Kalbaishakhi in West Bengal

ভোটের মধ্যে বিক্ষিপ্ত বৃষ্টি শুরু বিভিন্ন জায়গায়, সাত জেলায় ভারী বৃষ্টি এবং কলকাতায় কালবৈশাখীরও পূর্বাভাস

বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের সব জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দক্ষিণ ২৪ পরগনা এবং পশ্চিম মেদিনীপুরে হতে পারে ভারী বৃষ্টি। সেখানে কমলা সতর্কতা জারি করা হয়েছে।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ২৯ এপ্রিল ২০২৬ ০৯:২৮
রাজ্য জুড়ে ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

রাজ্য জুড়ে ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। — ফাইল চিত্র।

সকাল থেকে কলকাতা-সহ আশপাশের জেলায় আকাশের মুখভার। পূর্বাভাস ছিল, দ্বিতীয় দফার ভোটের দিন, বুধবার রাজ্যের সব জেলায় ঝড়বৃষ্টি হবে। পূর্বাভাস মতো ইতিমধ্যে কলকাতা-সহ কয়েক জেলায় বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। তবে জেলার সব জায়গায় হচ্ছে না। বৃষ্টির মধ্যেই দক্ষিণবঙ্গের সাত জেলায় ভোটের লাইনে দাঁড়িয়েছেন ভোটারেরা।

Advertisement

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বুধবার দক্ষিণবঙ্গের দুই জেলা, হুগলি ও পশ্চিম মেদিনীপুরে হতে পারে ভারী (৭ থেকে ১১ সেন্টিমিটার) বৃষ্টি। উত্তরবঙ্গে পাঁচ জেলা— দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস। বাকি জেলাগুলিতে হালকা বৃষ্টির পাশাপাশি রয়েছে ঝড়ের পূর্বাভাস। রাজ্য জুড়ে ঝড়বৃষ্টি চলবে সপ্তাহ জুড়ে। কালবৈশাখীর কারণে কমবে দিনের তাপমাত্রা।

বৃহস্পতিবারওদক্ষিণবঙ্গের সব জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দক্ষিণ ২৪ পরগনা এবং পশ্চিম মেদিনীপুরে হতে পারে ভারী বৃষ্টি। সেখানে কমলা সতর্কতা জারি করা হয়েছে। উত্তর ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে ঝড়ের পূর্বাভাস রয়েছে। ওই জেলাগুলিতেও রয়েছে কমলা সতর্কতা। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে হালকা বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিতে ঝড়ের সতর্কতা রয়েছে। আগামী মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় কালবৈশাখীর সতর্কতা রয়েছে।

ঝড়বৃষ্টির কারণে রাজ্যে আগামী দু’দিন সর্বোচ্চ তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস কমবে। তার পরের পাঁচ দিন তাপমাত্রার হেরফের হবে না। সমুদ্রে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বইতে পারে। সে জন্য আগামী শনিবার পর্যন্ত মৎস্যজীবীদের পশ্চিমবঙ্গ এবং উত্তর ওড়িশা উপকূল সংলগ্ন সাগরে যেতে বারণ করা হয়েছে।

দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে বুধবার ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা রয়েছে। বাকি তিন জেলাতেও ঝড়বৃষ্টির সতর্কতা রয়েছে। উত্তরের আট জেলাতেই ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিতে ঝড়ের সম্ভাবনা রয়েছে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে বৃহস্পতিবারও ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা রয়েছে। ওই জেলাগুলিতে আগামী রবিবার পর্যন্ত বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টি চলতে পারে। তবে শুক্রবারের পর থেকে কমলা সতর্কতা জারি করার মতো পরিস্থিতি নেই। শনিবার থেকে উত্তরবঙ্গে ঝড়বৃষ্টির পরিমাণ কমবে। তবে আগামী মঙ্গলবার পর্যন্ত চলবে বিক্ষিপ্ত বৃষ্টি, সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝড় বইবে। উত্তরবঙ্গের আট জেলাতেই আগামী মঙ্গলবার পর্যন্ত রয়েছে হলুদ সতর্কতা।

Advertisement
আরও পড়ুন