Health Benefits of Laughter Yoga

ডায়াবিটিসের ঝুঁকি কমবে হাসির মাধ্যমেই! সঠিক কায়দা জানলেই হবে মুশকিল আসান

অনেকেই সুস্বাস্থ্য পেতে যোগাসন করেন। তবে হাসতে হাসতে যোগাসন করেছেন কখনও? কেবল মুখের ঔজ্জ্বল্য ও সৌন্দর্য ধরে রাখাই নয়, শরীরে নানা রোগব্যাধি দূর করতেও এই প্রকার যোগাসনের জুড়ি মেলা ভার।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৮ জুন ২০২৪ ১২:৫২
হাসতে হাসতেই হবে রোগমুক্তি।

হাসতে হাসতেই হবে রোগমুক্তি। ছবি: সংগৃহীত।

কর্মব্যস্ত জীবনে দুশ্চিন্তার অন্ত নেই! অফিসের চিন্তা, পরিবারের চিন্তা, শারীরিক সমস্যা নিয়ে চিন্তা— সব রকম চিন্তার ছাপ পড়ছে ত্বকের উপরেও। বিভিন্ন ঘরোয়া টোটকা, অ্যান্টি-এজিং ক্রিম দিয়ে চেষ্টা করছেন বলিরেখাগুলিকে রুখে দেওয়ার? তবে লাভ হচ্ছে না কোনও কিছুতেই! এক বার যাবতীয় দুশ্চিন্তা ঝেড়ে ফেলে মন খুলে হাসুন তো! সঙ্গে করুন যোগাসন। এতেই লুকিয়ে রয়েছে উজ্জ্বল ঝকঝকে ত্বকের রহস্য। অনেকেই সুস্বাস্থ্য পেতে যোগাসন করেন। তবে হাসতে হাসতে যোগাসন করেছেন কখনও? কেবল মুখের ঔজ্জ্বল্য ও সৌন্দর্য ধরে রাখাই নয়, শরীরে নানা রোগব্যাধি দূর করতেও এই প্রকার যোগাসনের জুড়ি মেলা ভার।

Advertisement

১) মন খুলে হাসলে রক্তচাপ নিয়ন্ত্রিত থাকে। হৃদ্‌স্পন্দনের হার নিয়ন্ত্রণে থাকে। হাসতে হাসতে যোগাসন করলে শরীরে পর্যাপ্ত মাত্রায় অক্সিজেন পৌঁছতে পারে। শ্বাসকষ্টের সমস্যা থাকলে এই যোগাসন দারুণ উপকারী।

২) মস্তিষ্কে চাপ যত কম দেবেন, শরীরের কর্মক্ষমতা ততই বাড়বে। হাসলে শরীরে এন্ডোরফিন ও সেরোটোনিন হরমোনের ক্ষরণ বাড়ে, যা ব্যক্তিকে আনন্দিত ও চাপমুক্ত রাখে। এর ফলে মনমেজাজও থাকে ফুরফুরে। এন্ডোরফিন একটি প্রাকৃতিক বেদনানাশক হিসাবেও কাজ করে। আর সেরোটোনিন হরমোন মানসিক অবসাদ দূর করে।

৩) রোগ প্রতিরোধ ব্যবস্থার উপরও হাসি ইতিবাচক প্রভাব ফেলে। হাসলে শরীর বিশ্রাম ও স্বস্তি পায়, যার ফলে আমাদের রোগ প্রতিরোধ শক্তিও বাড়ে। হাসতে হাসতে যোগাভ্যাস করলে সর্দিকাশি সহজেই দূরে রাখতে পারবেন।

৪) হজম না হলে শরীরে বড়ই অস্বস্তি হয়। সমস্যা কমাতে মুঠো মুঠো ওষুধেই ভরসা রাখেন অনেকে। ওষুধের পরিবর্তে ‘লাফটার যোগ’-এর উপর নির্ভর করতে পারেন। এই উপায় মেনে চললে পেটব্যথা, গ্যাস এমনকি ডায়ারিয়ার প্রতিকারও করা সম্ভব ।

৫) দীর্ঘ দিন ধরে অনিদ্রার সমস্যায় ভুগছেন? নিয়মিত ‘লাফটার যোগ’ অভ্যাস করলে এই সমস্যা দূর হতে পারে। ডায়াবিটিসের সমস্যা থাকলেও এই যোগাসন করতে পারেন। এই আসন রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতেও সাহায্য করে।

কী ভাবে করবেন?

ওয়ার্ম-আপ ব্যায়াম হিসাবে হাততালি দিয়ে শুরু করুন। তালি বাজাতে বাজাতে হাতগুলি উপরে, নীচে এবং চারপাশে ঘোরান। এ বার ডায়াফ্রাম এলাকায় হাত রেখে গভীর শ্বাস নিন। তার পর হাসতে শুরু করুন। ধীরে ধীরে হাসির তীব্রতা বাড়াতে থাকুন, হাত তুলুন এবং প্রাণ খুলে হাসুন। তার পরে হাত নীচে নিয়ে যান এবং হাসি থামান। ৩০ মিনিট মতো এই প্রক্রিয়া চালিয়ে যান।

Advertisement
আরও পড়ুন