Pneumonia Vaccine

বয়স্কদের বিনামূল্যে নিউমোনিয়ার টিকা দেওয়া শুরু হচ্ছে কেরলে, কেন এই প্রতিষেধক প্রবীণদের জন্য জরুরি?

দেশে প্রথম বিনামূল্যে বয়স্কদের নিউমোনিয়ার টিকা দেবে কেরল। কেন এই প্রতিষেধক বয়স্কদের জন্য বেশি জরুরি?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৪ মার্চ ২০২৬ ১১:০৪
নিউমোনিয়ার কী কী টিকা আছে, খরচ কত?

নিউমোনিয়ার কী কী টিকা আছে, খরচ কত? ছবি: ফ্রিপিক।

নিউমোনিয়া এখন আর শুধু মরসুমি অসুখ নয়। বছরের যে কোনও সময়ে হানা দিতে পারে ফুসফুসের এই অসুখ। নিউমোনিয়ার কারণ যে ব্যাক্টেরিয়া সে স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি, তা রূপ বদলে আরও ভয়াবহ হয়ে উঠেছে বলে দাবি চিকিৎসকদের। তাই এই রোগের এত বাড়বাড়ন্ত। প্রতি বছরই নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে মৃত্যু হয় বহু মানুষের। আক্রান্তদের তালিকায় শিশু এবং বয়স্কেরাই বেশি। কোভিডের পর থেকে রোগটির প্রকোপ অনেক বেড়েছে। বিশেষ করে ‘অ্যাকিউট নিউমোনিয়া’ চিন্তার কারণ হয়ে উঠেছে। তবে শুধু রোগ নিয়ে আতঙ্কে ভুগলে তো চলবে না, তার প্রতিরোধের উপায়ও ভাবতে হবে। তা ভেবেছেও কেরল। দেশে প্রথম বার এই রাজ্যই বিনামূল্যে নিউমোনিয়ার প্রতিষেধক দেওয়া শুরু করবে বয়স্কদের।

Advertisement

কেরলের স্বাস্থ্যমন্ত্রকের তরফে জানানো হয়েছে, বয়স্কদের জন্য বাধ্যতামূলক করা হতে পারে নিউমোনিয়ার টিকা। দারিদ্রসীমার নীচে যাঁরা রয়েছেন, তাঁদের অগ্রাধিকার দেওয়া হবে।

কেন নিউমোনিয়ার টিকা জরুরি?

নিউমোনিয়া কেবল ব্যাক্টেরিয়া ঘটিত রোগ নয়, ছত্রাকের সংক্রমণ থেকেও হতে পারে। সংক্রমণ যত বাড়ে, শ্বাসকষ্টও বাড়তে থাকে। বুকে ব্যথা হতে পারে। বুকের ব্যথার এই ধরন একটু আলাদা। সাধারণত, গভীর শ্বাস নেওয়ার সময়ে বুকে ব্যথা অনুভূত হবে। এ ছাড়া, মাথা যন্ত্রণা, ক্রমশ দুর্বল হয়ে পড়া, খাওয়ায় অনীহা, সারা ক্ষণ বমি ভাবও আনুষঙ্গিক লক্ষণের মধ্যে পড়ে।

বয়স্কদের ক্ষেত্রে অনেক সময়েই দেখা যায়, শ্বাসের হার মাত্রাতিরিক্ত বেড়ে গিয়েছে। প্রতি মিনিটে শ্বাসপ্রশ্বাসের হার ৩০ বা তারও বেশি হয় অনেকের। এমনকি, প্রতি মিনিটে হৃৎস্পন্দনের হার বেড়ে ১২০-ও হতে পারে। সে ক্ষেত্রে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া জরুরি। হাঁপানি বা সিওপিডি যাঁদের আছে, তাঁদের ঝুঁকি অনেকটাই বেশি। তবে টিকা নিয়ে রাখলে বিপদ কম হবে।

এই বিষয়ে চিকিৎক অরুণাংশু তালুকদারের মত, নিউমোনিয়ার দু’রকম টিকা আছে— নিউমোকক্কাল কনজুগেট ভ্যাকসিন (পিসিভি) এবং নিউমোকক্কাল পলিস্যাকারাইড ভ্যাকসিন (পিপিএসভি)। পিসিভি টিকা শিশু ও বয়স্কদের জন্য। আর পিপিএসভি টিকা তাঁদেরই দেওয়া হয়, যাঁদের বয়স ষাট পেরিয়েছে এবং ফুসফুস দুর্বল বা সিওপিডি, হাঁপানির মতো রোগ বা অন্য কোনও জটিল অসুখ রয়েছে। পিসিভি১৩, নিউমোসিল, পিপিএসভি২৩, সিনফ্লোরিক্স ইত্যাদি নানা নামের টিকা রয়েছে এ দেশে। খরচ পড়বে ১০০০ থেকে ৫০০০ টাকার মধ্যে।

Advertisement
আরও পড়ুন