(বাঁ দিকে) কুণাল ঘোষ এবং শুভেন্দু অধিকারী (ডান দিকে)। — ফাইল চিত্র।
তারাতলা-কাণ্ডের জেরে কলকাতা ও শহরতলিতে যাবতীয় নির্মাণ-কাজের নকশার (প্ল্যান) অডিট করার জন্য চার সপ্তাহ নির্মাণ বন্ধের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তবে সেই সব নির্মাণের সঙ্গে যুক্ত শ্রমিকদের যাতে সমস্যায় পড়তে না হয়, তার জন্য মুখ্যমন্ত্রীর কাছে আর্জি জানিয়েছিলেন ‘কালীঘাটপন্থী’ তৃণমূল কংগ্রেসের বিধায়ক কুণাল ঘোষ। ওই শ্রমিকদের জন্য বিনামূল্যে খাবারের ব্যবস্থা করার বিষয়ে মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন। তার জন্য মুখ্যমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন কুণাল।
প্রসঙ্গত, বৃহস্পতিবার বিধানসভার অলিন্দে শুভেন্দুর সঙ্গে কুণালের আলাপচারিতা ঘিরে নানা রাজনৈতিক জল্পনা তৈরি হয়েছিল। তবে ওই আলাপচারিতার প্রসঙ্গ তুলে শুক্রবার কুণাল বলেছেন, “আমি মুখ্যমন্ত্রীকে বলেছি, কাজ বন্ধের নির্দেশে পূর্ণ সমর্থন রয়েছে। কিন্তু বহু গরিব শ্রমিক অনেক দূর থেকে এসে সপরিবার নির্মাণ-ক্ষেত্রে কাজ করেন। দৈনিক আয়ের উপরে তাঁরা নির্ভরশীল। মুখ্যমন্ত্রী সহমত পোষণ করে বলেছেন, ‘ওঁদের বিনামূল্যে খাবারের ব্যবস্থা করছি’।”