Astrological Tips for income

অনলাইনে জামাকাপড়ের ব্যবসা শুরু করেছেন? জ্যোতিষমতে কয়েকটি নিয়ম মানলেই পড়বে লক্ষ্মীর শুভ দৃষ্টি

জ্যোতিষবিদ্যা অনুযায়ী, অনলাইনে জামাকাপড়ের ব্যবসায় উন্নতি ও সাফল্যের জন্য মূলত বুধ, শুক্র এবং শনি— এই তিনটি গ্রহের অবস্থানকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়।

Advertisement
বাক্‌সিদ্ধা গার্গী
শেষ আপডেট: ১৫ জুন ২০২৬ ১৪:০০

ছবি: (এআই সহায়তায় প্রণীত)

অনলাইন মাধ্যমের জামাকাপড়ের ব্যবসা শুরু করলে তার মূল চাবিকাঠি হল— কাপড়ের গুণগত মান, দুর্দান্ত পরিষেবা এবং ব্যবসার প্রচার। তবে অনেক সময় দেখা যায়, পরিশ্রম এবং সঠিক পরিকল্পনার সঙ্গে এই নিয়মগুলি মেনে চলার পরেও ব্যবসায় লাভ হচ্ছে না। জ্যোতিষবিদ্যা অনুযায়ী, অনলাইনে জামাকাপড়ের ব্যবসায় উন্নতি ও সাফল্যের জন্য মূলত বুধ, শুক্র এবং শনি—এই তিনটি গ্রহের অবস্থানকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। শুক্র ফ্যাশন, জামাকাপড় এবং বিলাসিতার কারক গ্রহ। বুধ ব্যবসা-বাণিজ্য, যোগাযোগ এবং অনলাইন বা ই-কমার্স প্ল্যাটফর্মের কারক গ্রহ। অন্য দিকে, শনি স্থায়ী ব্যবসা এবং কঠোর পরিশ্রমের ফল দেওয়ার কারক গ্রহ। অনলাইনে জামাকাপড়ের ব্যবসায় ইতিবাচক শক্তির প্রবাহের পাশাাপাশি বিক্রি বাড়ানোর জন্য কিছু সহজ এবং কার্যকরী নিয়ম নিয়ে নীচে বিস্তারে আলোচনা করা হল—

Advertisement
  • যে জায়গায় জামাকাপড় জমিয়ে রাখেন সেই জায়গাটি সব সময় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখুন। নিয়মিত সাদা চন্দন বা গোলাপের সুগন্ধি ব্যবহার করতে পারেন। এর ফলে শুক্র প্রসন্ন হন।
  • অনলাইন ব্যবসার মূল ভিত্তি হল সঠিক যোগাযোগ এবং বুদ্ধিমত্তা। বুধকে শক্তিশালী করতে বুধবার কোনও শুভ কাজ শুরু করা বা নতুন সামগ্রী বিক্রি করা ভাল। তা ছাড়া বুধবার সবুজ রঙের কোনও জিনিস বা গাছ নিজের কাজের জায়গায় রাখতে পারেন।
  • অনলাইন ব্যবসার ক্ষেত্রে আপনার সংস্থার লোগো এবং ওয়েবসাইটের রং বাছাই খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ব্যবসার শ্রীবৃদ্ধির জন্য লোগো বা ওয়েবসাইটে সাদা, হালকা গোলাপি, ঘিয়ে বা হালকা নীল রঙের ব্যবহার শুভ বলে মনে করা হয়। এগুলি শুক্রের রং। খুব বেশি গাঢ় বা কালো রঙের আধিক্য এড়িয়ে চলাই ভাল।
  • অনলাইন ব্যবসার একটি বড় অংশ হল ডেলিভারি পরিষেবা। বাস্তুমতে, কোনও অর্ডার ডেলিভারির জন্য প্যাক করা পার্সেলগুলি ঘরের উত্তর-পশ্চিম কোণে রাখুন। এই কোণটি গতিশীলতার প্রতীক। ফলে অর্ডার দ্রুত ক্রেতার কাছে পৌঁছোবে এবং তা ফেরত আসার সম্ভাবনা কমবে।
  • জামাকাপড় সব সময় ঘরের দক্ষিণ-পশ্চিম বা উত্তর-পূর্ব দিকে রাখতে পারেন। এর ফলে ব্যবসায় স্থায়িত্ব আসে বলে মনে করা হয়।
  • যখন ল্যাপটপ বা মোবাইলে অর্ডার নেওয়া থেকে শুরু করে ব্যবসার অন্যান্য কাজ করবেন তখন উত্তর বা পূর্ব দিকে মুখ করে বসার চেষ্টা করুন। উত্তর দিককে কুবেরের দিক বলা হয়, যা নতুন অর্ডারের সুযোগ বাড়াতে সাহায্য করে।
  • প্রতি দিন সকালে ল্যাপটপ বা কম্পিউটারে কাজ শুরু করার আগে মা লক্ষ্মী এবং গণেশকে স্মরণ করে কাজ শুরু করুন।
  • প্রতি শুক্রবার সকাল এবং সন্ধ্যাবেলায় মা লক্ষ্মীকে ক্ষীর নিবেদন করুন। প্রতি শুক্রবার এই কাজ করতে না পারলেও অন্তত প্রতি পূর্ণিমায় ক্ষীর নিবেদন করলে ব্যবসায় উন্নতি ঘটবে।
  • রোজ সকাল এবং সন্ধ্যায় ১০৮ বার ‘শাম শুক্রায় নমো’ মন্ত্র জপ করতে পারেন। ঠাকুরঘর অথবা কর্মক্ষেত্রে বসেও এই মন্ত্রোচ্চারণ করা যেতে পারে।
  • গলায় ক্রিস্টালের জপমালা পরতে পারেন। এর ফলে শুক্রের অবস্থান মজবুত হবে এবং মা লক্ষ্মীর কৃপা পাবেন।
  • জামাকাপড়ের ব্যবসা চলাকালীন কালো পোশাক না পরাই ভাল। সাদা পোশাক বেশি পরুন। বিশেষ করে শুক্রবার সাদা রঙের পোশাক পরিধান করলে ব্যবসায় লাভ হয়।
  • জীবনসঙ্গীর সঙ্গে অকারণে অশান্তি এড়িয়ে চলুন। তার ফলে কোষ্ঠীতে শুক্রের অবস্থান মজবুত হবে এবং ব্যবসায় অতি দ্রুত উন্নতি করতে পারবেন।
Advertisement
আরও পড়ুন