Healthy Breakfast Recipes

গরমের দিনে সকালে লুচি-পরোটা নয়, পেট ভাল রাখবে নানা স্বাদের পুষ্টিকর চিলা, রইল কিছু প্রণালী

সকাল সকাল ভাজাভুজি খাওয়া গরমের দিনে মোটেও ভাল নয়। তবে ছুটির দিনে বাঙালির পাতে গরম গরম লুচি বা পরোটারই রাজত্ব। সে দিক থেকে নজর ঘুরিয়ে স্বাস্থ্যের খেয়াল রাখতে যদি তেমনই সুস্বাদু কিছু বেছে নেওয়া যায়, তা হলে ভালই হয়। স্বাদও থাকবে আবার স্বাস্থ্যও।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ৩১ মে ২০২৬ ১২:১৫
These are some protein-rich tasty Chilla Recipes for healthy breakfast

স্বাদের সঙ্গে স্বাস্থ্যের যুগলবন্দি, রইল সুস্বাদু কিছু চিলার রেসিপি। ছবি: ফ্রিপিক।

ঝালে-ঝোলে-অম্বলে বাঙালিও এখন স্বাস্থ্য সচেতন। সকাল সকাল ফুলকো লুচি বা পরোটার বদলে বাঙালিও এখন ওট্‌স বা কিনোয়া খেতে শিখে গিয়েছে। তবে রবিবার বা ছুটির দিন মানেই বাঙালির পাতে গরম গরম লুচি বা পরোটার রাজত্ব। রাজত্ব। তবে ছুটির দিনের আলসেমি মাখা সকালে যদি রসনাতৃপ্তির পাশাপাশি স্বাস্থ্যেরও খেয়াল রাখা হয়, তা হলে মন্দ হয় না। তাই ভাজাভুজিকে বিদায় জানিয়ে এমন জলখাবার বেছে নিতে পারেন যা খেতে সুস্বাদু এবং পুষ্টিকরও। অর্থাৎ, স্বাস্থ্যের সঙ্গে আপোস না করেই স্বাদ বজায় থাকবে ষোলোআনা। সে দিক থেকে চিলা আদর্শ বিকল্প হতে পারে। তা বানানো যায় নানা ভাবেই। প্রোটিনে ঠাসা ও ফাইবারে ভরপুর চিলা কম তেলে বানানো যায় ও দীর্ঘ সময় পেটও ভরিয়ে রাখে।

Advertisement

নানা স্বাদের চিলার রেসিপি

ওট্‌স ও সুজির মুচমুচে চিলা

ওট্‌স ও সুজির মুচমুচে চিলা

ওট্‌স ও সুজির মুচমুচে চিলা

ওট্‌সের ফাইবার ও সুজির প্রোটিন এবং ভিটামিন বি স্বাস্থ্যের জন্য ভাল। জলখাবারে ওট্‌স খেলে দীর্ঘ সময় পেট ভরা থাকে এবং বাড়তি ক্যালোরিও ঝরে যায়। এটি বানানো সহজ। ১ কাপ ওট্‌স ও ১ কাপের মতো সুজি আগে শুকনো খোলায় নেড়ে নিতে হবে। তার পর সেই ওট্‌স ও সুজির সঙ্গে টক দই মিশিয়ে সামান্য জল দিয়ে ঘন ব্যাটার বানিয়ে নিতে হবে। সেটি মিনিট পনেরো ঢাকা দিয়ে রাখুন যাতে সুজি ফুলে ওঠে। এর পর এই মিশ্রণে কুচিয়ে নেওয়া গাজর, বিন, ক্যাপসিকাম, পেঁয়াজকুচি, লঙ্কা ও ধনেপাতাকুচি মিশিয়ে সামান্য নুন ও গোলমরিচ দিয়ে ভাল করে ফেটিয়ে নিয়ে তাওয়ায় অল্প অল্প করে দিয়ে এ পিঠ-ও পিঠ সেঁকে নিতে হবে।

মেথি শাক ও ছাতুর চিলা

মেথি শাক ও ছাতুর চিলা

মেথি শাক ও ছাতুর চিলা

মেথি শাক ও ছাতু দুইই শরীরের জন্য ভাল এবং ওজনও কমায়। ডায়াবিটিসের রোগীদের জন্যও মেথি খুবই স্বাস্থ্যকর। কারণ এটি রক্তে শর্করা নিয়ন্ত্রণে রাখতে পারে। মেথি শাক ও ছাতু দিয়েই পুষ্টিকর চিলা বানানো যায়। এক কাপ ছোলার ছাতুর সঙ্গে জল মিশিয়ে মিহি মিশ্রণ তৈরি করে নিন। একটু ঘন করে মিশ্রণটি বানাবেন। এতে কুচিয়ে নেওয়া মেথি শাক, আধ চামচ জোয়ান, পেঁয়াজকুচি, লঙ্কাকুচি ও ধনেপাতাকুচি মিশিয়ে ব্যাটার বানিয়ে নিন। সবশেষে লেবুর রস দিন। তাওয়ায় সামান্য তেল বা ঘি দিয়ে চিলা সেঁকে নিন। ছোটদের টিফিনেও এই চিলা দিতে পারেন।

পনিরের পুর ভরা মুগ ডালের চিলা

পনিরের পুর ভরা মুগ ডালের চিলা

পনিরের পুর ভরা মুগ ডালের চিলা

এক কাপের মতো মুগ ডাল ৩-৪ ঘণ্টা ভিজিয়ে রাখুন। এ বার আদা ও গোলমরিচ দিয়ে ভেজানো মুগ ডাল ভাল করে বেটে রাখুন। মিশ্রণটি একটি পাত্রে ঢেলে নুন, হিং ও ধনেপাতাকুচি দিয়ে ভাল করে ফেটিয়ে নিন। এ বার এক কাপের মতো গ্রেট করার পনিরের সঙ্গে পেঁয়াজকুচি, চাট মশলা, নুন ও ধনেপাতা মিশিয়ে পুর তৈরি করে নিন। তাওয়ায় সামান্য তেল বা ঘি দিয়ে ব্যাটারটি ধোসার মতো পাতলা করে ছড়িয়ে দিন। চিলাটি যখন প্রায় ভাজা হয়ে আসবে, তখন মাঝখানে পনিরের পুর দিয়ে দিন। এ বার চিলাটি দু’পাশ থেকে মুড়ে গরম গরম পরিবেশন করুন।

পালং শাক ও সুজির চিলা

পালং শাক ও সুজির চিলা

পালং শাক ও সুজির চিলা

এক কাপের মতো পালং শাক, এক কাপের মতো সুজি ও আধ কাপের মতো টক দই একসঙ্গে মিশিয়ে ভাল করে ব্লেন্ড করে নিন। নিন। এতে আদা-লঙ্কা বাটা ও নুন দিন। জল দিয়ে মাঝারি ঘনত্বের ব্যাটার তৈরি করে ১৫ মিনিট রাখুন। এর পর নন-স্টিক তাওয়ায় সামান্য তেল দিয়ে ব্যাটারটি ছড়িয়ে মাঝারি আঁচে ঢাকা দিয়ে রান্না করুন। দুই পিঠ ভাল করে সেঁকে নিন।

Advertisement
আরও পড়ুন