ছবি: (এআই সহায়তায় প্রণীত)।
চাপ প্রায় সকলের জীবনেই রয়েছে। বয়স বৃদ্ধির সঙ্গে দায়িত্ব বাড়ে, চাপের পাল্লাও ভারী হয়। কিছু মানুষ রয়েছেন যাঁদের সর্ব ক্ষণের সঙ্গী উদ্বেগ। যে কোনও বিষয় নিয়েই তাঁরা ভাবতে বসে যান। কয়েক জন আবার ঠান্ডা মাথায় কাজ করতে বেশি পছন্দ করেন। এঁরা জানেন যে, ভেবে লাভ নেই। তাই ভাবনার থেকে কাজের উপরই বেশি জোর দেন। তবে অতিরিক্ত চাপ নেওয়া, দুশ্চিন্তা করা— বেশির ভাগ ক্ষেত্রেই এই ধরনের নেগেটিভ ব্যাপারে কারও নিয়ন্ত্রণ থাকে না। জটিল পরিস্থিতিতে কপালে ঘামের বিন্দু প্রায় সকলেরই দেখা যায়। জ্যোতিষশাস্ত্র জানাচ্ছে, এই বছর পাঁচ রাশির জাতক-জাতিকাদের অপরের তুলনায় একটু বেশিই চাপের সম্মুখীন হতে হবে। বিশেষ করে ফেব্রুয়ারির পরবর্তী সময় থেকে এঁদের জন্য বছরটি একটু কঠিন হতে চলেছে। তালিকায় কারা, জেনে নিন।
মেষ: চলতি বছরে মেষের জাতক-জাতিকাদের ধৈর্যের বাঁধ ভাঙতে চলেছে। বহু দিন ধরে করে চলা পরিশ্রমের ফল পাওয়ার জন্য আপনারা মরিয়া হয়ে চেষ্টা করবেন। তা সত্ত্বেও ফল না মেলায় সব কিছুতেই বিরক্তি প্রকাশ পাবে। কোনও কাজে মনস্থির করতে পারবেন না। মনের মধ্যে সর্বদা উদ্বেগ কাজ করতে পারে। তবে ধৈর্য ধরে রাখতে সক্ষম হলে ফলের পরিবর্তন নিশ্চিত।
মিথুন: মিথুন রাশির জাতক-জাতিকারা সিদ্ধান্ত নিতে ব্যর্থ হবেন। এর ফলে নানা সুযোগ হাতছাড়া হয়ে যাবে। সেই কারণে যে কাজ সহজেই হয়ে যেত, তা করতে বেগ পেতে হবে। কাজ করতে যে মিথুনের জাতক-জাতিকারা ব্যর্থ হবেন তা নয়, তবে কাজটা চাপের মধ্যে করতে হবে। এর ফলে ভুল হওয়ার প্রবণতা দেখা যাবে। মাথা ঠান্ডা রেখে এগিয়ে চললে অবস্থার পরিবর্তন ঘটতে পারে।
সিংহ: চলতি বছরে সিংহের জাতক-জাতিকারা নিজেদের যোগ্যতা নিয়ে সংশয়ে ভুগবেন। আপনাদের কোনও কাজই মনের মতো হবে না। সব খারাপের জন্য নিজেকেই দোষী মনে হবে। সিংহের জাতক-জাতিকাদের আত্মবিশ্বাসও ক্ষুণ্ণ হবে। সাহসের জায়গায় মনের কোণে একটা ভীতি ও উদ্বেগ কাজ করবে। প্রতি দিন ধ্যান করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে।
কুম্ভ: কুম্ভ রাশির ব্যক্তিরা উন্নতির নানা সুযোগ পাবেন, কিন্তু সেগুলির সদ্ব্যবহার করতে পারবেন না। দুশ্চিন্তায় বেশির ভাগ সময় কেটে যাবে। এর ফলে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে উঠতে পারবেন না। পিছিয়ে পড়তে হবে। ফলে উদ্বেগ বৃদ্ধি পাবে। মন অস্থির থাকলে কোনও একটা বিষয়ে মনস্থির করতেও সমস্যা হবে। সব কাজের দায়িত্ব একসঙ্গে নিজের কাঁধে নিয়ে নেবেন না। তা হলে সমস্যা কিছুটা হলেও কমবে।
মীন: শনির সাড়েসাতি চলছে মীন রাশির জাতক-জাতিকাদের। এর ফলে এঁরা এমনিতেই উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছেন। যে কোনও কাজ করতে গিয়ে বাধার সম্মুখীন হতে হবে এঁদের। এর ফলে উদ্বেগ আরও বৃদ্ধি পাবে। শত চেষ্টা করেও কাজে মন বসাতে পারবেন না। দায়িত্ব বৃদ্ধি পাবে। বাস্তবের সঙ্গে তাল মিলিয়ে চলার চেষ্টা করুন। সফল নিশ্চই হবেন।