Saina Nehwal Fitness Tips

আমিষ তো একটু খেতেই হবে! ফিট হওয়ার জন্য কী খাওয়ার পরামর্শ দিলেন ব্যাডমিন্টন তারকা সাইনা

শুধু বেশি ট্রেনিং করলেই ভাল ফল মেলে, তা নয়। বরং শরীরের প্রয়োজন অনুযায়ী সঠিক খাবারও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শরীরের শক্তিবৃদ্ধি থেকে ভাল খেলার জন্য প্রয়োজন সুষম আহার। কী কী খেতে বলছেন সাইনা নেহওয়াল?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২০ এপ্রিল ২০২৬ ২০:৪৪
কেন আমিষ খাওয়ার পরামর্শ সাইনার?

কেন আমিষ খাওয়ার পরামর্শ সাইনার? ছবি: সংগৃহীত।

শুধু কঠোর অনুশীলন নয়, সঠিক ডায়েটও প্রয়োজন। এক জন অ্যাথলিটের শরীরে শক্তির জোগান দিতে সুষম আহারের গুরুত্ব অপরিসীম। বিশেষ করে ব্যাডমিন্টনের মতো দ্রুতগতির খেলায় শরীরকে সর্ব ক্ষণ হালকা, সুস্থ এবং চটপটে রাখতে হয়। আর সেই কারণেই প্রোটিনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করেন তারকা খেলোয়াড় সাইনা নেহওয়াল।

Advertisement
সাইনার খাদ্যাভ্যাস।

সাইনার খাদ্যাভ্যাস। ছবি: সংগৃহীত

সম্প্রতি একটি সাক্ষাৎকারে তিনি ব্যাডমিন্টন খেলোয়াড়দের পরামর্শ দেন। শুধু বেশি ট্রেনিং করলেই ভাল ফল মেলে, তা নয়। বরং শরীরের প্রয়োজন অনুযায়ী সঠিক খাবারও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শরীরের শক্তিবৃদ্ধি থেকে ভাল খেলার জন্য প্রয়োজন সুষম আহার। তাঁর কথায়, ‘‘ডায়েটে প্রোটিন যোগ করা বাধ্যতামূলক, আর অনেক সময়ে সামান্য আমিষ খাবারও খেতে হয় শরীরের চাহিদা পূরণে। প্রচুর আমিষ খেতে হবে না। কিন্তু অল্প পরিমাণে সঠিক খাবার খেলে তবেই শরীরের ওজন বাড়বে না।’’

কেন খেলোয়াড়দের জন্য প্রোটিন বাধ্যতামূলক বলছেন সাইনা? পুষ্টিবিদ ও চিকিৎসকদের মতে, প্রোটিন শুধু পেশি গঠনের জন্য নয়, শরীরের সামগ্রিক কর্মক্ষমতা বৃদ্ধির জন্যও জরুরি। পেশি মেরামত, শক্তি বজায় রাখা এবং কঠিন ট্রেনিংয়ের পর দ্রুত পেশিকে সারিয়ে তোলার জন্য দরকারি প্রোটিন। প্রোটিনের অভাব হলে পেশির ক্ষয় থেকে শুরু করে দুর্বলতা, চোট পাওয়ার ঝুঁকি ইত্যাদি বেড়ে যেতে পারে। দীর্ঘ মেয়াদে এটি শরীরের শক্তি এবং রোগ প্রতিরোধ ক্ষমতাকেও প্রভাবিত করতে পারে। তা ছাড়া, ওজন বেড়ে যাওয়ার সম্ভাবনা তো থেকেই যায়। প্রোটিন শরীরের চর্বিহীন মাংসপেশিকে ধরে রাখতে সাহায্য করে এবং ফ্যাট কমানোয় ভূমিকা পালন করে। প্রোটিন হজম করতে শরীর বেশি শক্তি খরচ করে বলে ক্যালোরি ঝরে বেশি। তা ছাড়া, দীর্ঘ ক্ষণ পেট ভরা রাখে প্রোটিন। তাই অতিরিক্ত খাওয়ার প্রবণতা কমানো যায় সহজে।

আমিষ খাবারে সম্পূর্ণ প্রোটিন এবং প্রয়োজনীয় অ্যামিনো অ্যাসিড সহজে পাওয়া যায়। তাই শরীর তা দ্রুত শোষণ করতে পারে। পাশাপাশি এতে ভিটামিন বি১২ এবং আয়রনের মতো গুরুত্বপূর্ণ উপাদানও থাকে। তাই অ্যাথলিটদের জন্য প্রাণিজ প্রোটিন বেশ গুরুত্বপূর্ণ। তবে, নিরামিষ খাবার থেকেও পর্যাপ্ত প্রোটিন পাওয়া সম্ভব, যদি ডায়েটে থাকে ডাল, ডালজাতীয় শস্য, সয়া, বাদাম, দুগ্ধজাত খাবার ইত্যাদি। তবে পুষ্টিবিদের পরামর্শ নিয়ে সঠিক পরিমাণে খেতে হবে, তবেই উপকৃত হবেন।

Advertisement
আরও পড়ুন