জি পর্যন্ত এতে যোগ করা যায়। পুর, সম্বর এবং চাটনি দিয়ে খেলে, প্রোটিন, স্বাস্থ্যকর ফ্যাট, ভিটামিন এবং খনিজ— সমস্ত চাহিদাই পূরণ করতে পারে দোসা।
ওজন কমাতে কোনটি ভাল?
প্রশ্ন যদি ওজন কমানোর হয়, তা হলে দোসা বা ইডলির উপকরণে খানিক কারিকুরি করা যায়। কারণ, চালে কার্বোহাইড্রেট থাকে। ডালে ফাইবার থাকে। তবে যদি চালের বদলে রাগি এবং ওট্স ব্যবহার করে ইডলি তৈরি করা হয়, তা হলে খাবারে পুষ্টিগুণের মাত্রা আরও বাড়বে। কারণ, রাগি এবং ওট্সে ফাইবারের মাত্রা বেশি। এতে কমপ্লেক্স কার্বোহাইড্রেট রয়েছে। তা ছাড়া, পুর ভরেও ইডলি তৈরি করা যায়। প্রোটিন সমৃদ্ধ পুর ইডলিতে প্রোটিনের মাত্রা বাড়বে। সুতরাং ওজন কমানোর প্রসঙ্গে উঠলে প্রোটিন এবং রাগি বা ওট্সের ইডলি খাদ্যতালিকায় রাখা যেতে পারে। ইডলির সঙ্গে সম্বর এবং বাদাম বা নারকেলের চাটনি থাকলে তা পেটভরা প্রাতরাশ হতে পারে।
একই নিয়ম খাটে দোসার জন্য। স্বাস্থ্যকর মানেই এতে ক্যালোরির মাত্রা খুব কম, তা নয়। কিন্তু দোসার পুরে যদি গ্রেট করা পনির, চিজ় দেওয়া যায় প্রোটিনের মাত্রা বাড়বে। সঙ্গে সব্জি দেওয়া সম্বর, নারকেল বা টম্যাটোর চাটনি থাকলেও বাড়তি পুষ্টি মিলবে।
বেছে নেবেন কোনটি
২টি ইডলিতে ক্যালোরির মাত্রা ১০০ কিলোক্যালোরি। আবার, একটি দোসায় ১১৬-১২২ কিলোক্যালোরি মেলে। ক্যালোরির অঙ্কে ইডলি ভাল। তবে দু’টি ইডিল খেয়ে পেট ভরবে না যদি সম্বর বা চাটনি থাকে। তাই কী ভাবে কোন খাবার, কতটা পরিমাণ খাওয়া হচ্ছে, তার উপর নির্ভর করবে ওজন বশে রাখার বিষয়টি।