Summer Tips

গরম পড়তেই শিশুকে এসি ঘরে রাখছেন? খুদের অসুস্থতার ঝুঁকি কমাতে কিছু নিয়ম মানছেন কি?

বাড়িতে ছোট শিশু থাকলে কিন্তু এসির ব্যাপারে বাবা-মায়েদের বাড়তি সতর্ক থাকতে হবে। বাতানুকূল যন্ত্র যদি বেশি ক্ষণ চালাতে হয়, তা হলে তাপমাত্রা ঠিক কত থাকা উচিত, কত ক্ষণ একটানা চালানো উচিত, সবটা জেনেশুনে তবেই এসির ব্যবহার করুন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১১ এপ্রিল ২০২৬ ১৬:২৮
এসি ঘরে শিশুকে রাখার আগে কী কী সাবধানতা নেবেন অভিভাবকেরা?

এসি ঘরে শিশুকে রাখার আগে কী কী সাবধানতা নেবেন অভিভাবকেরা? ছবি: সংগৃহীত।

গরম পড়তেই দিনভর বাড়িতে শীতাতপ নিয়ন্ত্রক যন্ত্রটি চালু রাখছেন অনেকে। ঘণ্টার পর ঘণ্টা যদি এসি চলে, তা হলে কিন্তু বিপদ ঘটতেই পারে। ঠান্ডায় যতই প্রাণ জুড়োক, এসি চালাতে হলে নিয়ম মানতেই হবে। বিশেষ করে বাড়িতে ছোট শিশু থাকলে কিন্তু এসির ব্যাপারে বাবা-মায়েদের বাড়তি সতর্ক থাকতে হবে। বাতানুকূল যন্ত্র যদি বেশি ক্ষণ চালাতে হয়, তা হলে তাপমাত্রা ঠিক কত থাকা উচিত, কত ক্ষণ একটানা চালানো উচিত, সবটা জেনেশুনে তবেই এসির ব্যবহার করুন।

Advertisement

গরমের দিনে অনেক শিশুরই ঠিকমতো ঘুম হয় না। এসি চালানো চালানো থাকলে তাদের ঘুমটা ঠিকঠাক হয়, ফলে শিশুদের মস্তিষ্কের বিকাশও ভাল ভাবে হয়। গরমের সময় শিশুর অত্যধিক ঘাম হলে তা থেকে গায়ে ছত্রাকের সংক্রমণ, ঘামাচির মতো সমস্যা শুরু হয়। এসি সেই সব চর্মরোগ হতে বাধা দেয়। অনেক সময় খুদের জ্বর হলে অভিভাবকেরা ঘরের এসি বন্ধ করে রাখেন। তবে সঠিক তামপাত্রায় এসি চালালে কিন্তু জ্বরের সময়েও শিশুকে এসিতে রাখা যায়।

শিশুদের এসিতে রাখার নিয়মকানুন

এসির তাপমাত্রা যদি ১৮ থেকে ২২ -এর মধ্যে থাকে, সে ক্ষেত্রে কিন্তু শিশুর সমস্যা হওয়ার যথেষ্ট কারণ রয়েছে। এসির ফ্যানের হাওয়া যদি সরাসরি শিশুর গায়ে লাগে, তা হলে কিন্তু শিশুর ঠান্ডা লেগে ক্ষতির সম্ভাবনা অনেকটাই বেড়ে যায়।

বাইরে থেকে খেলাধুলো করে শিশু এল। শিশুর শরীর ঘামে ভর্তি। এমন সময় তাকে ঠান্ডা এসির ঘরে ভুলেও ঢোকাবেন না। অনেক সময় বাড়ির একটি ঘরে এসি চলে। শিশু এক বার সেই এসি ঘরে ঢোকে আবার ঘর থেকে বেরিয়ে গরমে খেলাধুলো করে। বার বার মজার ছলে এই প্রক্রিয়া চলতেই থাকে। এমন হলেও মুশকিল। তাপমাত্রার ঘন ঘন পরিবর্তনের কারণে শিশু অসুস্থ হয়ে পড়তে পারে।

এসি চালালে ঘরের তাপমাত্রার সঙ্গে সঙ্গে আর্দ্রতাও কমে যায়। তাই যে সব শিশুর ত্বক খুব শুষ্ক, তাদের কিন্তু চর্মরোগের ঝুঁকি বেড়ে যায়। এই শুষ্ক বাতাসের সংস্পর্শে এসে অনেক শিশুর অ্যালার্জির সমস্যা বেড়ে যায়, সে ক্ষেত্রে বাবা-মায়েদের একটু সতর্ক থাকতে হবে।

বাড়িতে শিশু থাকলে এসির ফিল্টার প্রতি সপ্তাহে পরিষ্কার করুন। সময় মতো সার্ভিসিং করান। এসি বাতাস ঠান্ডা করার পাশাপাশি পরিশোধিতও করে। তাই ফিল্টার অপরিষ্কার থাকলে কিন্তু ঘর দূষিত হবে। শিশুর শ্বাস নিতেও সমস্যা হবে।

কী ভাবে এসি চালাবেন?

১) এসির তাপমাত্রা ২৫-২৮ ডিগ্রির মধ্যে রাখতে হবে।

২) এসির ফ্যান সরাসরি শিশুর দিকে রাখা যাবে না।

৩) এসির সঙ্গে অল্প করে ফ্যান চালিয়ে রাখলে ঘরে বাতাসের চলাচল ভাল ভাবে হবে।

Advertisement
আরও পড়ুন