ছবি: (এআই সহায়তায় প্রণীত)।
প্রতিটি গ্রহই যেমন নির্দিষ্ট সময় অন্তর রাশি পরিবর্তন করে, তেমনই অস্তও যায়। গ্রহদের অস্ত যাওয়া জ্যোতিষশাস্ত্রের গুরুত্বপূর্ণ বিষয়গুলির মধ্যে একটি। চলতি বছরের ১ মে, শুক্রবার অস্তমিত হবে বুধ। বর্তমানে বুধ মীন রাশিতে অবস্থান করছে। ৩০ এপ্রিল, বৃহস্পতিবার সে মেষে গোচর করবে। তার পর ১ মে, রাত ১১:০৮ মিনিটে বুধ অস্ত যাবে। এর ফলে লাভবান হওয়ার সম্ভাবনা চার রাশির ব্যক্তিদের। তালিকায় কারা রয়েছে, দেখে নিন।
কোন চার রাশি বুধ অস্ত যাওয়ার ফলে লাভবান হবে?
কর্কট: বুধ অস্ত যাওয়ার পর থেকে আর্থিক ভাবে ভাল সময় শুরু হবে কর্কট জাতক-জাতিকাদের। আটকে থাকা টাকা উদ্ধার হবে। ব্যবসার ক্ষেত্রেও লাভের মুখ দেখতে পাবেন। যে সকল কর্কট জাতক-জাতিকারা বিনিয়োগ করার কথা ভাবছেন, তাঁরা এই সময় নির্দ্বিধায় এগিয়ে যেতে পারেন। মুনাফা পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে।
সিংহ: সিংহ জাতক-জাতিকাদের আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। এর ফলে যে কোনও কাজ আপনারা সাহসের সঙ্গে করে ফেলতে পারবেন। তাতে জয় হবে বলেই মনে করা হচ্ছে। ব্যবসার ক্ষেত্রে ভাল লাভের সম্ভাবনা দেখা যাচ্ছে। নতুন কোনও প্রকল্পে কাজ করার ইচ্ছা থাকলে এই সময় শুরু করতে পারেন। ভাল ফলপ্রাপ্তির সম্ভাবনা দেখা যাচ্ছে।
কন্যা: বুধের অস্তমিত দশা কন্যা জাতক-জাতিকাদের জন্য সুসময় বয়ে আনবে। শিক্ষার্থীরা এই সময় খুব ভাল ফল পাবেন। পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি পাবে। মানসিক চাপ কমবে। কন্যা জাতক-জাতিকারা যে কোনও প্রতিযোগিতায় ভাল ফল পাবেন। কাজের প্রতিও একাগ্রতা বৃদ্ধি পাবে। এর ফলে কর্মক্ষেত্রে ঊর্ধ্বতনদের সুনজরে পড়বেন।
মকর: মকর জাতক-জাতিকাদের সকল পুরনো সমস্যার অবসান ঘটতে চলেছে। বুধ অস্ত হওয়ার পর থেকে এঁদের কর্মক্ষেত্রে চোখে পড়ার মতো উন্নতি লক্ষ্য করা যাবে। এরই সঙ্গে বহু দিনের আকাঙ্ক্ষা পূরণেরও সুযোগ মিলবে। যে কোনও কাজ যুক্তি এবং বুদ্ধি দিয়ে বিচার করতে পারবেন। এর ফলে জীবনের জটিলতাগুলি কাটিয়ে এগিয়ে যেতে সুবিধা হবে।