তিসির বীজ কী ভাবে খাবেন জানলেই হল না, জেনে নিন তিসি বীজ দিয়ে কী সুস্বাদু খাবার বানাবেন? ছবি: সংগৃহীত।
দেখতে গাঢ় খয়েরি রঙের। ছোট্ট ছোট্ট বীজ। কিন্তু তারই যে এত গুণ, তা অনেকেরই জানা নেই। সামান্য বীজের পুষ্টিগুণের কথা চাউর হতেই ঘরে ঘরে তার কদর। এক সময় যা শুধু ঝাঁ চকচকে আধুনিক ডিপার্টমেন্টাল স্টোরে মিলত, তা-ই এখন পাওয়া যাচ্ছে পাড়ার মুদির দোকানে। জিনিসটি হল তিসিবীজ। তিসি খাওয়ার জল অতীতেও ছিল। তবে সে ভাবে তা জনপ্রিয় হয়নি।
তবে স্বাস্থ্য সচেতনদের ডায়েট তালিকায় এই বীজ এখন প্রায়শই থাকেই। এতে রয়েছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড, ফাইবার, প্রোটিন, ম্যাগনেশিয়াম, অ্যান্টি-অক্সিড্যান্ট। কোষ্ঠকাঠিন্য দূর করা থেকে কোলেস্টেরলের মাত্রা ঠিক রাখা, তিসিবীজের অনেক গুণ। কেউ শক্ত বীজ ছড়িয়ে খান স্যালাডে। কেউ মেখে নেন আটার সঙ্গে।
তিসি বীজ খাওয়ার সঠিক কৌশল
পুষ্টিবিদেরা জানাচ্ছেন বীজের শক্ত খোলাটা হজম করা শক্ত। তার থেকেও বিপজ্জনক হল এটি শুকনো খাওয়া। ছোট বীজ গলায় আটকে যেতে পারে। হজমের সমস্যাও হতে পারে। সেই কারণেই ভাল উপায় হল তিসির বীজ ভিজিয়ে নেওয়া। তিসি রাতভর ভিজিয়ে রাখলে জল টেনে ফুলে ওঠে। বীজের খোসা নরম হয়ে যায়। এক গ্লাস জলে ১ টেবিল চামচ তিসি রাতভর ভিজিয়ে খাওয়া যায়। আবার ভেজানো তিসি মিশিয়ে নিতে পারেন স্মুদি কিংবা স্যালাডের সঙ্গে।
আর একটি উপায় হল তিসির বীজ গুঁড়িয়ে নেওয়া। গুঁড়িয়ে নিলে তিসিবীজের পুষ্টিগুণ শোষণ করা শরীরে পক্ষে সহজ।
কী ভাবে খাওয়া যাবে তিসি?
পুডিং: তিসি বীজ রাতভর অল্প কিছুটা জলে ভিজিয়ে রাখুন। যাতে জল টেনে বীজ ফুলে যায়, কিন্তু অতিরিক্ত জল না থাকে। একটি স্বচ্ছ কাচের গ্লাসে প্রথমে দিন এক থেকে দেড় চামচ ভেজানো তিসি বীজ। তার উপর দিন ভাল করে জ্বাল দিয়ে ঠান্ডা করা ঘন দুধ। যোগ করুন ১ চা-চামচ মধু। একটি পাকা কলা গোল চাকা করে কেটে তাতে দিয়ে দিন। উপর থেকে ছড়িয়ে দিন আখরোট, পেস্তার টুকরো। তা হলেই তৈরি হয়ে যাবে স্বাস্থ্যকর তিসি পুডিং।
তিসির সস্ বা চাটনি: সাদা তিল দিয়ে তৈরি তাহিনির মতো তিসি দিয়ে বানিয়ে ফেলুন চাটনি বা সস্। তবে তা মিষ্টি নয়, হবে নোনতা। তিসি শুকনো কড়াইয়ে নেড়ে নিন। কড়াইয়ে শুকনো লঙ্কা এবং কয়েক কোয়া রসুন সামান্য নুন দিয়ে হালকা নাড়াচাড়া করে নিন। এ বার তিন উপকরণ মিক্সারে ঘরিয়ে গুঁড়ো করে নিন। তার মধ্যে অল্প একটু তেঁতুলগোলা জল যোগ করে আবার ঘুরিয়ে নিন। ঘন থকথকে চাটনি তৈরি হবে।
তিসি-মুসুরের চিলা: ৫-৬ টেবিল চামচ তিসি বীজ গুঁড়িয়ে নিন। এক কাপ ভেজানো মুসুর ডালের সঙ্গে তা মিক্সারের ঘুরিয়ে নিন। যোগ করুন স্বাদমতো নুন। দিয়ে দিন পেঁয়াজ, ধনেপাতা, কাঁচালঙ্কাকুচি। মিশ্রণটি একটু পাতলা হবে। ননস্টিক কড়াইয়ে অল্প তেল ব্রাশ করে চিলার মতো পাতলা করে উল্টে-পাল্টে ভেজে নিন।