Summer Soup Recipes

গরমে খাবারে অরুচি, ভাত-রুটি খেতে মন না চাইলে বানিয়ে ফেলুন নানা রকম পুষ্টিকর স্যুপ

গরমের দিনে অরুচি বাড়ে। খাবার খেতে মন চায় না। এই সময়ে ভাত বা রুটি খেতে ইচ্ছে না হলে বানিয়ে ফেলুন নানা রকম স্যুপ। সব সময়েই যে হরেক রকম উপকরণ দিয়ে রসিয়ে রেস্তরাঁর মতো স্যুপ বানাতে হবে তা নয়। মরসুমি সব্জি দিয়েই কম সময়ে বানিয়ে নেওয়া যাবে পুষ্টিকর অথচ সুস্বাদু নানা স্যুপ। খেতে চাইবে ছোটরাও।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৩ মে ২০২৬ ১৬:৫২
গরমের দিনের জন্য বানিয়ে ফেলুন নানা রকম স্যুপ।

গরমের দিনের জন্য বানিয়ে ফেলুন নানা রকম স্যুপ। ছবি: ফ্রিপিক।

বাড়ির খাবারে রুচি নেই। খালি বাইরের খাবার খেতেই মন চায়। এ দিকে গরম যে ভাবে বাড়ছে, তাতে খাবারে অরুচিই হচ্ছে বেশি। কিছু খেতেই মন চাইছে না। এই সময়ে তাই ভাত বা রুটির বিকল্প হতে পারে নানা রকম স্যুপ। মরসুমি সব্জি ও ঘরোয়া উপকরণেই বানিয়ে ফেলতে পারেন পুষ্টিকর স্যুপ, যা ওজন কমাবে এবং শরীরও সুস্থ রাখবে।

Advertisement

রাগি-সব্জির স্যুপ

প্যানে ঘি গরম করে তাতে একটি তেজপাতা ও রসুন কুচি দিয়ে নাড়ুন। হালকা সতেঁ করে নিয়ে তাতে গাজর, বিন্‌স, ফুলকপি ও কড়াইশুঁটি দিয়ে দিন। ভাল করে নাড়াচাড়া করে ঢেকে বসিয়ে দিন ৮-১০ মিনিট। সব্জিগুলি যেন ভাল করে ভাজা হয়, তা হলে স্বাদ ভাল লাগবে। এ বার তাতে রাগি মিশিয়ে জল দিন। স্যুপ ফুটতে শুরু করলে তাতে ডিম মিশিয়ে দিতে হবে। ভাল করে ফুটে গেলে গোলমরিচ ছড়িয়ে নামিয়ে নিতে হবে। গরম গরম পরিবেশন করুন।

মাশরুমের স্যুপ

মাশরুম ছোট ছোট টুকরো করে কেটে ভাল করে ধুয়ে নিন। প্যানে সামান্য মাখন বা অলিভ তেল দিয়ে তাতে একটি গোটা পেঁয়াজের কুচি ও ৩টি রসুনের কোয়া দিয়ে ভেজে নিন। তাতে দিন মাশরুমের টুকরোগুলি। ভাল করে ভাজা হলে আধ কাপ দুধে কর্নফ্লাওয়ার গুলে ঢেলে দিন। ভাল করে ফোটান যত ক্ষণ না ঘন হয়। এ বার উপর থেকে গোলমরিচের গুঁড়ো ও গ্রেট করা চিজ় ছড়িয়ে পরিবেশন করুন।

আদা-গাজরের স্যুপ

মাঝারি আঁচে বড় একটি সসপ্যানে ২ টেবিলচামচ অলিভ অয়েল গরম করে তাতে পেঁয়াজশাক, পেঁয়াজ, রসুন, আদা দিয়ে ভাল করে ৫ মিনিট ভেজে নরম হলে (বাদামি রং ধরবে না) তাতে জিরে, ধনে, স্বাদ বুঝে লঙ্কা বাটা দিয়ে সুগন্ধ বেরনো পর্যন্ত রান্না করুন। এ বার মশলায় গাজর কুচি দিয়ে ভাল করে নেড়ে সেদ্ধ হতে দিন। ছোট একটি প্যানে মাঝারি আঁচে ২ টেবিল চামচ অলিভ অয়েল গরম করে তাতে বাদাম দিয়ে আঁচ কমিয়ে কিছু ক্ষণ নাড়াচাড়া করে গন্ধ বেরোলে নামিয়ে নিন। সেটি স্যুপে ঢেলে দিন। উপরে ধনেপাতা ছড়িয়ে দিন। চাইলে নারকেলের দুধও দিতে পারেন।

Advertisement
আরও পড়ুন