Summer Drinks Recipes

গরমে পেট ঠান্ডা রাখবে ডাবের জল-লিচুর শরবত, ফলের রস দিয়ে আর কী কী পানীয় বানাতে পারেন?

গরমের দিনে রোদে তেতেপুড়ে ফিরে ঠান্ডা পানীয় খেতেই মন চায়। আর তা যদি হয় ফলের রসের কুলার, তা হলে তো কথাই নেই। তবে এখন প্রায় সকলেই স্বাস্থ্যসচেতন। তাই সোডা ছাড়াই বানিয়ে ফেলুন রকমারি ফলের রস দিয়ে তৈরি স্বাস্থ্যকর সব শরবত।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৭ জুন ২০২৬ ১৭:৫২
Refreshing Summer Drinks to Stay Hydrated

ফলের রস, ডাবের জল দিয়েই বানানো যায় নানা স্বাদের শরবত। ছবি: ফ্রিপিক।

গরমে প্রাণ ওষ্ঠাগত। বাইরে বেরোলেই চড়া রোদ শরীর থেকে সব জল শুষে নিচ্ছে। এমন সময়ে তেতেপুড়ে ফিরে ঠান্ডা পানীয়ে চুমুক দিতেই মন চায়। তবে বাঙালি আজকাল স্বাস্থ্যসচেতন। গরম লাগছে বলেই নরম পানীয় বা সোডার বোতল কিনে ফেলে না। বরং ঘরে তৈরি পানীয়ে গলা ভেজাতেই বেশি পছন্দ করে। সে পানীয়ে যদি থাকে নানা ফলের স্বাদ, তা হলে তো কথাই নেই। মরসুমি নানা ফল, ডাবের জল মিশিয়ে তৈরি করে ফেলতে পারেন নানা স্বাদের কুলার। তবে জানতে হবে সঠিক পদ্ধতি।

Advertisement

লিচু ও ডাবের কুলার

তাজা লিচুর রস বা দানা ছাড়ানো ১০-১২টি লিচু, সঙ্গে এক গ্লাস ডাবের জল নিয়ে নিন। ব্লেন্ডারে লিচুর শাঁস, ডাবের জল ও বিটনুন মিশিয়ে ভাল করে ব্লেন্ড করে নিন। এ বার গ্লাসে ঢেলে উপর থেকে ডাবের কুচোনো শাঁস এবং পুদিনা পাতা ছড়িয়ে বরফকুচি দিয়ে পরিবেশন করুন। অতিরিক্ত চিনির প্রয়োজন নেই, ডাব ও লিচুর মিষ্টিতেই শরবতের স্বাদ ভাল হবে।

গরমে বানিয়ে নিন নানা স্বাদের শরবত।

গরমে বানিয়ে নিন নানা স্বাদের শরবত।

জামরুল ও ডাবের জলের শরবত

৫-৬টি তাজা জামরুল টুকরো করে নিয়ে তার সঙ্গে ডাবের জল, এক চিমটে বিটনুন এবং সামান্য চাট মশলা দিয়ে ব্লেন্ড করে নিন। জামরুলে জলের পরিমাণ বেশি থাকায় এটি গরমের দিনে জলশূন্যতা রুখতে সাহায্য করবে। গ্লাসে বরফকুচি দিয়ে তার উপর শরবত ঢেলে পরিবেশন করুন।

আনারস ও আদার পাঞ্চ

পাকা আনারসের টুকরো, সামান্য আদার রস, লেবুর রস এবং ঠান্ডা জল একসঙ্গে ব্লেন্ড করে ছেঁকে নিন। আনারসের ‘ব্রোমেলিন’ উৎসেচক হজমশক্তি বৃদ্ধি করে এবং আদা গরমে পেট ঠান্ডা রাখতে সাহায্য করে।

আনারস ও ডাবের মকটেল

আনারসের টুকরো ডাবের জল এবং পাতিলেবুর রস দিয়ে মিক্সারে ঘুরিয়ে নিন। কাচের গ্লাসে কয়েক টুকরো বরফ দিন। যোগ করুন ফ্রিজে ঠান্ডা করে রাখা ছোট ছোট আনারসকুচি এবং সামান্য সৈন্ধব লবণ। উপর থেকে আনারস-ডাবের জলের মিশ্রণ ঢেলে দিন।

Advertisement
আরও পড়ুন