Saunf Adulteration

মৌরিতেও মিশছে ভেজাল? গুজরাতে সাড়ে ৩ হাজার কেজি বাজেয়াপ্ত, কী ভাবে চিনবেন খাঁটি কোনটি?

আটা-ময়দা, মশলা থেকে চা-কফি— ভেজাল সবেতেই। কোনটি খাঁটি আর কোনটিতে মিশে রয়েছে ক্ষতিকর রাসায়নিক তা চেনা বড়ই কঠিন। সম্প্রতি গুজরাতে প্রায় সাড়ে তিন হাজার কেজি ভেজাল মৌরি উদ্ধারের পরে নড়েচড়ে বসেছে খাদ্যের গুণমান নিয়ন্ত্রক সংস্থা। মৌরিতে কী ধরনের ভেজাল মিশছে?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৫ মে ২০২৬ ১৮:১১
Over 3,500 kg of adulterated Fennel Seeds seized in Gujarat, here is how you can Identify Pure Saunf at Home

ভেজাল মৌরি চেনার উপায় কী? ছবি: ফ্রিপিক।

মুখশুদ্ধি হিসেবে হোক কিংবা রান্নার ফোড়ন হিসেবে, মৌরির জুড়ি মেলা ভার। ভূরিভোজের পরে একটুখানি মৌরি মুখে ফেললে তৃপ্তি আসে। আবার পেটগরম, পেট ফাঁপা বা হজমের সমস্যার সমাধানেও মৌরির ভূমিকা রয়েছে। সকাল সকাল এক গ্লাস মৌরি-মেথি ভেজানো জল খেলে পেট ঠান্ডা থাকে। মৌরি আবার প্রদাহনাশক, হার্টও ভাল রাখে। দামে কম ও হাজার গুণের অধিকারী মৌরিও এখন শুদ্ধ নয়। তাতেও মিশছে ভেজাল। গুজরাতের একটি ঘটনায় নড়েচড়ে বসেছে খাদ্যের গুণমান নিয়ন্ত্রক সংস্থা বা এফএসএসএআই। গুজরাতে সম্প্রতি প্রায় ৩৫০০ কেজি ভেজাল মৌরি বাজেয়াপ্ত করেছে প্রশাসন। তার পরেই প্রশ্ন উঠেছে, বাজারে যে মৌরি পাওয়া যাচ্ছে, তার সবটাই খাঁটি কি না। ভেজাল মৌরি চেনার উপায়ও বা কী, তা নিয়েও কৌতুহল তৈরি হয়েছে।

Advertisement

কী কী ভেজাল মিশছে মৌরিতে

খাদ্য সুরক্ষা দফতর জানিয়েছে, মৌরিকে উজ্জ্বল সবুজ ও চকচকে দেখাতে ক্ষতিকর রাসায়নিক ও কৃত্রিম রং মেশানো হচ্ছে। খালি চোখে দেখে যা ধরা মুশকিল। মৌরি দীর্ঘ দিনের পুরনো বা পচা হলেও যাতে নতুনের মতো দেখায় সে জন্য এতে মেশানো হচ্ছে ট্যালকম পাউডার ও সালফার-ডাই অক্সাইড। এতে মৌরি অনেক বেশি আকর্ষণীয় ও চকচকে হয়ে ওঠে। অনেক সময়ে অসাধু ব্যবসায়ীরা আসল মৌরি থেকে তেল নিষ্কাশন করে নিয়ে তাতে রাসায়নিক মিশিয়ে তাজা দেখানোর চেষ্টা করেন।

মৌরি অনেক পুরনো হয়ে গেলে বা তাতে ছত্রাক জন্মালে তার রং ধূসর হয়ে যায়। এই ধরনের মৌরি আবার উজ্জ্বল সবুজ দেখাতে ম্যালাকাইট গ্রিন নামে এক ধরনের সবুজ রং মিশিয়ে দেওয়া হয়। এই জাতীয় রং সাধারণত অ্যাকোয়ারিয়ামের ছত্রাক দূর করতে ও কলকারখানায় ব্যবহার করা হয়।মানুষের পেটে গেলে এটি লিভার, হার্ট ও কিডনি বিকল করে দিতে পারে।

ব্রিলিয়ান্ট ব্লু নামে এক ধরনের ফুড কালারও মেশে মৌরিতে। তা ছাড়া চকচকে দেখাতে ও দীর্ঘ দিন সংরক্ষণ করে রাখার জন্য মৌরির উপর রাসায়নিক স্প্রে করা হয়, যা বিপজ্জনক। এই ধরনের রাসায়নিক মেশানো মৌরি খেলে তা থেকে শরীরে বিষক্রিয়া ঘটতে পারে। তা ছাড়া এমন রাসায়নিক স্নায়বিক রোগের কারণও হয়ে উঠতে পারে।

ভেজাল মৌরি চেনার উপায় কী?

খোলা চটের বস্তার বা অতিরিক্ত সস্তা ও উজ্জ্বল সবুজ রঙের মৌরি কিনবেন না। দোকান থেকে কেনা মৌরি এক গ্লাস জলে ভিজিয়ে রাখবেন। যদি মৌরিটি কৃত্রিম রঙে রাঙানো হয়, তবে জলটি দ্রুত সবুজ বা নীলচে হয়ে যাবে এবং মৌরিগুলি ফ্যাকাশে হয়ে যাবে। আসল মৌরি থেকে রং বার হবে না।

মশলা কেনার সময় সব সময় বিশ্বস্ত ব্র্যান্ডের অথবা এফএসএসএআই অনুমোদিত প্যাকেটজাত মৌরি কেনাই ভাল।

সামান্য পরিমাণ মৌরি নিয়ে হাতে ঘষে নিন। ঘষার পর যদি দেখেন, হাতের তালুতে সবুজ বা হলদেটে রঙের দাগ লেগে যাচ্ছে, তা হলে বুঝতে হবে তাতে কৃত্রিম রং মেশানো হয়েছে বা রাসায়নিক স্প্রে করা হয়েছে।

মৌরির ভিতরে থাকা এসেনশিয়াল অয়েলের জন্য তার গন্ধ মিষ্টি ও ঝাঁঝালো হয়। সামান্য মৌরি হাতের আঙুলে নিয়ে একটু ঘষে তার ঘ্রাণ নিন। যদি কোনও রাসায়নিকের উগ্র গন্ধ ব পাউডারের মতো গন্ধ পান, তা হলে বুঝতে হবে সেই মৌরির তেল নিষ্কাশন করে নিয়ে তাতে রাসায়নিক মেশানো হয়েছে।

খাঁটি মৌরি চিবোলে মিষ্টি স্বাদ লাগে, কিন্তু ভেজাল মৌরির স্বাদ তেতো। চিবোনোর পর যদি দেখেন জিভে সবুজ রং লেগে রয়েছে তা হলে বুঝতে হবে, সেটিতে রং মেশানো রয়েছে।

Advertisement
আরও পড়ুন