Coconut Cooler

শুধু ডাবের জল নয়, মিশিয়ে নিন ৫ উপকরণ, সঞ্জীব কপূর শেখালেন ‘কুলার’ তৈরির পন্থা

তেষ্টা মেটাতে শুধু ডাবের জল নয়, এই গরমে বানিয়ে ফেলতে পারেন ‘কুলার’ও। বাড়তি উপকারও মিলবে এতে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০১ এপ্রিল ২০২৬ ১৫:১৯
গরমে শুধু তেষ্টাই মিটবে না, ঠান্ডা হবে শরীরও। কী ভাবে বানাবেন কুলার।

গরমে শুধু তেষ্টাই মিটবে না, ঠান্ডা হবে শরীরও। কী ভাবে বানাবেন কুলার। ছবি: সংগৃহীত।

ডাবের জল গরমে শুধু স্বস্তি দেয় না, শরীরে প্রয়োজনীয় খনিজের ভারসাম্য রক্ষা করতেও সাহায্য করে। ডাবের জলের উপকারিতা অনেক। তবে যদি সেই জল দিয়ে বানিয়ে নেওয়া যায় সুস্বাদু ‘কুলার’। গরমে তেতে-পুড়ে এলে এই জল শুধু স্বস্তি দেবে না, শরীরও ঠান্ডা রাখবে। ডাবের জলে শুধু মেশাতে হবে সাধারণ কয়েকটি উপাদান। রন্ধনশিল্পী সঞ্জীব কপূর শেখালেন সাধারণ ডাবের জলকে কী ভাবে স্বাদু কুলার-এ পরিণত করা যায়।

Advertisement

কুলার বানাতে লাগবে হালকা শাঁসযুক্ত ডাব। এমন ডাবের জলের স্বাদও একেবারে কচি ডাবের চেয়ে মিষ্টি বেশি হয়। ডাবের শাঁস বার করে কুচিয়ে নিন। একটি গ্লাসে প্রথমে ডাবের শাঁসের টুকরো এবং থেঁতো করা তুলসীপাতা দিয়ে যোগ করুন ডাবের জল। মিশিয়ে দিন আগে থেকে ভিজিয়ে রাখা ২ টেবিল চামচ চিয়াবীজ। দিতে হবে পাতিলেবুর রস এবং স্বাদমতো সৈন্ধব লবণ। বরফের কুচি মিশিয়ে খেয়ে নিন স্বাস্থ্যকর, স্বস্তিদায়ক শরবত।

চিনির ব্যবহার নেই বলে স্বাস্থ্যহানির ঝুঁকি নেই। চিয়াবীজে ফাইবার থাকে, যা হজমে সহায়ক। পাতিলেবুর রসে থাকে ভিটামিন সি, যা রোগ প্রতিরোধে সাহায্য করে। তুলসী শুধু গন্ধ যোগ করে না, এই পাতার গুণও অনেক। গরমে ঘামের সঙ্গে শরীর থেকে নুন বেরিয়ে যায়। ফলে সৈন্ধব লবণ শরীরে খনিজের মাত্রা ঠিক রাখতে সাহায্য করবে।

Advertisement
আরও পড়ুন