Exercises for spondylitis

স্পন্ডিলাইটিসের ব্যথাও জব্দ হবে, কমবে কাঁধ-ঘাড়ের যন্ত্রণা, রোজ অভ্যাস করতে হবে সহজ কিছু আসন

স্পন্ডিলাইটিসের ব্যথার হাত থেকে বাঁচতে কেবল ওষুধ খেলেই হবে না, মেনে চলতে হবে কিছু অভ্যাসও। নিয়মিত যোগাসনে এই ধরনের ব্যথা থেকে রেহাই পাওয়া সম্ভব। তবে শিখে নিতে হবে সঠিক পদ্ধতি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৬ এপ্রিল ২০২৬ ১৮:১৮
স্পন্ডিলাইটিস খুব ভোগালে অভ্যাস করতে পারেন সহজ কিছু যোগব্যায়াম।

স্পন্ডিলাইটিস খুব ভোগালে অভ্যাস করতে পারেন সহজ কিছু যোগব্যায়াম। ছবি: ফ্রিপিক।

স্পন্ডিলাইটিসের ব্যথা যে কোনও বয়সেই ভোগাতে পারে। দীর্ঘ সময় এক ভাবে বসে থাকলে বা শুয়ে থাকলে ঘাড়ে-পিঠে অসহ্য যন্ত্রণা হয়। স্পন্ডিলাইটিসের অনেক ধরন আছে। এর মধ্যে যন্ত্রণাদায়ক হল অ্যাঙ্কিলোজিং স্পন্ডিলাইটিস। কোমরের হাড়ের প্রদাহ থেকেই মূলত যন্ত্রণা হয়। এই রোগে ঘাড়, বুক আর কোমরের অংশের মেরুদণ্ডের কশেরুকা জুড়ে গিয়ে মেরুদণ্ডের নমনীয়তা একদম কমে যায়। অনেকেই সামনে ঝুঁকতে পারেন না, ঘাড় ঘোরাতে পারেন না। আক্রান্ত হয় হিপ জয়েন্টও। চলতে অসুবিধা হয়। কিন্তু সচল থাকাটা খুব প্রয়োজন। আর সে জন্যই জরুরি যোগাসনের কিছু বিশেষ পদ্ধতি।

Advertisement

জ্যেষ্ঠিকাসন

ম্যাটের উপর উপুড় হয়ে শুয়ে পড়ুন। পেট ও কপাল মাটিতে ঠেকে থাকবে। এ বার ঘাড়ের উপরের দিকে দুই হাতের তালু এনে আঙুল পরস্পর জুড়ে রাখুন। কনুই মাটিতে ঠেকানো থাকবে। স্বাভাবিক ভাবে শ্বাস-প্রশ্বাস নিন। এর পর দুই হাতের আঙুলগুলি মুষ্টিবদ্ধ অবস্থাতেই রেখে তালু দিয়ে ঘাড়ে মৃদু চাপ দিন। ৩–৫ মিনিট শান্ত ভাবে শুয়ে থেকে এই পদ্ধতি করুন। আসনটি করার সময়ে টিভি দেখা, মোবাইল দেখা বা কথা বলা চলবে না।

মার্জারাসন

প্রথমে মাটিতে দুই পা এবং হাতের উপর ভর দিয়ে বিড়ালের মতো ভঙ্গি করুন। এর পর এক বার পিঠ ফুলিয়ে মাথা নিচু করে শ্বাস নিন, আবার পেট ঢুকিয়ে শ্বাস ছাড়ুন। এই আসন অভ্যাস করুন ৫ বার করে অন্ততপক্ষে ৫ মিনিট।

গোমুখাসন

ম্যাটের উপর সোজা হয়ে বসুন। দুই হাত থাকুক কোলের উপর। চোখ বন্ধ করে ঘাড়, পিঠ ও মাথা সোজা করে বসুন। এ বারে বাঁ হাত কোমরের নীচের দিক থেকে পিঠের দিকে তুলুন। ডান হাত ঘাড়ের পিছন থেকে নীচের দিকে নামান। তার পর ধীরে ধীরে ডান হাত দিয়ে বাঁ হাতের আঙুল ধরার চেষ্টা করুন। আসন শুরুর দিকে দুই হাতের আঙুল ধরা মুশকিল হতে পারে। তবে নিয়মিত অভ্যাস করলে তা আয়ত্তে আসবে। আসনটি করার সময়ে শ্বাসপ্রশ্বাস স্বাভাবিক থাকবে। ২০ সেকেন্ড করে তিন বার করতে হবে আসনটি।

Advertisement
আরও পড়ুন