Kajols special Protein Shake

ঘরে বানানো প্রোটিন শেকই পছন্দ কাজলের, কিন্তু তা ‘উদ্ভট’ মনে হতে পারে কেন?

কাজলের নিজস্ব প্রোটিন রেসিপি অন্য অভিনেত্রীর কাছে উদ্ভট। কী দিয়ে বানান তিনি? তা কতটাই বা স্বাস্থ্যকর?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:৩৪
কাজলের বাড়িতে বানানো প্রোটিন শেক কতটা পুষ্টিকর?

কাজলের বাড়িতে বানানো প্রোটিন শেক কতটা পুষ্টিকর? ছবি: আনন্দবাজার ডট কম।

এক সময়ে বলিউডের দাপুটে অভিনেত্রী ছিলেন কাজল। বিয়ে এবং দুই সন্তানের জন্মের পর কাজের পরিসর খানিক ছোট হয়। তবে ছেলে-মেয়ে যুগ এবং নিসা বড় হওয়ার পর আবার কাজের জগতে ফিরেছেন তিনি। একাধিক সিনেমা থেকে ওয়েব সিরিজ়ে ‘মা’-এর ভূমিকায় দেখা গিয়েছে তাঁকে।

Advertisement

তবে কাজল এবার টক শো-য়ের মঞ্চে। ‘টু মাচ’ নামের সেই শোয়েই উঠে এসেছে কাজলের টুকিটাকি অভ্যাসের কথা। আর সেখানেই কাজলের প্রোটিন শেকের রেসিপি শুনে অবাক টুইঙ্কল খন্না। তিনি বলছেন, ‘উদ্ভট’।

কিন্তু কী এমন খান প্রোটিন শেকে? অভিনেত্রী বলেছেন, ‘‘আমার নিজস্ব প্রোটিন শেকের রেসিপি রয়েছে। ডিম, কাঠবাদামের দুধ এবং কমলালেবু।’’ তা শুনেই বিস্মিত টুইঙ্কল।কারণ, ডিম, কাঠবাদামের দুধ এবং কমলালেবু— তিনটিই উপকারী নিঃসন্দেহে। কিন্তু ডিমের সঙ্গে লেবু, আবার দুধের সঙ্গেও! কাজল বলছেন, ‘‘কারও কাছে এটা অদ্ভুত মনে হলেও, এটা তৈরি করা ভীষণ সহজ।’’

এমনটা কি খাওয়া যায় না উচিত? পুষ্টিবিদ অনন্যা ভৌমিক জানাচ্ছেন, ‘‘ কাজল যে তিন উপকরণের কথা বলেছেন, প্রতিটিই পুষ্টিকর। ডিম-দুধ খাওয়াই হয়। আর তাতে যদি কমলালেবুর কৃত্রিম ফ্লেভারের বদলে টাটকা লেবুর রস বা নির্যাস যোগ করা হয়, কোনও সমস্যা হওয়ার কথা নয়।’’

ডিম স্বাস্থ্যের পক্ষে ভাল। একটি ডিম থেকে শক্তি মেলে ৭৮ ক্যালোরি। এতে প্রোটিন থাকে ৬.৩ গ্রাম, ফ্যাট ৫.৩ গ্রাম। এ ছাড়াও রয়েছে স্বাস্থ্যকর ফ্যাট। ভিটামিন বি১২, ভিটামিন এ, ফসফরাস, সেলিনিয়াম-সহ একাধিক খনিজ। পেশি মজবুত করতে, শরীরের শক্তির জন্য প্রোটিন অন্যতম উপাদান।

অন্য দিকে, কাঠবাদামের দুধ ল্যাক্টোজ়মুক্ত পানীয়। গরু বা প্রাণিজ দুধে থাকে ল্যাক্টোজ়, যা অনেকেই হজম করতে পারেন না। ফলে গরুর দুধ খেলে কারও কারও পেটের সমস্যা হয়। কিন্তু কাঠবাদামের দুধে ভিটামিন ই, ম্যাগনেশিয়াম এবং স্বাস্থ্যকর ফ্যাট রয়েছে । এ ছাড়া রয়েছে ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিড। রক্তে ‘খারাপ’ কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখতে এই বাদাম খাওয়া যায়। কাঠবাদামের দুধে ক্যালোরির মাত্রা কম অথচ পুষ্টিগুণ অনেক। হজমেও সহায়ক।

কমলালেবু ভিটামিন সি-এর অন্যতম উৎস। রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে এর বিশেষ ভূমিকা রয়েছে। এতে থাকা ডায়েটরি ফাইবার অন্ত্রের স্বাস্থ্য ভাল রাখে। এছাড়াও পটাশিয়াম-সহ একাধিক খনিজ রয়েছে ফলটিতে।

অম্বলের ভয় আছে কি?

তিন উপাদানই পুষ্টিকর এবং স্বাস্থ্য উপযোগী। কিন্তু ডিমের সঙ্গে লেবু বা দুধের সঙ্গে লেবু খেলে কি অম্বল বা বদহজমের ভয় থাকতে পারে? স্বাদই বা কেমন হবে? অনন্যা মনে করাচ্ছেন, হজমক্ষমতা বা স্বাদের উপলব্ধি এক একজনের এক একরকম। ডিমের সাদা অংশে থাকে অ্যালবুমিন, যা অত্যন্ত উচ্চমাত্রার প্রোটিন। কাঠবাদামের দুধও স্বাস্থ্যর পক্ষে খুবই ভাল। যিনি খাচ্ছেন, তাঁর যদি প্রোটিন শেকটি হজমে সমস্যা না হয়, তা হলে কোনও ব্যাপারই নয়। তবে প্রোটিন শেকটি কাঁচা ডিম দিয়ে তৈরি হলে তা আর ততটাও স্বাস্থ্যকর থাকবে না, এতে সমস্যা হবে। সেদ্ধ ডিম বা ডিমের সাদা অংশ পোচ করে এতে জোড়া যেতে পারে।

তবে প্রত্যেকের শরীরে সব খাবার যে সমান ভাবে সহ্য হবে এমন নয়। অনেকের লেবু খেলে অম্বল হয়। তাঁর এটি সহ্য হবে না। আবার যাঁর ডিম হজম করতে সমস্যা হয়, তাঁর জন্যও এই শেক নয়।

Advertisement
আরও পড়ুন