Birth Rate in Andhra Pradesh

তৃতীয় সন্তানের জন্ম হলে ৩০,০০০ টাকা! চতুর্থের জন্য ৪০,০০০! জন্মহারে নিম্নমুখী প্রবণতা ঠেকাতে নয়া উদ্যোগ অন্ধ্রপ্রদেশে

জন্মহার কমে যাওয়া বর্তমানে একাধিক রাজ্যের কাছে চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। তার মধ্যে অন্যতম অন্ধ্রপ্রদেশ। এই জন্মহার বৃদ্ধি করতে গত কয়েক মাস ধরেই উদ্যোগী হয়েছে এন চন্দ্রবাবু নায়ডুর সরকার।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৬ মে ২০২৬ ১৮:২৮

— প্রতীকী চিত্র।

দ্বিতীয় সন্তানের জন্ম হলে সরকারি অনুদানের ঘোষণা আগেই করা হয়েছিল। এ বার জানানো হল, তৃতীয় এবং চতুর্থ সন্তানের জন্ম হলেও মিলবে টাকা। শনিবার এমনটাই ঘোষণা করে দিল অন্ধ্রপ্রদেশের সরকার। তৃতীয় সন্তানের জন্ম হলে দম্পতিকে দেওয়া হবে ৩০ হাজার টাকা। চতুর্থ সন্তানের ক্ষেত্রে দেওয়া হবে ৪০ হাজার টাকা।

Advertisement

জন্মহার কমে যাওয়া বর্তমানে একাধিক রাজ্যের কাছে চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। তার মধ্যে অন্যতম অন্ধ্রপ্রদেশ। এই জন্মহার বৃদ্ধি করতে গত কয়েক মাস ধরেই উদ্যোগী হয়েছে এন চন্দ্রবাবু নায়ডুর সরকার। জন্মহার বৃদ্ধির উদ্দেশে সরকারি অনুদান চালু করারও পরিকল্পনা করছে তারা। শনিবার চন্দ্রবাবু বলেন, “আমি একটা নতুন সিদ্ধান্ত নিয়েছি। আমরা তৃতীয় সন্তানের জন্মের পর ৩০ হাজার টাকা এবং চতুর্থ সন্তানের জন্মের পর ৪০ হাজার টাকা দেব। এটা ঠিক সিদ্ধান্ত তো?” অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলামে এক জনসভায় তিনি জানান, এক মাসের মধ্যেই এ বিষয়ে বিস্তারিত ঘোষণা করা হবে।

বস্তুত, একটা সময়ে জনসংখ্যা নিয়ন্ত্রণের জন্য পদক্ষেপের পক্ষে ছিলেন চন্দ্রবাবু। তবে এখন তিনি চাইছেন, জন্মহার বৃদ্ধির জন্য গোটা সমাজ এগিয়ে আসুক। বর্তমানে অন্ধ্রপ্রদেশে জন্মহার ১.৫ শতাংশ। এই হার আগামী দিনে ২.১ শতাংশে তুলে আনতে চায় চন্দ্রবাবুর সরকার। সেই অনুযায়ী নতুন প্রকল্প পরিকল্পনা করছে অন্ধ্রপ্রদেশ সরকার।

এর আগে গত মার্চ মাসে চন্দ্রবাবুর সরকার জানিয়েছিল, দ্বিতীয় সন্তানের জন্মের পরে দম্পতিকে এককালীন ২৫ হাজার টাকা দেওয়া হবে। এই বিষয়টি বিবেচনা করা হচ্ছে বলে গত ৫ মার্চ বিধানসভায় জানিয়েছিলেন চন্দ্রবাবু। পরবর্তী সময়ে তাঁর স্বাস্থ্যমন্ত্রী সত্যকুমার যাদব জানিয়েছিলেন, তৃতীয় এবং চতুর্থ সন্তানের ক্ষেত্রেও এই আর্থিক সুবিধা দেওয়ার কথা ভাবছে সরকার। শনিবার সেই নতুন অনুদানের কথাই ঘোষণা করলেন তিনি।

Advertisement
আরও পড়ুন