কোন ৫ অভ্যাস রয়েছে জ্যাকলিনের রুটিনে? ছবি: সংগৃহীত।
নায়িকা এবং বলিউড তারকা বলে কথা! বাহ্যিক রূপের পরিচর্যায় যে মগ্ন থাকতেই হবে। তবে কেবল রূপ নয়, মনের যত্নও গুরুত্বপূর্ণ বলে মনে করেন জ্যাকলিন ফার্নান্ডেজ়। আর তাই সারা দিনের রুটিনে মানসিক সুস্থতার দিকে বিশেষ ভাবে মনোযোগী অভিনেত্রী। তাঁর রুটিনে জায়গা করে নিয়েছে মোট ৫টি অভ্যাস। কী কী সেগুলি?
জ্যাকলিন ফার্নান্ডেজ়ের রূপচর্চা। ছবি: সংগৃহীত
১. ইতিবাচক শুরু
জ্যাকলিনের মতে, দিনের শুরুটাই নির্ধারণ করে পুরো দিনের মেজাজ। তাই তিনি মানসিক স্বাস্থ্যের উপর বিশেষ গুরুত্ব দিতে চান। সকালে নিজেকে আনন্দে রাখা, খুশি রাখা তাঁর ৫টি অভ্যাসের মধ্যেই পড়ে।
২. পর্যাপ্ত জলপান
জ্যাকলিনের কথায়, ‘‘সারা দিনে মনে করে ইলেকট্রোলাইট পান করি। এটা খুবই জরুরি।’’ পর্যাপ্ত জল এবং ইলেক্ট্রোলাইট নেওয়া তাঁর রুটিনের অবিচ্ছেদ্য অংশ। এতে সারা দিন শক্তি থাকে গায়ে এবং শরীর থাকে হাইড্রেটেড।
৩. ধ্যান
ধ্যান কেবল মানসিক শান্তির জন্য নয়, ত্বকের জন্যও উপকারী, এমনটাই দাবি জ্যাকলিনের। তাই মানসিক চাপ কমাতে এবং শরীরের শক্তির ভারসাম্য বজায় রাখতে তিনি মনে করে ধ্যান করেন।
৪. পর্যাপ্ত ঘুম
সঠিক সময়ে এবং পর্যাপ্ত পরিমাণে ঘুমোনোর অভ্যাস জ্যাকলিনের। এই অভ্যাসের এ দিক-ও দিক হয় না কোনও দিনও। ভাল ঘুম ছাড়া কোনও স্বাস্থ্যকর রুটিন সম্পূর্ণ নয়, এই বিশ্বাসেই জ্যাকলিন প্রতি দিন পর্যাপ্ত পরিমাণে ঘুমিয়ে নেন।
৫. ক্রায়োথেরাপি
ক্রায়োথেরাপিতে শরীরকে অল্প সময়ের জন্য খুব ঠান্ডা তাপমাত্রায় রাখা হয়। জ্যাকলিনের ত্বকচর্চার রুটিনের অংশ এটি। এতে রক্তসঞ্চালন বাড়তে পারে, ত্বক টানটান দেখাতে পারে। এটি এক ধরনের ত্বকের চিকিৎসা পদ্ধতি। যেখানে শরীরের অস্বাভাবিক টিস্যু ধ্বংস করতে বা বিভিন্ন শারীরিক সমস্যার সমাধানে চরম ঠান্ডা বা হিমাঙ্কের নীচে তাপমাত্রা ব্যবহার করা হয়। গ্রিক শব্দ ‘ক্রায়ো’র অর্থ হল, বরফের মতো ঠান্ডা। সেখান থেকেই এই চিকিৎসার নামকরণ। কখনও সারা শরীরের জন্য ক্রায়োথেরাপির চেম্বারে ঢুকতে হয়, কখনও আবার টার্গেটেড থেরাপি বা নির্দিষ্ট অংশে প্রয়োগ করা হয়। তবে এটি স্থায়ী সমাধান নয় এবং অতিরিক্ত করলে ত্বকের ক্ষতিও হতে পারে।