রোজ কেন দরকার ভিটামিন বি৩? ছবি: সংগৃহীত।
সুস্থ ও সতেজ থাকতে শরীরে যে ক’টি ভিটামিন সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তার মধ্যে ভিটামিন বি৩ বা নায়াসিন অন্যতম। এটি একটি জল-দ্রবণীয় ভিটামিন, যা শরীর বেশি জমিয়ে রাখতে পারে না। তাই প্রতিদিনের খাদ্যতালিকায় ভিটামিন বি৩ রাখা অত্যন্ত জরুরি।
কেন নিয়াসিন বা বি৩ জরুরি?
শক্তি উৎপাদন: রোজ যা খাওয়া হয়, সেই খাবারকে শরীরের প্রয়োজনীয় শক্তিতে রূপান্তর করতে বি৩ প্রধান ভূমিকা নেয়।
হৃদযন্ত্রের সুরক্ষা: এটি শরীরে ‘ভাল’ কোলেস্টেরল বা এইচডিএল বৃদ্ধি এবং ‘খারাপ’ কোলেস্টেরল বা এলডিএল কমাতে এবং ট্রাইগ্লিসারাইড কমাতে সাহায্য করে, যা হার্ট অ্যাটাকের ঝুঁকি কমায়।
মস্তিষ্ক ও স্নায়ুতন্ত্র: স্নায়ুতন্ত্রকে সচল রাখতে এবং মানসিক অবসাদ দূর করে মস্তিষ্কের কার্যকারিতা বাড়াতে এটি কাজ করে।
ত্বকের ঔজ্জ্বল্যবৃদ্ধি: ত্বককে সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে বাঁচাতে এবং ডিএনএ মেরামতে নিয়াসিন অপরিহার্য। এর অভাবে ‘পেলাগ্রা’ নামক মারাত্মক চর্মরোগ হতে পারে।
কোন কোন খাবারে পাবেন ভিটামিন বি৩?
ভিটামিন বি৩-এর উৎসকে প্রধানত দুটি ভাগে ভাগ করা যায়—
প্রাণিজ উৎস : মুরগির মাংস, মেটে, কাতলা-রুই-ইলিশ-মাগুর-ভেটকি মাছ এবং ডিম।
উদ্ভিজ্জ উৎস : চিনেবাদাম, মাশরুম, লাল চাল, সূর্যমুখীর বীজ, সবুজ মটরশুঁটি ও নারকেল
যা মনে রাখা দরকার
যাঁদের ডায়েটে প্রোটিন সমৃদ্ধ খাবার বেশি থাকে, তাঁদের শরীরে সাধারণত বি৩-এর ঘাটতি হয় না। কারণ, প্রোটিনে থাকা ‘ট্রিপটোফ্যান’ নামক অ্যামিনো অ্যাসিডকে লিভার সহজেই ভিটামিন বি৩-তে রূপান্তর করতে পারে।