ছবি: (এআই সহায়তায় প্রণীত)
বাস্তুশাস্ত্র অনুযায়ী, ঘরের প্রতিটি আসবাব এবং বৈদ্যুতিন সামগ্রী রাখার একটি নির্দিষ্ট দিক বা শক্তি কোণ রয়েছে। ফ্রিজ যে হেতু একই সঙ্গে ঠান্ডা অর্থাৎ জলীয় গুণ এবং তাপ ও বিদ্যুৎ অর্থাৎ অগ্নি গুণ উৎপন্ন করে, তাই এটি রাখার ক্ষেত্রে সঠিক দিক নির্বাচন করা খুবই জরুরি। বাস্তু নিয়ম না মেনে ভুল দিকে ফ্রিজ রাখলে পরিবারে বহু সমস্যা দেখা দিতে পারে। ভুল দিকে ফ্রিজ রাখলে উপার্জনের চেয়ে পরিবারের সদস্যদের খরচ হঠাৎ বেড়ে যেতে পারে।
সঞ্চয়ে বাধা আসে এবং টাকাপয়সা ধরে রাখা কঠিন হয়। ভুল দিকে এটি রাখলে ঘরের শক্তির ভারসাম্য বিগড়ে যায়। ফলে পরিবারের সদস্যদের মধ্যে অযথা ভুল বোঝাবুঝি, খিটখিটে মেজাজ এবং মানসিক চাপ বৃদ্ধি পায়। এমনকি, বুদ্ধির বিকাশ এবং কেরিয়ারের নতুন সুযোগ আসার পথে বাধা সৃষ্টি করে। বাস্তুশাস্ত্র অনুসারে ফ্রিজ রাখার সঠিক দিক এবং কোন দিকে ফ্রিজ রাখা শুভ নয়, সেগুলি নিয়ে নীচে বিস্তারে আলোচনা করা হল—
দক্ষিণ-পশ্চিম দিক
বাস্তুমতে ফ্রিজ রাখার জন্য সবচেয়ে আদর্শ এবং শুভ দিক হল দক্ষিণ-পশ্চিম কোণ। এই দিকে ফ্রিজ রাখলে তা পরিবারের স্থায়িত্ব এবং সমৃদ্ধি বাড়াতে সাহায্য করে। তবে ফ্রিজটি যেন একদম দেওয়ালের সঙ্গে লেগে না থাকে তা খেয়াল রাখবেন। দেওয়াল থেকে ফ্রিজটি অন্তত ৬-৯ ইঞ্চি দূরে রাখুন।
পশ্চিম দিক
দক্ষিণ-পশ্চিম কোণে জায়গা না হলে ঘরের পশ্চিম দিকেও ফ্রিজ রাখা যেতে পারে। এই দিকটি বাস্তুমতে একটি ভাল বিকল্প হিসাবে ধরা হয়।
উত্তর-পশ্চিম দিক
আপনি ঘরের উত্তর-পশ্চিম দিকেও ফ্রিজ রাখতে পারেন। তবে এই দিকে ফ্রিজ রাখলে ভিতরে রাখা সামগ্রী খুব দ্রুত খরচ বা ব্যবহার হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে।
দক্ষিণ দিক
ঘরের দক্ষিণ দিকেও ফ্রিজ রাখা যায়। তবে বাস্তুশাস্ত্র অনুযায়ী, এই দিকে ফ্রিজ রাখলে তার মুখ যেন উত্তর বা পূর্ব দিকে থাকে তা খেয়াল রাখতে হবে।
উত্তর-পূর্ব দিক
উত্তর-পূর্ব কোণ বা ঈশান কোণকে বাস্তুমতে অত্যন্ত পবিত্র এবং জল উপাদানের দিক ধরা হয়। ফ্রিজ যে হেতু তাপ উৎপন্ন করে, তাই এই দিকে ফ্রিজ রাখা সম্পূর্ণ নিষিদ্ধ।
দক্ষিণ-পূর্ব দিক
বাস্তুশাস্ত্র অনুসারে, এই দিকটি হল অগ্নিকোণ। ফ্রিজে ঠান্ডা এবং গরম দুই রকমের উপাদানই থাকে। তাই সরাসরি অগ্নিকোণে ফ্রিজ রাখলে এর শক্তির ভারসাম্য নষ্ট হয়।