কর্নফ্লাওয়ারের বদলে কী ব্যবহার করতে পারেন? ছবি: সংগৃহীত।
যে কোনও মরসুমেই খাওয়া চলে স্যুপ। এই খাবার যেমন রোগীর পথ্য হতে পারে, তেমনই যাঁরা ওজন বশে রাখতে চান, সুস্বাস্থ্য বজায় রাখতে চান, তাঁরও খেতে পারেন প্রোটিন এবং ভিটামিনে সমৃদ্ধ স্যুপ।
স্যুপ সাধারণত পাতলা হয়। তরল এই খাবারটিতে স্বাদ জুড়তে এবং একে ঘন করতে অনেকেই ব্যবহার করেন কর্নফ্লাওয়ার। ভুট্টার আটা এমনিতে তেমন ক্ষতিকর নয়, তাতে পুষ্টি উপাদানও আছে। তবে নিয়ম করে যদি কেউ স্যুপ খান, আর তাতে প্রতি দিন কর্নস্টার্চ ব্যবহার করেন, তবে স্বাস্থ্যে নেতিবাচক প্রভাবও পড়তে পারে।
কর্নস্টার্চ পরিশোধিত কার্বোহাইড্রেট, এর গ্লাইসেমিক ইনডেক্স বেশি। ফলে, নিয়ম করে কর্নস্টার্চ খেলে রক্তে শর্করার মাত্রা বাড়তে পারে। তা ছাড়া, এটি প্রক্রিয়াকরণের ফলে তৈরি কার্বোহাইড্রেট, ফলে হার্ট-বান্ধব নয়। তা ছাড়া, খুব বেশি পুষ্টিগুণও এতে নেই।
স্বাস্থ্যকর বিকল্প
স্যুপ, সস্ বা বিশেষ কোনও পদ— ঝোল ঘন করতে কর্নফ্লাওয়ার না হলে ময়দার ব্যবহারই হয় সবচেয়ে বেশি। কিন্তু এর কোনওটাই স্বাস্থ্যকর নয়। বদলে আর কোন উপকরণ জুড়ে স্যুপ বা খাবারের ঝোল ঘন করতে পারেন?
ওট্স গুঁড়ো: ওট্স হালকা আঁচে নাড়াচাড়া করে মিক্সারে গুঁড়িয়ে নিন। জলে গুলে নিন সেই গুঁড়ো। কর্নফ্লাওয়ারের বদলে ব্যবহার করুন সেটাই। মনে হতে পারে, ওট্সের ব্যবহারে স্বাদ খারাপ হবে। তবে বিষয়টি মোটেই কিন্তু তা নয়। ১-২ টেবিল চামচ ওট্সগুঁড়ো দিলেই চলবে।
চিয়ার গুঁড়ো: স্বাস্থ্যসচেতনদের খাদ্যতালিকায় জায়গা করে নিয়েছে চিয়াবীজ। ওমেগা৩ ফ্যাটি অ্যাসিড, ফাইবারে পূর্ণ এই বীজ। চিয়াবীজ গুঁড়িয়ে রাখুন। স্যুপ ঘন করার সময় ১-২ টেবিল চামচ চিয়ার গুঁড়ো মিশিয়ে দিন। স্বাদে তফাত হবে না, কেউ বুঝতেও পারবে না। মেশানোর সময় একটি কাপে চিয়ার গুঁড়ো নিন। এক হাতা স্যুপ তুলে চিয়ার গুঁড়ো মিশিয়ে তার পরে স্যুপে মেশান।
সব্জিবাটা: সব্জি দিয়ে স্যুপ বানালে সেদ্ধ করা সব্জি স্যুপ-সহ তুলে মিক্সারে ঘুরিয়ে নিন। কিছুটা রোস্ট করা বাদামগুঁড়োও মিশিয়ে দিতে পারেন। এতে স্বাদও বাড়বে স্যুপও ঘন হবে।