Iran-US Conflict

‘ফের সামরিক অভিযানের চেষ্টা করলে সব রণতরী জ্বালিয়ে দেব’! আমেরিকাকে হুমকি ইরানের

ইরান রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এক এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, এ বার তারা ‘রেজিসট্যান্স ফ্রন্ট’-কে আরও বেশি করে কাজে লাগাবে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৯ এপ্রিল ২০২৬ ১০:৪৮
একটি জাহাজকে আটক করেছে মার্কিন বাহিনী। ফাইল চিত্র।

একটি জাহাজকে আটক করেছে মার্কিন বাহিনী। ফাইল চিত্র।

হুঁশিয়ারি এবং পাল্টা হঁশিয়ারি চলছেই। আমেরিকাকে আবার নতুন করে হুমকি দিল ইরান। ফের যদি কোনও রকম সামরিক অভিযানের চেষ্টা করে মার্কিন বাহিনী, তা হলে ওদের সমস্ত রণতরী জ্বালিয়ে দেওয়া হবে।

Advertisement

ইরান রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এক এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, এ বার তারা ‘রেজিসট্যান্স ফ্রন্ট’-কে আরও বেশি করে কাজে লাগাবে। প্রসঙ্গত, পশ্চিম এশিয়ায় ইরান সমর্থিত এই সশস্ত্র বাহিনীর দাপট রয়েছে। পরিস্থিতি যদি অন্য দিকে বাঁক নেয়, তা হলে এ বার ওই গোষ্ঠীকে যুদ্ধের ময়দানে আরও বেশি করে মোতায়েন করবে তেহরান।

ওই আধিকারিকের কথায়, ‘‘ওয়াশিংটন যদি কোনও রকম হামলার পথে যাওয়ার পরিকল্পনা করে, তা হলে এ বার রেজিসট্যান্স ফোর্স-কে কাজে লাগাতে আমরা দু’বার ভাবব না।’’ এর পাশাপাশিই মার্কিন নৌবাহিনীকেও হুঁশিয়ারি দিয়েছেন ওই কর্তা। তিনি এও বলেন, ‘‘আমেরিকা হিসাবে একটু ভুলচুক করলেই ওদের জন্য বিপদ হতে পারে। সমুদ্রে আমেরিকার যত জাহাজ এবং রণতরী আছে, সেগুলিকে বাঁচাতে পারবে না ওরা।’’ প্রসঙ্গত, দ্বিতীয় দফার বৈঠক নিয়ে এখনও সংশয় কাটেনি। তার মধ্যে ইরান সোমবারই জানিয়ে দিয়েছে যে, পরমাণু কর্মসূচি এবং হরমুজ়, এই দু’টি বিষয়কে বাদ দিয়ে আমেরিকা যদি আলোচনায় বসতে চায়, তা হলে তারা রাজি। ইরানের এই প্রস্তাবে অসন্তোষ প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সম্প্রতি এক টিভি চ্যানেলকে মার্কিন বিদেশসচিব মার্কো রুবিয়োকে প্রশ্ন করা হয়েছিল, যদি এই সমঝোতা বৈঠক ব্যর্থ হয়, তা হলে আমেরিকা কী পদক্ষেপ করবে। সরাসরি না বললেও, আমেরিকা যে বড় পদক্ষেপ করতে পারে, তার ইঙ্গিত দিয়েছেন রুবিয়ো। শুধু তা-ই নয়, তিনি এটাও জানিয়েছেন, এ রকম পরিস্থিতি হলে, বাকি সিদ্ধান্ত নেবেন মার্কিন প্রেসিডেন্ট। যুদ্ধবিরতি শেষ হলে পরিস্থিতি কোন দিকে বাঁক নেবে, সে দিকেই তাকিয়ে গোটা বিশ্ব।

Advertisement
আরও পড়ুন