রঙের উৎসব রঙিন হোক রংবেরঙের স্বাস্থ্যকর মকটেলে, রইল রেসিপি। ছবি: ফ্রিপিক।
দোলের রঙে যখন চারপাশ রঙিন, তখন বাঙালির আড্ডায় ‘পানীয়’ ছাড়া কি আর জমে? তবে এ বারের দোলটা না হয় একটু অন্য রকম হোক। পাড়ার মোড়ের দোকানের সোডা দেওয়া নরম পানীয় নয়। ভাঙ বা অ্যালকোহলের নেশাও নয়। স্বাস্থ্য সচেতন বাঙালির গ্লাস ভরুক রংবেরঙের ফলের রসে।
আবির রঙে রাঙা হয়ে ঠান্ডা লাল টকটকে তরমুজের মোহিতো বা পুদিনার মকটেলে চুমুক দিলে, ব্যাপারটা বেশ জমে যাবে। সোডার বুদবুদ ছাড়াই চনমনে হয়ে উঠবে শরীর ও মন। তা হলে গ্লাসে গ্লাসে রং মেলাতে তৈরি তো?
রঙের উৎসবে রঙিন মকটেল
ভার্জিন পিনা কোলাডা
১ কাপ আনারসের টুকরো (ফ্রিজে রেখে ঠান্ডা করে নিন), ১ কাপ নারকেলের দুধ, ২ কাপ আনারসের রস এবং মিষ্টির জন্য চিনির সিরাপ বা মধু নিয়ে নিন। ব্লেন্ডারে আনারসের কয়েকটি টুকরো, আনারসের রস, নারকেলের দুধ ও চিনির সিরাপ ভাল করে ব্লেন্ড করে নিন। এ বার গ্লাসে কয়েকটি বরফ দিয়ে তার উপরে মিশ্রণটি ঢালুন। উপরে কয়েকটি আনারসের টুকরো, চেরি ও লেবুর রস মিশিয়ে দিলেই তৈরি হয়ে যাবে মকটেল।
সিন্ডারেলা মকটেল
দেখতে ভারি সুন্দর হয়, হালকা গোলাপি রঙের। একটি কাচের গ্লাসের উপরের প্রান্তে সৈন্ধব লবণ ও লেবু মাখিয়ে নিন। গ্লাসে ঢালুন বরফকুচি। চিনির রস দিন সামান্য। একটু সৈন্ধব লবণ দিয়ে তৈরি করা বেদানার রস ঢেলে দিন। বেদানা পিষে বাড়িতেই রস বানিয়ে নেবেন। এর পর গ্লাসে পুদিনা পাতা ও বেদানা ছড়িয়ে পরিবেশন করুন।
পিঙ্ক কোকোনাট কুলার
ডাবের জল, এক টুকরো বিটরুট (রঙের জন্য) এবং সামান্য গোলাপ জল নিতে হবে। ডাবের জলে বিটরুটের ছোট টুকরো কিছু ক্ষণ ভিজিয়ে রাখলে সুন্দর গোলাপি রং আসবে। এ বার বিটরুট তুলে নিয়ে গোলাপ জল ও বরফ মিশিয়ে দিন। পরিবেশনের আগে পানীয়ের উপর ডাবের শাঁস ছোট ছোট করে কেটে ভাসিয়ে দিতে পারেন।
পার্পল বেরি ব্লাস্ট
খুব সুন্দর বেগনি রং আসবে এই পানীয়ের। কালো আঙুরের রস বা কালোজামের রস, বিটনুন ও সামান্য আমচুর পাউডার নিয়ে নিন। রসটি ভাল করে ছেঁকে নিয়ে তাতে মশলা মিশিয়ে নিন। এ বার থালায় নুন ও লঙ্কাগুঁড়ো ছড়িয়ে গ্লাসটি উল্টে থালায় চেপে ধরুন। গ্লাসের মুখে নুন ও লঙ্কার গুঁড়োর মিশ্রণ লেগে যাবে। এর পর সেই গ্লাসে কয়েকটি বরফকুচি নিয়ে তার উপর ফলের রস ঢেলে দিন।
রুবি রেড ওয়াটারমেলন মোহিতো
পানীয়টি সুন্দর লাল রঙের হবে। এর জন্য লাগবে তরমুজের রস, পুদিনা পাতা, লেবুর রস, সৈন্ধব লবণ এবং বরফকুচি। তরমুজের দানা ছাড়িয়ে রস করে নিন। গ্লাসে পুদিনা পাতা ও লেবু ছেঁচে নিয়ে তাতে তরমুজের রস ও বরফ মিশিয়ে দিন। এই পানীয় শরীরে জলের ঘাটতিও দূর করবে।