রানি মুখোপাধ্য়ায়ের ফিটনেস রহস্য় কী? ছবি: সংগৃহীত।
মাসখানেকের মধ্যে ৪৮-এ পা দেবেন তিনি। তবু ‘মর্দানী ৩’ ছবির অ্যাকশন দৃশ্যে রানি মুখোপাধ্যায় নিরাশ করেননি তাঁর দর্শকদের। প্রশ্ন জাগছে, এই বয়সে এমন ফিটনেস কী ভাবে সম্ভব! প্রযুক্তির সাহায্য নাকি প্রয়োজন পড়েনি রানির। শৃঙ্খলাবদ্ধ যাপনই তাঁকে এমন ফিট থাকতে সাহায্য করেছে। চল্লিশোর্ধ্ব মহিলাদের জন্য বলিউডের বাঙালি অভিনেত্রীর এমন স্বাস্থ্যকর অভ্যাসই অনুপ্রেরণা হয়ে উঠতে পারে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে রানি তাঁর ফিটনেস ও স্বাস্থ্যকর যাপনের কথা প্রকাশ করেছেন। সকালে যোগাসনের অভ্যাসই নাকি তাঁকে সুস্থ রেখেছে আজও। রানির কথায়, ‘‘পৃথিবীর যেখানেই থাকি না কেন, রোজ সকালে যোগাসন করতেই হবে। সঙ্গে সূর্য নমস্কার। আমার কাছে এটা খুব গুরুত্বপূর্ণ। এই দু’টি জিনিস আমার প্রতিটি সকালের রুটিনের অংশ। যে মুহূর্তে সূর্য ওঠে, আমার ব্যায়াম শুরু হয়ে যায়।’’
কেবল শরীরচর্চা নয়, খাওয়াদাওয়ার বিষয়েও সচেতন রানি। অভিনেত্রীর বিশ্বাস, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে খাবার খাওয়া নিয়ে খানিক ভাবনাচিন্তা করা উচিত। রানি সবই খান, কোনও বাছবিচার নেই। কিন্তু পরিমাপ বেঁধে খাওয়ার পক্ষপাতী তিনি। রানির কথায়, ‘‘১০-২০ বছর আগে যা খেতাম, যতটা খেতাম, এখন সে ভাবে খাই না। খানিক ভারসাম্য রাখতেই হবে। সবই খাওয়া যায়, কিন্তু সীমা অতিক্রম না করে। এই নিয়মেই নিজেকে বেঁধেছি আমি।’’
রূপচর্চার ক্ষেত্রেও সাদামাঠা অথচ শৃঙ্খলা মেনে চলার অভ্যাস তাঁর। ত্বকের যত্নে কেবল নারকেল তেলেই ভরসা রানির। তাঁর বিশ্বাস, মহারাষ্ট্রে জন্মে, সামুদ্রিক জল-হাওয়ায় বেড়ে উঠে, উপকূলীয় জলহাওয়ায় এই তেল জাদুর মতোই কাজ করে। স্বাস্থ্যচর্চা থেকে ত্বকচর্চার ক্ষেত্রে সরল নিয়মে বেঁধেছেন নিজের যাপনকে।